সেন্টমার্টিনে পরিবেশ দূষণ: সেন্ট ক্যাসেল রিসোর্টকে ৩ লাখ জরিমানা

ড্রেজারসদৃশ যন্ত্র দিয়ে পাম্প করে সরাসরি সমুদ্রে এবং অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ‘সেন্ট ক্যাসেল’ রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।
অভিযানকালে দ্বীপের বিভিন্ন রিসোর্টের পরিবেশগত অবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। শুরুতে সেন্ট ক্যাসেল রিসোর্ট কর্তৃপক্ষ বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়টি অস্বীকার করলেও সরেজমিন তদন্তে এর প্রমাণ শনাক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টিও প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিসোর্টটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও কয়েকটি রিসোর্ট কর্তৃপক্ষকে পরিবেশ সংরক্ষণে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচ কর্মীরা সহায়তা করেন।
অভিযান শেষে মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট জব্দ, প্রধান মাঝির কারাদণ্ড





আপনার মতামত লিখুন