শনিবার থেকে শুরু হচ্ছে বাপেক্সের কারিগরি কার্যক্রম

উখিয়ার আগুনঝরা কূপে লুকিয়ে বড় গ্যাস মজুত?

নিজস্ব প্রতিবেদক◎ কক্সবাজার
১৩ নভেম্বর ২০২৬, ২৩:৪৮
উখিয়ার আগুনঝরা কূপে লুকিয়ে বড় গ্যাস মজুত?

সমুদ্রের পাড়ের ছোট্ট গ্রাম ছোট ইনানী। সেখানে পানির জন্য খোঁড়া একটি নলকূপের মুখে আগুন জ্বলছে টানা ১৮ দিন ধরে। দিনে কিংবা রাতে, একই তেজে।

এবার সেই আগুনের উৎস, অর্থাৎ ভূগর্ভের গ্যাস নিয়ন্ত্রণে এনে তা উত্তোলনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এর কারিগরি কার্যক্রম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করেছে লরি আর ক্রেন। নামানো হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় সরঞ্জাম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তুতি শেষ হলেই শুরু হবে নিয়ন্ত্রিত খনন ও গ্যাস উত্তোলনের কাজ।

যেভাবে শুরু

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খনন করা হচ্ছিল। প্রায় এক হাজার ফুট গভীরে পৌঁছাতেই ভূগর্ভ থেকে বেরিয়ে আসে প্রাকৃতিক গ্যাস। মুহূর্তেই ধরে যায় আগুন।

সেই আগুন আর নেভেনি।

ঘটনার পর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে নজরে রেখেছে। বিস্ফোরণ ও ভূমিধসের মতো ঝুঁকি বিবেচনায় ঘটনার পরপরই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নিরাপত্তায় কাজ করছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও আরও জানান, বাপেক্সের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। গ্যাসের চাপ ও প্রবাহ, আগুন নিয়ন্ত্রণ এবং ভূগর্ভের গঠন বিবেচনায় নিয়ে নিরাপদে গ্যাস উত্তোলনের পদ্ধতি ঠিক করা হচ্ছে।

চাপ স্থিতিশীল, বাড়ছে আশা

বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ মোটামুটি স্থিতিশীল পাওয়া গেছে।

তাঁর ভাষ্য, নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং পরে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস মজুত থাকতে পারে। টানা ১৮ দিন প্রায় একই চাপ ও প্রবাহে গ্যাস বের হওয়াকে তাঁরা সম্ভাব্য বড় মজুতের ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রকৃত মজুত কিংবা বাণিজ্যিক সম্ভাবনা জানা সম্ভব নয়।

হতে পারে ৩১তম গ্যাসক্ষেত্র

দেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, শাহজাদপুর-সুন্দলপুর, শ্রীকাইল ও ভোলা নর্থসহ বিভিন্ন ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইনানীতে পর্যাপ্ত মজুত নিশ্চিত হলে এবং বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনা তৈরি হলে এটি হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

সে সম্ভাবনা বাস্তব হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে, কমবে আমদানিনির্ভরতা।

আপাতত ইনানীর মানুষের চোখ সেই জ্বলন্ত কূপের দিকেই। যে আগুন ১৮ দিন ধরে আতঙ্ক ছড়িয়েছে, সেটিই হয়তো একদিন দেশের জ্বালানির নতুন ঠিকানা হয়ে উঠবে।