কক্সবাজারে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং দুই পায়ের হাঁটুতে ব্যান্ডেজ দিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সজীব পাল (৩০) এবং আব্দুর রাজ্জাক (৬৫)।
সজীব পালের বাবা সুধাংশু পাল এবং আব্দুর রাজ্জাকের মৃত বাবা আমির হোসেন ও মৃত মা কুলসুমা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল এই দুই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় অভিযান চালানো হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের মিনিবাসে তল্লাশি চালানো হয়।
বাসটির এ-৩ নম্বর আসনে বসে থাকা আব্দুর রাজ্জাককে সন্দেহ হলে তাঁর শরীর তল্লাশি করা হয়।
এ সময় তাঁর ডান ও বাম পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো পলি প্যাকেটে আট হাজার ইয়াবা পাওয়া যায়।
পাশাপাশি তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচরে ১০টি জিপারলক প্যাকেটে আরও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজ পাড়া ফাতের ঘোনা এলাকার বাসিন্দা।
তাঁর বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন।
এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ঝাউতলা হলিডে মোড় এলাকায় অপর অভিযানটি পরিচালিত হয়।
এসএ পরিবহনের পার্সেল ও কুরিয়ার সার্ভিস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সজীব পালকে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সজীবের হাতে থাকা সাদা সিনথেটিক বস্তার ভেতরে ‘নিরাপদ স্যানিটারি ন্যাপকিন’ লেখা ৪০টি প্যাকেট ছিল।
ওই প্যাকেটগুলোর মাঝখানে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো সাতটি বান্ডেল থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ কেজি ৩৩০ গ্রাম এবং এ সময় তাঁর পকেট থেকে একটি ভিভো ওয়াই-১৯ মডেলের স্মার্টফোন জব্দ করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় কক্সবাজার সদর থানায় মামলা করেছেন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান।