খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
মতামত

চট্টগ্রামের পণ্ডিতবিহার: মাটির নিচে ঘুমিয়ে থাকা বাঙালির হারানো বিদ্যাপীঠ

তিব্বতি পুঁথি, আরাকানি লিপি আর ৬৬টি বুদ্ধমূর্তির সূত্র ধরে আনোয়ারার দেয়াঙ পাহাড়ে হারিয়ে যাওয়া এক বিদ্যাপীঠের খোঁজ

চট্টগ্রামের পণ্ডিতবিহার: মাটির নিচে ঘুমিয়ে থাকা বাঙালির হারানো বিদ্যাপীঠ
আনোয়ারার ঝিওরী এলাকায় ঝোপজঙ্গলে ঢাকা টিলাভূমি। দেয়াঙ পাহাড়ের এই জনপদেই প্রাচীন পণ্ডিতবিহার ছিল বলে মনে করেন অনেক গবেষক। ছবি: জিন্নাত আয়ুব
জামাল উদ্দিন
১০ নভেম্বর ২০২৬, ১৩:২৪

কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারার দেয়াঙ পাহাড়। সবুজ টিলার ভাঁজে ছোট ছোট গ্রাম, শ্যাওলা ধরা পুরোনো দিঘি, ঝোপে ঢাকা উঁচু ভিটা। এখানে মাটি একটু খুঁড়লেই বেরিয়ে আসে প্রাচীন ইটের টুকরো, কারুকাজ করা পোড়ামাটির ভাঙা অংশ। স্থানীয় মানুষ জায়গাগুলোকে চেনেন মগভিটা, মগখোলা, মগরাজার দিঘি, হাতিখেদা, বীণাপুকুর, রামচন্দ্র দিঘি নামে। এসব নামের আড়ালে চাপা পড়ে আছে এক হারানো বিদ্যাপীঠের গল্প। তার নাম পণ্ডিতবিহার।

তিব্বতি পুঁথি, আরাকানি লিপি আর মাটির নিচ থেকে উঠে আসা বুদ্ধমূর্তির সূত্র ধরে অনেক গবেষক মনে করেন, এই পাহাড়েই ছিল প্রাচীন বাংলার অন্যতম উচ্চশিক্ষাকেন্দ্র। নালন্দা, বিক্রমশীলা কিংবা সোমপুরের মতো এখানেও দূরদূরান্ত থেকে আসতেন বৌদ্ধ আচার্য ও শিক্ষার্থীরা। আর বাংলা ভাষার প্রথম নিদর্শন চর্যাপদের সঙ্গেও অনেকে জুড়ে দেন এই বিহারের নাম।

দক্ষিণ-পূর্ব এশিয়া আর ভারতীয় উপমহাদেশের সংযোগস্থল চট্টগ্রাম। প্রাচীনকাল থেকেই বৌদ্ধ সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই অঞ্চল। আরাকানের ইতিহাসগ্রন্থ ‘রাজোয়াং’ অনুযায়ী, ১৪৬ খ্রিস্টাব্দে মগধের রাজা চন্দ্রসূর্য সৈন্যসামন্ত নিয়ে চট্টগ্রাম ও আরাকান অধিকার করেন। তাঁর সঙ্গে আসা মগধের হিন্দু ও বৌদ্ধ সেনারা এখানে ধর্ম প্রচার করেন। আরাকানে তিনি প্রতিষ্ঠা করেন মহামুনি বুদ্ধমন্দির। এরপর পঞ্চম শতক পর্যন্ত চট্টগ্রাম ও আরাকান একটি অখণ্ড রাজ্য হিসেবে এই রাজবংশের শাসনে ছিল।

পণ্ডিতবিহার ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ আছে। কারও মতে চন্দ্রসূর্য রাজবংশের আমলেই এর সূচনা। তবে দশম শতকে পট্টিকেরা ও চট্টগ্রাম যখন চন্দ্রবংশীয় রাজাদের অধীনে, তখন বিহারটি আন্তর্জাতিক খ্যাতি পায় বলে বেশির ভাগ বর্ণনায় উঠে আসে।

ঝিওরী এলাকায় লতাগুল্ম ও ঝোপে ঢাকা উঁচু ভূমি
লতাগুল্ম আর ঝোপে ঢেকে আছে ঝিওরীর উঁচু ভূমি। দেয়াঙের এমন টিলা আর ভিটার নিচেই পণ্ডিতবিহারের চিহ্ন খোঁজেন গবেষকেরা। ছবি: জিন্নাত আয়ুব

