উখিয়ায় এক মাস পর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে, এবার খনন শুরু

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় টানা এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং বিশেষ ‘ডাইভার্ট লাইনের’ মাধ্যমে গ্যাসের নির্গমন পথ পরিবর্তন করে এ আগুন নেভানো হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই তথ্য জানিয়েছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, আগুন নেভানো সম্ভব হলেও কূপের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। পরবর্তী ধাপে ‘ড্রিল পাইপ’ প্রবেশ করিয়ে কূপটি আরও ১ হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। খননকাজের সময় ভূগর্ভস্থ চাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হবে বিশেষ কাদামিশ্রণ বা মাড।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১ হাজার ফুট পর্যন্ত খনন সফলভাবে শেষ হলে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় কাদামিশ্রণ প্রয়োগ করা হবে। এরপর তৈরি করা হবে ভূগর্ভস্থ গ্যাসের স্থায়ী নির্গমন পথ। পরবর্তী ধাপে ভূতাত্ত্বিক ও ভূকম্পন (সিসমিক) জরিপ চালিয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কূপটিতে গ্যাসের সম্ভাবনা যাচাই করে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।
এর আগে গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ মাটির নিচ থেকে তীব্র বেগে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর টানা এক মাস সেখানে আগুন জ্বলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা কয়েক ধাপে কারিগরি পদক্ষেপ নেন। সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন ও ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাস নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলেই কূপের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন বন্ধ করা সম্ভব হয়েছে।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার অর্থ এই নয় যে কূপটিতে নিশ্চিত বাণিজ্যিক মজুত রয়েছে। পূর্ণাঙ্গ খননকাজ ও ভূতাত্ত্বিক জরিপের তথ্য বিশ্লেষণের পরই এখানে মজুত বা বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি স্পষ্ট হবে।





আপনার মতামত লিখুন