রাত ৯টা ২৩ মিনিটের বার্তা যেভাবে বদলে দিল এসপির ভাগ্য

রোববার, ৮ নভেম্বর। রাত তখন ৯টা ২৩ মিনিট।
চট্টগ্রামের এক পুলিশ সুপারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ থেকে ইংরেজিতে ছোট একটি বার্তা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক পলাতক নেতার কাছে। মামলার এজাহার বলছে, বার্তাটির মূল কথা ছিল একটাই: ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে।
৩৪ মিনিট পর, রাত ৯টা ৫৭ মিনিটে, আরেকটি বার্তা যায়। এটি আগেরটির চেয়ে লম্বা, আর আবেগে ভরা। তাতে লেখা ছিল, ‘স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি।’
পরদিন সোমবার সকালে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি ইমেইল পৌঁছায়। লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স সেই ইমেইলে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চায়। বার্তা সংস্থা রয়টার্স একে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার পথে তাঁর সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে বর্ণনা করে।
এই দুই ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র এখনো তদন্তে প্রতিষ্ঠিত হয়নি। তবে দুটিতেই ঘুরেফিরে এসেছে একটি শব্দ: ডিসেম্বর।
এর ঠিক এক সপ্তাহ পর, আজ রোববার বিকেলে, সেই পুলিশ সুপারকে কড়া পাহারায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তখন তাঁর মাথায় ছিল হেলমেট।
তিনি মোহাম্মদ জাহাংগীর আলম। চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার। ২৮তম বিসিএসের এই কর্মকর্তা পুলিশে যোগ দেন ২০১০ সালের ১ ডিসেম্বর। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় আদালত আজ তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুরো ঘটনাপ্রবাহের কেন্দ্রে আছে দুটি মুঠোফোন। পুলিশ বলছে, ফরেনসিক পরীক্ষায় অভিযোগের সত্যতা মিলেছে। তাঁর স্ত্রী বলছেন, মুঠোফোন হ্যাক করে বার্তাগুলো পাঠানো হয়েছে। মামলাটি শেষ পর্যন্ত কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে আদালতে এই ডিজিটাল আলামত কতটা টেকে, তার ওপর।
সাত দিনে যা ঘটল
মঙ্গলবার, ১০ নভেম্বর। নির্ভরযোগ্য একটি সূত্র থেকে প্রাথমিক তথ্য পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী এসপি জাহাংগীরকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। তাঁকে রাখা হয় নজরদারিতে।
পরদিন তাঁকে আটকের গুঞ্জন ছড়ায়। ডিআইজি তখন আটকের খবর নাকচ করে জানান, শুধু মুঠোফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জব্দ করা মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা হয়। ডিআইজির ভাষায়, দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরে প্রতিবেদনও পাঠানো হয়।
শনিবার, ১৪ নভেম্বর। জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সেদিনই আসে। রাতে পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার মো. আবুল কাসেম চৌধুরী। এর পরপরই সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা-পুলিশ পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে।
রোববার, ১৫ নভেম্বর। বেলা তিনটার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা চার দিন মঞ্জুর করেন।
অর্থাৎ মুঠোফোন জব্দ থেকে রিমান্ড পর্যন্ত সময় লেগেছে ঠিক পাঁচ দিন।
অনুমোদনের জন্য অপেক্ষা কেন
পুলিশের হাতে মুঠোফোন ছিল মঙ্গলবার থেকেই। তবু মামলা হয়েছে শনিবার রাতে। এর কারণ আইনের একটি শর্ত।
ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের অভিযোগ আদালতে আমলে নেওয়ার আগে সরকারের অনুমোদন লাগে। এ কারণেই জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়। সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, অনুমোদন পাওয়ার পর সেই রাতেই গ্রেপ্তার করা হয়।
এই শর্তের উদ্দেশ্য হলো, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর অভিযোগ যেন যথাযথ যাচাই ছাড়া মামলায় না গড়ায়।
মুঠোফোনই যখন প্রধান সাক্ষী
এজাহারে বার্তাগুলোর সময় মিনিট ধরে উল্লেখ করা হয়েছে। ডিআইজি বলছেন, এর মধ্যে দুটি বার্তা মামলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটিতে ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে ফিরিয়ে আনার কথা আছে। অন্যটিতে আছে ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার কথা।
অন্যদিকে আসামিপক্ষের মূল যুক্তি হ্যাকিং। রিমান্ড শুনানির পর জাহাংগীরের স্ত্রী মাসুমা আক্তার সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী নির্দোষ এবং কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর দাবি, মুঠোফোন হ্যাক করে বার্তাগুলো পাঠানো হয়েছে।
দুই পক্ষের এই দাবি যাচাইয়ের পথ আইনেই আছে। ২০২২ সালে সাক্ষ্য আইন সংশোধন করে আদালতে ডিজিটাল তথ্যপ্রমাণ উপস্থাপনের সুযোগ তৈরি করা হয়। একই সংশোধনীতে বলা হয়েছে, আদালতের সন্দেহ হলে বা কোনো পক্ষ আপত্তি তুললে ডিজিটাল সাক্ষ্যের ফরেনসিক পরীক্ষা করা যাবে।
ফলে হ্যাকিংয়ের দাবি প্রমাণ বা খণ্ডনের ভার শেষ পর্যন্ত যাবে ফরেনসিক প্রক্রিয়া আর আদালতের মূল্যায়নের ওপর।
রিমান্ডের চার দিনে তদন্তকারীদের সামনে প্রশ্ন একটাই নয়। বার্তাগুলো কে পাঠিয়েছেন, শুধু সেটাই নয়। কাদের কাছে গেছে, বিনিময়ে কী এসেছে, আর এর সঙ্গে আর কেউ জড়িত কি না, সেগুলোও খুঁজতে হবে।
অভিযোগ শুধু বার্তায় সীমিত নয়
রেঞ্জ কার্যালয়ের একটি সূত্রের বরাতে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাংগীরের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে পাঠানোর অভিযোগও আছে।
পুলিশের একটি সূত্র আরও জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। সে সময় থেকেই দলটির নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চাকরিবিধিতেও বিষয়টি গুরুতর। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার ২৫(১) বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বা কোনোভাবে সহায়তা করতে পারেন না।
ডিআইজি জানিয়েছেন, ফৌজদারি মামলার পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও চলবে। জাহাংগীরকে সাময়িক বরখাস্ত করা এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত কি না, সেটা বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি জানান।
ডিসেম্বরের প্রেক্ষাপট
শেখ হাসিনা জুলাইয়ে রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
তাঁর পাসপোর্টের আবেদন সরকার সঙ্গে সঙ্গে নাকচ করেছে। সরকারের অবস্থান হলো, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠাতে হবে, এর জন্য পাসপোর্ট লাগে না। এ অনুরোধে ভারত এখনো সাড়া দেয়নি।
ক্যালেন্ডারে ডিসেম্বর আসতে বাকি ১৬ দিন।
তার আগেই তদন্তকারীদের হাতে আছে চার দিন, আর জব্দ করা দুটি মুঠোফোন। সেই মুঠোফোন কার হয়ে কথা বলবে, ফরেনসিকের দেওয়া উত্তরের পক্ষে না স্ত্রীর হ্যাকিংয়ের দাবির পক্ষে, সেটাই এখন এই মামলার কেন্দ্রীয় প্রশ্ন।





আপনার মতামত লিখুন