কক্সবাজার থেকে সাইকেলে নেপাল, তারপর হিমালয়ের চারটি ট্রেইল, তিনটি গিরিপথ ও পাঁচটি চূড়া। সঙ্গে ছিল রক্তদান আর জলবায়ু ন্যায়বিচারের বার্তা
শুক্রবার সকাল ৯টা ৪৮ মিনিট। নেপালের মানাসলু সার্কিটের সবচেয়ে উঁচু গিরিপথ লারকে লা, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ১০৬ মিটার (১৬ হাজার ৭৫২ ফুট) ওপরে। সেখানে পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা মেলে ধরলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গার বীর কুমার তনচংগ্যা।
এই মুহূর্তটির জন্য তিনি পথে ছিলেন ১০৪ দিন। যাত্রা শুরু হয়েছিল হিমালয় থেকে বহু দূরে, কক্সবাজারের সমুদ্রসৈকতে, যেখানে উচ্চতা শূন্য।
গত ১৬ আগস্ট সেই শূন্য উচ্চতার বিন্দু থেকে সাইকেল চালিয়ে রওনা হন বীর কুমার। সড়কপথে ভারত পেরিয়ে পৌঁছান নেপালে। সেখানে নিজের জন্য একটি তালিকা ঠিক করেছিলেন: চারটি দুর্গম ট্রেইল, এভারেস্ট অঞ্চলের তিনটি উঁচু গিরিপথ আর পাঁচটি পর্বতশৃঙ্গ। লারকে লা ছিল সেই তালিকার শেষ নাম।
তাঁর দাবি, প্রথম বাংলাদেশি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথম সাইক্লিস্ট হিসেবে তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে যাত্রা করে এই ১২টি লক্ষ্য পূরণ করলেন।
পথটা সহজ ছিল না। সমতলের প্রচণ্ড গরম থেকে শুরু করে হিমালয়ের হাড়কাঁপানো শীত, তুষারপাত, খারাপ আবহাওয়া, শরীরের ক্লান্তি, সবই সামলাতে হয়েছে। বীর কুমার জানান, পুরো সময়জুড়ে সঙ্গী ছিল টাকার টানাটানিও।
নেপালে তাঁর আসল পরীক্ষা শুরু হয় সেপ্টেম্বরের মাঝামাঝি, এভারেস্ট অঞ্চলে। ১৮ সেপ্টেম্বর তিনি ওঠেন ৫ হাজার ৮৩ মিটার উঁচু নাংকারশাং পিকে, পরদিন ছুকুং রি পিকে। ২১ সেপ্টেম্বর পার হন কংমা লা পাস। তার পরদিন, ২২ সেপ্টেম্বর, পৌঁছান ৫ হাজার ৩৬৪ মিটার উঁচু এভারেস্ট বেস ক্যাম্পে, আর ২৩ সেপ্টেম্বর কালাপাথরের চূড়ায়।

অক্টোবরেও থামেননি। ১ অক্টোবর ৫ হাজার ৪২০ মিটারের চো লা পাস, ৪ অক্টোবর ৫ হাজার ৩৫৭ মিটারের গোকিও রি, ৬ অক্টোবর ৫ হাজার ৩৬০ মিটারের রেনজো লা পাস। এভারেস্ট অঞ্চলের তিনটি গিরিপথই তখন পেছনে। ১৩ অক্টোবর ওঠেন ৪ হাজার ৬৫ মিটার উঁচু পিকে পিকে।
এরপর অন্নপূর্ণা। ৪ নভেম্বর তিনি অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ বিন্দু থরং লা পাসে পৌঁছান, উচ্চতা ৫ হাজার ৪১৬ মিটার। পাঁচ দিন পর, ৯ নভেম্বর, পৌঁছান ৪ হাজার ১৩০ মিটার উঁচু অন্নপূর্ণা বেস ক্যাম্পে। বাকি ছিল কেবল মানাসলু সার্কিট, যা শেষ হলো শুক্রবার লারকে লায়।
প্রতিটি গুরুত্বপূর্ণ চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা তুলেছেন। তবে বীর কুমার বলছেন, অভিযানটা শুধু চূড়া ছোঁয়া বা ব্যক্তিগত রেকর্ডের জন্য ছিল না। স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে সচেতনতা তৈরি করাও ছিল তাঁর লক্ষ্য।
অভিযানের পেছনে যাঁদের সহায়তা ছিল, তাঁদের মধ্যে বিশেষভাবে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নাম নেন তিনি। বীর কুমারের ভাষ্য, সার্কভুক্ত দেশের ভিসা পাওয়াসহ নানা কাজে তাঁর সহযোগিতা অভিযান সফল করতে বড় ভূমিকা রেখেছে। শুরু থেকে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
দেশে ফিরে সংবাদ সম্মেলন করে পুরো অভিযানের অভিজ্ঞতা, সাফল্য আর কঠিন মুহূর্তগুলোর কথা জানানোর পরিকল্পনা আছে তাঁর।
তবে তার আগে আরেকবার ওপরে উঠবেন তিনি। শনিবার, ২৮ নভেম্বর, তাঁর গন্তব্য মানাসলু বেস ক্যাম্প। এটি তালিকায় ছিল না। যে মানুষটি শূন্য উচ্চতা থেকে যাত্রা শুরু করেছিলেন, তালিকা শেষ হওয়ার পরও তিনি থামতে চাইছেন না।
আরও পড়ুন: প্রথমে স্বাভাবিক প্রসব, দুই দিন পর অস্ত্রোপচারে ৩ সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী