পাহাড়ে ৫০ বছরের সমস্যার জট এক দিনে খোলা সম্ভব নয়: পার্বত্যমন্ত্রী

পাহাড়ে গত ৫০ বছরে অনেক সমস্যার জট তৈরি হয়ে আছে, যা কোনোভাবেই এক দিনে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেছেন, জাতীয় ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রথাগত নেতৃবৃন্দ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকভাবে কাজ করলেই কেবল এ অঞ্চলের দীর্ঘস্থায়ী সমস্যার টেকসই সমাধান সম্ভব।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পর্যটন এলাকা সাজেকের চলমান পরিস্থিতি ও পাহাড়ের সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাচিং প্রু জেরি বলেন, পাহাড়ের পতিত জমিতে পরিকল্পিতভাবে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণ করা গেলে এ অঞ্চলের অর্থনৈতিক চেহারা পুরোপুরি বদলে দেওয়া সম্ভব। পার্বত্য এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নদীপথের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সসহ তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পাহাড়ে শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের নেওয়া প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নে সর্বোচ্চ আন্তরিক। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। এ অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা গেলে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহামদ, সিভিল সার্জন নূয়েন খীসা এবং জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম।
সভায় জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পার্বত্য অঞ্চলে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: বন উজাড় ও পানিসংকটে পাহাড়ে ব্যাহত নিরাপদ স্যানিটেশন





আপনার মতামত লিখুন