পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার পেছনে বিগত সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেছেন, ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর যারা চুক্তি করেছিল, সেই সরকারই সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। কিন্তু তারা কী করেছে? পার্বত্য চুক্তি একটি চলমান প্রক্রিয়া এবং মতভেদে ইতিমধ্যে চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। অবশিষ্ট ধারাগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন বিকাশে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই পরিকল্পনায় পাহাড়ের সঙ্গে সাগরের পর্যটনের একটি মেলবন্ধন ঘটানো হবে। পর্যটকেরা যেন ভ্রমণে এসে অন্তত চার-পাঁচ দিন সময় পার্বত্য অঞ্চল ও এর আশপাশের জেলাগুলোতে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।
পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনের বিষয়ে সাচিং প্রু জেরি বলেন, পানির সংকট কাটাতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রথাগত জ্ঞানকে কাজে লাগিয়ে বনাঞ্চল সৃষ্টি করা হবে। একই সঙ্গে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করে নদী বা পাহাড়ি ছড়া থেকে পাথর উত্তোলন সম্পূর্ণ বন্ধ করা হবে। কারণ পানির উৎস নষ্ট হয়ে গেলে পাহাড়ে মানুষের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।
মতবিনিময় সভায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। এ ছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পাহাড়ে ৫০ বছরের সমস্যার জট এক দিনে খোলা সম্ভব নয়: পার্বত্যমন্ত্রী