প্রথমে স্বাভাবিক প্রসব, দুই দিন পর অস্ত্রোপচারে ৩ সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

কক্সবাজারের উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবে একটি সন্তান জন্ম দেওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে দুই দিন বিরতি দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় আরও তিন সন্তান। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
ওই নারীর নাম জেসমিন বিবি (২৬)। তিনি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী। উখিয়ার বালুখালী পানবাজারে অবস্থিত বেসরকারি সংস্থা পরিচালিত ফ্রেন্ডশিপ হাসপাতালে এই প্রসবের ঘটনা ঘটে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
হাসপাতালটির প্রকল্প ব্যবস্থাপক চিকিৎসক এস এম গোলাম সারওয়ার জানান, জেসমিন বিবি তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছিলেন। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসকেরা আগেই তাঁর গর্ভে চারটি শিশুর অবস্থান নিশ্চিত হন। এরপর গত ১৩ নভেম্বর রাতে প্রসববেদনা শুরু হলে তাঁকে দ্রুত ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর ভোর পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি প্রথম সন্তানের জন্ম দেন।
চিকিৎসক আরও জানান, প্রথম শিশুটি স্বাভাবিকভাবে জন্ম নিলেও গর্ভে থাকা বাকি তিনটি শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী ছিল না। ফলে মা ও গর্ভস্থ শিশুদের সুরক্ষার কথা বিবেচনা করে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে দুই দিন বিরতি দিয়ে ১৬ নভেম্বর রাতে চিকিৎসকদের একটি দল সিজারিয়ান অস্ত্রোপচার করে। এতে বাকি তিন শিশুর সফল জন্ম হয়।
জটিল এই প্রসবের বিষয়ে চিকিৎসক এস এম গোলাম সারওয়ার বলেন, এটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি প্রসব। তবে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ পর্যবেক্ষণ ও সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চার শিশুর প্রসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: পাহাড়ে ৫০ বছরের সমস্যার জট এক দিনে খোলা সম্ভব নয়: পার্বত্যমন্ত্রী





আপনার মতামত লিখুন