খুঁজুন
, ,
সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬
সংবাদ

চকরিয়ায় আগুনে শিক্ষার্থীর মৃত্যু, পাশে দাঁড়াল প্রশাসন ও রেড ক্রিসেন্ট

চকরিয়ায় আগুনে শিক্ষার্থীর মৃত্যু, পাশে দাঁড়াল প্রশাসন ও রেড ক্রিসেন্ট
নিজস্ব প্রতিবেদক
চকরিয়া · ১৬ নভেম্বর ২০২৬, ২২:১৪

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু এবং আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির খোঁজখবর নেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

এ সময় তিনি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থসহ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।

সহায়তা প্রদানকালে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দীলিপ দে এবং চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো. ইশফাতুল হাসান ইশফাত সেখানে উপস্থিত ছিলেন।

ইউএনও শাহীন দেলোয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দুর্যোগের এই সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

একই দিন সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে যান চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন এবং প্রবাসী রুহুল আমিন।

তাঁদের সঙ্গে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সরওয়ার ও সাধারণ সম্পাদক এইচ এম নুরুল আমিনও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাতে অগ্নিকাণ্ডের খবর শুনে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে চিকিৎসার বিষয়ে সার্বিক সহায়তা দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা (করাইয়া ঘোনা) এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা ফজল কাদেরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা তাঁর দুই ছেলে মাদরাসা শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৪) কিছু বুঝে ওঠার আগেই আগুনে গুরুতর দগ্ধ হয়।

পরে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আহত ওমর ফারুক মারা যায় এবং গুরুতর আহত অপর ভাই মোহাম্মদ আবদুল্লাহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

মাদরাসা পড়ুয়া এই দুই ভাইয়ের এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসী হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সংবাদ থেকে আরও