চট্টগ্রামের হাটহাজারীতে পূজা শেষে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় উজ্জ্বল শীল (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ও হাটহাজারী সীমান্তের নাজিরহাট রাস্তার মাথায় মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত উজ্জ্বল শীলের মেয়ে এবং সিএনজিচালিত অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
তাঁদের দুজনকে উদ্ধার করে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত উজ্জ্বল শীল ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীলবাড়ি এলাকার বিভূতিভূষণ শীলের ছেলে।
দুই সন্তানের জনক উজ্জ্বল শীল নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।
তিনি ফকিরহাট ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এবং ‘ঋদ্ধিমা ক্লথ স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে হাটহাজারীতে লক্ষ্মীপূজায় অংশ নিতে গিয়েছিলেন উজ্জ্বল শীল।
পূজা শেষে রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে সড়কের পাশে পার্ক করে রাখা একটি ট্রাকের পেছনে তাঁদের অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়।
এতে উজ্জ্বল শীল, তাঁর মেয়ে এবং অটোরিকশাচালক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে উজ্জ্বল শীলের মৃত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. শামসুজ্জামান জানান, ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন।
এই দুর্ঘটনাটিকে কেন্দ্র করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।