চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বামনসুন্দর এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
তিনি কাটাছড়া ইউনিয়নের ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে রাজনৈতিক মামলায় দুজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং সিআর পরোয়ানাভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতটি মামলায় মাদকসেবীদের তিন থেকে ছয় দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জোরারগঞ্জ ইউনিয়নের হারুন মিয়ার ছেলে আবু ছালেক রনি (২৪) ও মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. আলমগীর (৫০)।
এছাড়া ওচমানপুর ইউনিয়নের মোহাম্মদ মোস্তফার ছেলে মো. আবুল কাশেম এবং তাজুল ইসলামের ছেলে মো. সহিদুল ইসলাম প্রকাশ শিশু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পাশাপাশি করেরহাট ইউনিয়নের আবু মনছুরের ছেলে মো. সাহেদ হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।