সকালে দুবাই থেকে ফিরে বিকেলেই মারা গেলেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ০০:১৯
সকালে দুবাই থেকে ফিরে বিকেলেই মারা গেলেন প্রবাসী

চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ প্রবাস জীবন শেষে দুবাই থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ব্রেইন স্ট্রোকে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই প্রবাসীর নাম মো. এনামুল হক (৫৮)।
তিনি উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক।
সেখানে একটি কোম্পানিতে সেলাই কাজের ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

২০২৩ সালের শেষের দিকে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে এবং সেখানে অপারেশন শেষে সুস্থ হওয়ার পর তিনি আবারও কাজে যোগ দেন।

দীর্ঘ প্রবাস জীবন শেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দর থেকে চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে সকাল ৯টার দিকে তিনি নিজ বাড়িতে ফেরেন।

বাড়িতে আসার পর দুপুর ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।

এ সময় পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান।

বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. বিকাশ হালদার জানান, বেলা ১২টার সময় রোগীকে সেখানে নেওয়া হয়।

তিনি উল্লেখ করেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোগীকে চট্টগ্রামে রেফার করা হয় এবং তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে ধারণা করা হয়।

অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে এনামুল হকের মৃত্যু হয়।

এনামুল হকের ভাতিজা আশরাফ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর তিনটি কন্যাসন্তান রয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।