মুঠোফোন দুটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এসবিতে; এসপি জাহাঙ্গীর আলমকে আটকের তথ্য নাকচ করলেন ডিআইজি

এসপির ফোন গেল ফরেনসিকে, নেপথ্যে তথ্য ফাঁসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ০১:১২
আরআরএফের এসপির বিরুদ্ধে তদন্ত, ফোন গেল ফরেনসিকে

রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোনই জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তাঁদের প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, জব্দ করা মুঠোফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, “সেখানে কোনো ধরনের সংবেদনশীল তথ্য আদান-প্রদান কিংবা রাজনৈতিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেলে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হবে।”

পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা এবং বিভাগীয় গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের কিছু প্রাথমিক অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে তলব করেন। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তথ্য ফাঁসের প্রাথমিক কিছু আলামত পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন দুটি জব্দ করার সিদ্ধান্ত হয়।

তবে এ ঘটনার পর এসপি জাহাঙ্গীর আলমকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তা নাকচ করে দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

তিনি বলেন, “প্রশাসনিক কিছু তথ্যের সত্যতা যাচাইয়ের জন্যই এসপি জাহাঙ্গীর আলমকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে পদোন্নতি ও বদলিসূত্রে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পান।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পরই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো বিভাগীয় শাস্তিমূলক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।