যেখানে পড়াতেন সিদ্ধাচার্যেরা

চট্টগ্রামের কৃতী সন্তান, তিব্বত বিশেষজ্ঞ শরৎচন্দ্র দাস (১৮৪৯-১৯১৭) এবং তিব্বতি ঐতিহাসিক লামা তারনাথের লেখা থেকে পণ্ডিতবিহারের কিছু ছবি পাওয়া যায়। তাঁদের বর্ণনা অনুযায়ী, এখানে মূলত মহাযান ও তান্ত্রিক বৌদ্ধধর্মের শিক্ষা দেওয়া হতো।

বিহারের প্রধান আচার্য ছিলেন পটিয়ার চক্রশালার এক ব্রাহ্মণ সন্তান, তিলোপা। তিনি প্রজ্ঞাভদ্র নামেও পরিচিত। মগধের খ্যাতিমান আচার্য নারোপা তাঁর কাছেই দীক্ষা নিয়েছিলেন। তিব্বতি জ্ঞানকোষ ‘তেঙ্গুর’-এ প্রজ্ঞাভদ্রের লেখা ছয়টি গ্রন্থের উল্লেখ আছে, যার মধ্যে রয়েছে ‘দোহাকোষ’ ও ‘মহামুদ্রোপদেশ’। শবরপা, লুইপা, অবধূতপা, অনঙ্গবজ্রসহ আরও অনেক খ্যাতনামা সিদ্ধাচার্য এখানে অধ্যাপক বা অতিথি হিসেবে এসেছিলেন বলে জানা যায়।

চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়েও একটি জনপ্রিয় মত জড়িয়ে আছে এই বিহারের সঙ্গে। আরাকানের রাজা সুলতেইং চন্দ্র ৯৫৩ খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনে চট্টগ্রামে অভিযান চালান। যুদ্ধে দুই পক্ষের বহু সৈন্য মারা যায়। রক্তক্ষয় দেখে অনুতপ্ত রাজা আর যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং ফিরে যাওয়ার আগে একটি পাথরের স্তম্ভ স্থাপন করেন। তাতে খোদাই করা ছিল ‘চাই তাঃ গং’, আরাকানি ভাষায় যার অর্থ ‘যুদ্ধ করা অনুচিত’। কোনো কোনো পণ্ডিতের মতে, এই শব্দবন্ধ থেকেই একসময় ‘চট্টগ্রাম’ নামের জন্ম।

মাটির নিচে লুকানো সাক্ষ্য

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬০ সালে চট্টগ্রামের শাসনভার পাওয়ার কিছুদিন পর দেয়াঙ পাহাড়ে ইটে বাঁধানো ছোট একটি গুহার সন্ধান মেলে। ভেতরে পাওয়া যায় আরাকানি ভাষায় খোদাই করা একটি রুপার পাত। ইংরেজ শাসক সেটি কলকাতায় পাঠান। ১৭৯০ সালে স্যার জন শোর লিপিটির অনুবাদ প্রকাশ করেন। লিপি অনুযায়ী, ৯০৪ সনের ১৪ মাঘ রাজা চান্ডিলা তাঁর গুরুর পরামর্শে সেখানে একটি উপাসনালয় গড়ার পরিকল্পনা করেন। গুহায় রাখা হয়েছিল ১২০টি ছোট পিতলের মূর্তি, ২০টি মাঝারি মূর্তি, একটি বড় পাথরের মূর্তি এবং পিতলের পাত্রে রক্ষিত দুটি পবিত্র অস্থি।

এরপর দীর্ঘ নীরবতা। ১৯২৭ সালের ফেব্রুয়ারিতে আনোয়ারার ঝিওরী ও হাজিগাঁও গ্রামের সীমানা থেকে একসঙ্গে উঠে আসে ৬৬টি ধাতব বুদ্ধমূর্তি। স্থানীয়দের বর্ণনায়, মূর্তিগুলো ঢাকা ছিল কচ্ছপের পিঠের মতো আকারের বিশাল এক কালো পাথরে। খবর পেয়ে তখনকার চট্টগ্রামের কালেক্টর মূর্তিগুলো উদ্ধার করে কলকাতায় প্রত্নতত্ত্ব বিভাগে পাঠান। আজ এর ৫৯টি আছে কলকাতার ভারতীয় জাদুঘরে, ৫টি আশুতোষ সংগ্রহশালায় এবং ২টি মুম্বাইয়ে। কিন্তু ভারী পাথরটি থেকে যায় গ্রামেই। দেখতে আসা মানুষের ভিড়ে আতঙ্কিত গ্রামবাসী ভেবেছিলেন, সরকার হয়তো পুরো এলাকা অধিগ্রহণ করবে। তাই তাঁরা পাথরটি মাটিচাপা দিয়ে রাখেন। সেটি নিয়ে আজও কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান হয়নি।

আনোয়ারার ঝিওরী গুচ্ছগ্রামের টিনের ঘর, উঠান ও বড় গাছ
আনোয়ারার ঝিওরী গুচ্ছগ্রাম। এই ঝিওরী ও পাশের হাজিগাঁওয়ের সীমানা থেকেই ১৯২৭ সালে উঠে এসেছিল ৬৬টি ধাতব বুদ্ধমূর্তি। ছবি: জিন্নাত আয়ুব

