খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
জাতীয়

সমালোচক মানেই প্রতিপক্ষ নয়, বিতর্কের মূল্যবোধ জাতীয় জীবনেও জরুরি: টিআইবি

সাভারে ৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু

সমালোচক মানেই প্রতিপক্ষ নয়, বিতর্কের মূল্যবোধ জাতীয় জীবনেও জরুরি: টিআইবি
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৬, ২১:১১

বিতর্কের অন্যতম প্রধান সৌন্দর্য ও মূল্যবোধ হলো পরমতসহিষ্ণুতা, অন্যের মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা এবং যুক্তি দিয়ে দ্বিমত খণ্ডন করা। এই মূল্যবোধ শুধু প্রতিযোগিতার মঞ্চেই নয়, বরং ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বরং সঠিক তথ্য-উপাত্তের ওপর দাঁড়িয়ে ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতাই একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি।

শুক্রবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ৩২টি বিতর্ক দলের বিতার্কিক, মডারেটর ও বিচারকমণ্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান টিআইবির নির্বাহী পরিচালক।

তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মূল চালিকাশক্তি উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির প্রত্যক্ষ কোনো দায় না থাকলেও সাধারণ মানুষকেই এর চরম মূল্য দিতে হয়। দুর্নীতি না থাকলে মানুষের ন্যায্য অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করা সহজ হতো। তিনি আরও উল্লেখ করেন, দেশে যদি মধ্যম মাত্রায়ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো, তবে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) অন্তত ২ থেকে ৩ শতাংশ বাড়ত। আর কার্যকরভাবে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করা গেলে বছরে প্রায় ১৬ বিলিয়ন (১ হাজার ৬০০ কোটি) ডলারের সমপরিমাণ অর্থ পাচার ঠেকানো সম্ভব হতো।

বক্তব্যে দুর্নীতি প্রতিরোধের চারটি মৌলিক পূর্বশর্তের কথা তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, প্রথম ও প্রধান শর্ত হলো রাজনৈতিক সদিচ্ছা। যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব রয়েছে, তাদের দুর্নীতি দমনে আপসহীন ও আন্তরিক হতে হবে। দ্বিতীয় শর্ত হলো জবাবদিহি ও আইনের নিরপেক্ষ প্রয়োগ। কোনো ভয়ভীতি বা অনুকম্পার ঊর্ধ্বে উঠে অপরাধীর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে। তৃতীয় শর্ত হলো দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা, যাতে তারা কোনো চাপ ছাড়াই দায়িত্ব পালন করতে পারে। আর চতুর্থ শর্তটি হলো জনগণের সচেতনতা ও সক্রিয় প্রতিরোধ। সেবাপ্রত্যাশী সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ আয়োজনের মাধ্যমে সমসাময়িক নানা বিষয়ে ধারণার পাশাপাশি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধন তৈরি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, অংশ নেওয়া তরুণ বিতার্কিকেরা সমাজে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার দূত হিসেবে সক্রিয় ভূমিকা রাখবেন।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সততা ও যুক্তিনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে চতুর্থবারের মতো ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্সআপ দলকে ৩০ হাজার এবং শ্রেষ্ঠ বিতার্কিককে ১০ হাজার টাকার আর্থিক পুরস্কারসহ স্মারক ও সনদ দেওয়া হবে। আসরের শীর্ষ আটটি দল পরবর্তী আয়োজনে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে। এ ছাড়া জেন্ডার সমতা নিশ্চিত করতে প্রতিযোগিতার প্রতিটি দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক ডিসিসহ তিনজনকে মারধর, তুলে দেওয়া হলো পুলিশের হাতে

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

জাতীয় থেকে আরও