সেবা ব্যাহত হলে পৌর কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: প্রতিমন্ত্রী

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কিংবা নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ পৌর কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অথচ যে কর্মশালায় তিনি এই সতর্কবার্তা দিলেন, সেখানেই আমন্ত্রিত ৬১টি পৌরসভার ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত ছিলেন।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অর্থ ব্যয়ে এমন গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আসেননি। এটি দুঃখজনক, এতে কর্মশালার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলায় পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এ অবস্থা থেকে বের হতে ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণ করতে হবে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন তিনি।
নাগরিক সেবায় হয়রানি ও দুর্নীতির প্রসঙ্গও উঠে আসে প্রতিমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, কিছু পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা পরিকল্পিতভাবে বন্ধ রেখে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সোলার প্যানেল স্থাপনের বরাদ্দ পেয়েও যেসব পৌরসভা তা অব্যবহৃত রেখেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাব ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, এ কারণে অনেক যোগ্য পৌরসভা এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে জেলা সদরের এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা নিতে হবে।
এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু রাস্তাঘাট নির্মাণে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির ব্যবস্থা, খাল ও জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণের দিকেও নজর দিতে হবে।
সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী চার বছরে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে ৪১ লাখ নারীকে এর আওতায় আনা হবে।
পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানকে রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, পৌর নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।





আপনার মতামত লিখুন