সপ্তম থেকে একাদশ শতকের মহাযানী শিল্পরীতির এই মূর্তিগুলো পণ্ডিতবিহারের অবস্থান নিয়ে বহু জল্পনার অবসান ঘটায়। পরে ১৯৮৩ সালে কাছের খিলপাড়া ও কৈনপুরা গ্রামেও পাওয়া যায় আরও কিছু বুদ্ধমূর্তি ও প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ। প্রত্নতত্ত্ববিদ অশোক ভট্টাচার্য তাঁর ‘ঝেওয়ারি ব্রোঞ্জ বুদ্ধাজ’ গ্রন্থে লিখেছেন, ঝিওরীতে শিল্পকেন্দ্র থাকার সরাসরি প্রমাণ না মিললেও দেয়াঙের অংশ হিসেবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ঝিওরী থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে বড়উঠান। দেববংশীয় রাজাদের রাজধানী ছিল এখানে। আজও আছে রাজা কান্তিদেবের দিঘি, ভবানী রাজার ভিটা, নিয়াজ রাজার বাড়ি। বিষমরাজার বাড়ি নামের পাহাড়ি এলাকায় মাটির নিচে চাপা পড়া দালানের চিহ্ন এখনো চোখে পড়ে। দক্ষিণে পাহাড়ঘেঁষা প্রায় ৭০ ফুট লম্বা একটি পাথরের বাঁধ। জনশ্রুতি বলে, একসময় এর পাশ দিয়েই বয়ে যেত শঙ্খ নদী। নদীভাঙন থেকে বিহার রক্ষার জন্যই নাকি তৈরি হয়েছিল বাঁধটি। পাশেই ছিল নৌকার ঘাট, যা আজ লোকে চেনে মনিরুল্লা মাঝির ঘাট নামে।

এই পাহাড়ের জীবনই কি ধরা পড়েছে চর্যাপদে? চর্যার পদে পদে উঁচু পাহাড়, পাহাড়চূড়ায় কুঁড়েঘর, শবরী, ডোম্বী, খরস্রোতা নদী, নৌকা, সাঁকো আর অরণ্যবাসী শিকারির যে ছবি, তার সঙ্গে নদী, সাগর আর পাহাড়ঘেরা চট্টগ্রামের প্রকৃতির মিল খুঁজে পান অনেক গবেষক। তাঁদের মতে, পণ্ডিতবিহারের সাধক-আচার্যদের অবসরে রচিত গান ও দোঁহাই চর্যাপদ, যাকে বলা যায় বাংলা সাহিত্যের ভোরের গান। সে অর্থে পণ্ডিতবিহার শুধু চট্টগ্রামের নয়, পৃথিবীর সব বাংলাভাষী মানুষের ঐতিহ্য।

যুদ্ধের আগুনে হারিয়ে যাওয়া

এমন একটি বিদ্যাপীঠ কবে, কীভাবে হারিয়ে গেল, তার স্পষ্ট উত্তর আজও মেলেনি। তবে ইতিহাসের পাতায় কিছু সূত্র পাওয়া যায়।

একাদশ শতকে বর্মার রাজা অনিরুদ্ধ (অনরহট) আরাকান ও চট্টগ্রামে মহাযানের বদলে থেরবাদ বৌদ্ধমত প্রতিষ্ঠার চেষ্টা করেন বলে বর্ণনা পাওয়া যায়। ত্রয়োদশ শতকে সমতটের বৌদ্ধ রাজা দামোদর দেব চট্টগ্রাম জয় করেন। এ সময় পণ্ডিতবিহার আবার উজ্জ্বল হয়ে ওঠে। ত্রয়োদশ শতকের শুরুতে নালন্দা ধ্বংস হলে পূর্বাঞ্চলের বহু বৌদ্ধ পণ্ডিত আশ্রয় নেন এখানে।

১৩৪০ সালের দিকে সোনারগাঁওয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের সেনাপতি কদল খান গাজী চট্টগ্রামকে প্রথমবার মুসলিম শাসনের অধীনে আনেন। এরপর কয়েক শতাব্দী ধরে চট্টগ্রাম নিয়ে চলে টানাপোড়েন। সুলতান, আফগান, ত্রিপুরা, আরাকান, এমনকি পর্তুগিজ জলদস্যুরাও জড়িয়ে পড়ে এই লড়াইয়ে। বারবার আক্রান্ত হয় বন্দরনগরী দেয়াঙ। ধারণা করা হয়, এই অস্থিরতার মধ্যেই বিহারের দুর্দিন শুরু হয়। নালন্দার পরিণতির কথা মনে রেখে অনেক পণ্ডিত পুঁথিপত্র নিয়ে পালিয়ে যান তিব্বত ও বর্মার দিকে।

শেষ আঘাতটি আসে সম্ভবত ১৬৬৬ সালে। বাংলার সুবেদার শায়েস্তা খাঁর ছেলে বুজুর্গ উমেদ খাঁর নেতৃত্বে মোগল বাহিনী চট্টগ্রাম অভিযানে আসে। আরাকানিরা দেয়াঙ এলাকায় মরণপণ প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধের মধ্যে কাছের কারাগার ভেঙে হাজারো বন্দী মোগলদের সঙ্গে যোগ দেয় এবং পুরো দেয়াঙ শহরে আগুন ধরিয়ে দেয়। ২৭ জানুয়ারি আরাকানিরা পরাজিত হয়ে শঙ্খের দক্ষিণে পালিয়ে যায়। অনেকের ধারণা, সেই আগুনেই হাজার বছরের দেয়াঙের সঙ্গে ছাই হয়ে যায় পণ্ডিতবিহারের শেষ চিহ্নগুলো। আবার এমনও হতে পারে, আচার্যরা চলে যাওয়ার পর অযত্নে ধীরে ধীরে ধসে পড়ে বিহারটি।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, প্রাচীন বাংলার শ্রেষ্ঠ মনীষী অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানও তিব্বত যাত্রার আগে এই বিহারে এসেছিলেন, দেখা করেছিলেন গুরু নারোপার সঙ্গে। বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামের এই সন্তান পরে তিব্বতের রাজার আমন্ত্রণে নেপাল হয়ে হিমালয় পেরিয়ে তিব্বতে যান। সেখানে তিনি পূজিত হন মহাচার্য হিসেবে। ১০৫৪ সালে লাসার কাছে তাঁর মৃত্যু হয়। প্রায় নয় শতাব্দী পর, ১৯৭৮ সালে তাঁর দেহভস্মের একটি অংশ ফিরে আসে জন্মভূমি বাংলাদেশে।

আবার জেগে ওঠার স্বপ্ন

ভারত সরকার বিহার রাজ্যে প্রাচীন নালন্দার পাশেই নতুন করে গড়ে তুলেছে আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয়। একই স্বপ্ন দেখা হয়েছিল দেয়াঙ পাহাড়কে ঘিরে।

প্রায় দেড় যুগ ধরে পণ্ডিতবিহার নিয়ে তথ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দলিলপত্র সংগ্রহ করে ২০০৯ সালে আমি প্রকাশ করি গবেষণাগ্রন্থ ‘চট্টগ্রামের ইতিহাস, জনবসতি, নামকরণের যৌক্তিকতা, কাল নির্ণয় ও পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয়’। বইটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে একই জায়গায়, একই নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে।

সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল হাই শিবলীকে আহ্বায়ক এবং কমিশনের উপসচিব ফেরদৌস জামানকে সদস্যসচিব করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটি সরেজমিনে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে। তাঁদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, অধ্যাপক ভিপি বড়ুয়া, অধ্যাপক ড. বিজয় বড়ুয়া, অধ্যাপক চিরঞ্জীব বড়ুয়া, গবেষক ইসহাক চৌধুরী, আনোয়ারার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেনসহ অনেকে। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুকে প্রকল্পটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়। জানা যায়, প্রায় দেড়শ একর সরকারি খাসজমিতে বিশ্ববিদ্যালয়টি গড়ার পরিকল্পনা ছিল এবং চীন, জাপান, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহায়তার আগ্রহ দেখিয়েছিল।

ঝিওরী এলাকার খোলা মাঠ, পেছনে ঘরবাড়ি ও গাছে ঢাকা টিলা
ঝিওরীর খোলা মাঠ, পেছনে গাছে ঢাকা টিলার সারি। দেয়াঙ পাহাড়ের এই জনপদ আজ সাধারণ গ্রাম, চোখে পড়ে না প্রাচীন বিদ্যাপীঠের কোনো চিহ্ন। ছবি: জিন্নাত আয়ুব

দেয়াঙ পাহাড়ের টিলাগুলো আজও দাঁড়িয়ে আছে নীরবে। মাটির নিচে চাপা পড়ে আছে সেই কালো পাথর, ভাঙা ইট আর হাজার বছরের গল্প। যথাযথ প্রত্নতাত্ত্বিক খনন হলে হয়তো একদিন সত্যিই জেগে উঠবে পণ্ডিতবিহার। তখন আবার পৃথিবীর নানা প্রান্তের মানুষ পা রাখবেন দেয়াঙে, খুঁজতে আসবেন বাংলা ভাষার ভোরের গানের জন্মভূমি।

লেখক: সাংবাদিক, গবেষক ও প্রকাশক

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

মতামত থেকে আরও