ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেপ্তার

প্রস্রাব করার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালানোর চার ঘণ্টা পর মো. ইয়াসিন নামের এক মাদক কারবারিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে তিনি পালিয়ে যান।
পরে রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
ইয়াসিন ফটিকছড়ির জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে ইয়াসিনকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল।
সে সময় তাঁর কাছ থেকে চার গ্যালন মদ উদ্ধার করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেপ্তারের পর তাঁকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন।
একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ তিনি সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র মল্লিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
পরে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের হাত ফসকে আসামি পালিয়ে গেলেও অভিযান চালিয়ে কয়েক ঘণ্টা পর তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
ইতিমধ্যে আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন।





আপনার মতামত লিখুন