খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
সারাদেশ

গুলিবিদ্ধ হাতিটি আবার লোকালয়ে, ঢুকে পড়ল বসতঘরে

গুলিবিদ্ধ হাতিটি আবার লোকালয়ে, ঢুকে পড়ল বসতঘরে
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ · ২৮ নভেম্বর ২০২৬, ১৩:৪৯

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতিটি আবার লোকালয়ে ফিরে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। তবে গুলিবিদ্ধ হাতিটির শারীরিক অবস্থা এখনো স্বাভাবিক নয়। বিশেষ করে ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। ধীরে ধীরে বনের কাছাকাছি চলে গেলেও পুরোপুরি বনে ফিরে যায়নি, ঘুরেফিরে বনের আশপাশেই অবস্থান করছে।

এদিকে হাতিটিকে একনজর দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এতে হাতিটির নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বন বিভাগ ও ইআরটির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় সেটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হাতিটির শারীরিক অবস্থা বিবেচনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সমুদ্রসৈকত থেকে লারকে লা: কাপ্তাইয়ের এক সাইক্লিস্টের ১০৪ দিন

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও