চকরিয়ায় বাস ও অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১৭:৪৯
চকরিয়ায় বাস ও অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে এক রাতের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক এবং এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী বাজার স্টেশন এলাকা এবং ডুলাহাজারা কলেজের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক মনিরুল খালেদ রনি (৪০) এবং ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার মৃত যতিন্দ্র মোহন দের ছেলে পল্লী চিকিৎসক বাবুল দে (৫৫)।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-ব-১১-০৭৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে খুটাখালী বাজার স্টেশন মসজিদের সামনে পার্কিং করা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক মনিরুল খালেদ রনি এবং মোটরসাইকেলের অপর আরোহী আবু বক্কর (৩২) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজনের সহায়তায় আহত আবু বক্করকে চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল এবং রনিকে ঈদগাহ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে রনিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে রাত আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ডুলাহাজারা বাজার ফার্মেসি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ডুলাহাজারা কলেজের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন পল্লী চিকিৎসক বাবুল দে।

নিহত বাবুল দের ছেলে রনি দে জানান, তিনি নিজেও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে তিনি মহাসড়কে তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আহত অবস্থায় বাবুল দেকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘাতক গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশকে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ জানান নিহতের ছেলে রনি দে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই মো. সেলিম মিয়া এই দুই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুটাখালী বাজার স্টেশন এলাকা থেকে ঘাতক সৌদিয়া বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, বুধবার সকালে আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।