চকরিয়ায় মহাসড়কের তলদেশে সুড়ঙ্গ, পাইপ জব্দ

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে আঞ্চলিক মহাসড়কের নিচে সুড়ঙ্গ খুঁড়ে বালু উত্তোলনের পাইপ বসানোর ঘটনায় বেশ কিছু পাইপ জব্দ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
গত দুই দিন ধরে সড়কের দুই পাশের মাটি কেটে এই সুড়ঙ্গ তৈরি করায় জনগুরুত্বপূর্ণ চকরিয়া-লালব্রিজ-পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের (এবিসি সড়ক) তলদেশ হুমকির মুখে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চকরিয়া উপকূলের মাতামুহুরী উপজেলার কোনাখালীর বাঘগুজারা সেতুর পাশে এই অভিযান চালানো হয়।
চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ ও উপসহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সওজের কর্মকর্তারা অভিযান চালিয়ে পাইপগুলো জব্দ করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, বাঘগুজারা সেতুর দক্ষিণ পাশে শাহাবুদ্দিনের মুদিরদোকান সংলগ্ন এবিসি সড়কের দুই পাশের মাটি কেটে গত সোমবার ও মঙ্গলবার রাতে সুড়ঙ্গ তৈরি করে বালু উত্তোলনের পাইপ বসানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, বাঘগুজারা সেতু পয়েন্ট থেকে বালু উত্তোলনে জড়িত বালু ব্যবসায়ী নাছির উদ্দীনের নেতৃত্বে স্থানীয় মোহাম্মদ ইদ্রিস সরকারি সড়ক কেটে এই সুড়ঙ্গ তৈরি করেছেন।
জানতে চাইলে বালু ব্যবসায়ী নাছির উদ্দীন সরকারি সড়ক কেটে বালু উত্তোলনের পাইপ বসানোর সত্যতা স্বীকার করলেও নিজে এ কাজে জড়িত নন বলে দাবি করেন।
তিনি জানান, মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তি পাশের কয়েকটি পরিবারের বাড়িভিটা ভরাটের জন্য বালু উত্তোলনের উদ্যোগ নিয়েছেন এবং সেজন্যই সড়ক কেটে সুড়ঙ্গ তৈরি করছেন।
অন্যদিকে অভিযুক্ত মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, পাইপ বসানোর আগে বাঘগুজারা সেতু পয়েন্টে আগে থেকে বালু উত্তোলনকারীদের কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে এবং বালু উত্তোলন করলে তাঁদের কমিশন দেওয়ার বিষয়ে কথা হয়েছে।
তবে জেলা প্রশাসন কর্তৃক ইজারাপ্রাপ্ত ওই বালুমহালের অংশীদার ও বিএমচর ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ ইব্রাহিম জানান, তাঁরা কাউকে বালু উত্তোলন বা সরকারি সড়ক কেটে সুড়ঙ্গ তৈরি করে পাইপ বসানোর অনুমতি দেননি।
তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর পরামর্শ দেন।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও শাহীন দেলোয়ার জানান, সরকারি সড়ক কেটে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
একই বিষয়ে কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনউদ্দিন খালেদ চৌধুরী জানান, রাতের আঁধারে আঞ্চলিক মহাসড়ক কেটে সুড়ঙ্গ বানিয়ে পাইপ বসানোর বিষয়টি তাঁর জানা ছিল না।
বিষয়টি অবগত হওয়ার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চকরিয়া সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু পাইপ জব্দ করে সওজের চকরিয়া কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
অভিযানের খবর টের পেয়ে জড়িতরা পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি জানান, নির্বাহী প্রকৌশলীর পরবর্তী নির্দেশনার আলোকে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: চকরিয়া ভেঙে নতুন মাতামুহুরী থানা স্থাপনে নিকারের অনুমোদন





আপনার মতামত লিখুন