টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১৪:৩৮
টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৫) যৌথ অভিযানে গ্রেপ্তার ওই তরুণের নাম মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০)।

তিনি এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুছনী বাজারের জহির আহাম্মদ মার্কেটের সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও এসআরবি-১৫ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মো. হোসেন মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর কক্ষের বাসিন্দা।

তাঁর বাবার নাম মৃত কামাল হোসেন এবং মায়ের নাম বেগম বাহার।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি অভিযান চালিয়ে সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার এই আসামিকে গ্রেপ্তার করে।

হত্যাকাণ্ডে জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনতে যৌথ গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এসআরবি-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে।