খুঁজুন
, ,
রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬
Uncategorized

সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৫

সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৫
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৬, ১৪:০৫

চট্টগ্রামের সাতকানিয়ায় পৈতৃক জমিতে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

জমি পরিমাপে নিজেদের কোনো অংশ না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরও পরিকল্পিতভাবে এই হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে মিরসরাইয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টায় সাতকানিয়ার কেরানীহাটের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহান।

সংবাদ সম্মেলনে মো. শাহজাহান জানান, পরিবারের তিন ভাই ও দুই বোনের মধ্যে পৈতৃক সম্পত্তি বণ্টনের পর প্রত্যেকে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছিলেন।

প্রায় তিন মাস আগে নিজেদের অংশে একটি পাকা বসতঘর নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ সেখানে নিজেদের অংশ দাবি করে বাধা দিতে থাকে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে নির্মাণাধীন ঘরের জায়গায় প্রতিপক্ষের কোনো অংশ নেই বলে নির্ধারিত হয়। এরপরও তারা সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

মো. শাহজাহান অভিযোগ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে নির্মাণাধীন ঘরে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয়। প্রতিবাদ করলে তারা পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় বড় ভাই মো. ইউসুফের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় এবং এলোপাতাড়ি মারধরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ ছাড়া আরেক ভাই শাহ আলমের পায়ে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহেদা বেগম অভিযোগ করেন, ভাইকে রক্ষা করতে গেলে তাঁকে ধারালো দা দিয়ে আঘাত করা হয়। এরপর তাঁকে মারধর করে শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

এই হামলায় তাঁদের মা মোস্তফা খাতুন এবং ভাগনে মুরাদ হাসানও আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত সবাইকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা নির্মাণাধীন ঘরের সেন্টারিংয়ের বাঁশ, কাঠ ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করেছে। এ ছাড়া প্রায় এক টন লোহার রড, ইট, কংক্রিটসহ কয়েক লাখ টাকার মালামাল তারা লুট করে নিয়ে যায়।

যাওয়ার সময় অভিযুক্তরা হুমকি দিয়ে যায় যে, পুনরায় ঘর নির্মাণের চেষ্টা করলে কিংবা থানায় বা আদালতে গেলে হত্যা করে লাশ গুম করা হবে এবং মিথ্যা মামলায় জড়ানো হবে।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

Uncategorized থেকে আরও