খুঁজুন
, ,
বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, ২৯ জনের নামে মামলা

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, ২৯ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি · ২৫ নভেম্বর ২০২৬, ২১:১৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে বিএনপির মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ, নেতা-কর্মীদের মারধর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

হামলায় আহত নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হোছাইন (৩৭) বাদী হয়ে মঙ্গলবার রাতে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন। তিনি নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগরের একটি সড়ক প্রদক্ষিণ করার সময় রাজনৈতিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, হামলাকারীরা ধারালো রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন এবং তাঁর মাথায় একাধিক সেলাই দিতে হয়। এ ছাড়া হামলায় মিছিলে থাকা আরও ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেল আগুনে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এতে মোটরসাইকেলের আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে বাদী দাবি করেছেন।

মামলার বাদী মো. হোছাইন হামলার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, হামলার ঘটনায় পাওয়া এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন: অশান্ত ফটিকছড়িতে দুই দিনে দুই হামলা, মিলছে না উত্তর

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও