খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
সারাদেশ

চকরিয়ায় আগুনে পুড়ল ১৫ দোকান, ক্ষতির দাবি দেড় কোটি টাকার বেশি

চকরিয়ায় আগুনে পুড়ল ১৫ দোকান, ক্ষতির দাবি দেড় কোটি টাকার বেশি
নিজস্ব প্রতিবেদক
চকরিয়া · ২৮ নভেম্বর ২০২৬, ১৯:০৫

কক্সবাজারের চকরিয়ায় একটি বাজারে আগুনে অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সীমান্তবর্তী মাঝেরফাঁড়ি বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের প্রায় ১ কোটি ৬২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটি সূত্রে জানা গেছে, ভোররাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মুদি, হার্ডওয়্যার ও মেশিনারি যন্ত্রাংশ, ফার্মেসি, কাপড়, মোবাইল ও মাইক, ডেকোরেশন, লন্ড্রি এবং সেলুনসহ ১৫টি দোকান পুড়ে যায়।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দিদারুল ইসলাম বলেন, আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভোর চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম জানান, আগুনে বাজারের ছোট-বড় ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে।

তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মুদিদোকানি মো. তারেক (৬৫ লাখ টাকা), হার্ডওয়্যার ও মেশিনারি যন্ত্রাংশের ব্যবসায়ী মো. তামজিদ (২৫ লাখ টাকা), ফার্মেসি ব্যবসায়ী মো. জিয়াবুল করিম (১৫ লাখ টাকা), কাপড়ের ব্যবসায়ী মো. আনছার উল্লাহ (১৫ লাখ টাকা), মেশিনারি যন্ত্রাংশের দোকানি মো. মনজুরুল আলম (১০ লাখ টাকা), ডেকোরেশন ব্যবসায়ী মো. ছোটন মিয়া (৫ লাখ টাকা), মোবাইল ও মাইকের দোকানি মো. জুলহাস উদ্দিন (৫ লাখ টাকা), মেশিনারি যন্ত্রাংশের দোকানি মো. মনির উদ্দিন (৫ লাখ টাকা), সেলুন ব্যবসায়ী স্বপন শর্মা (৪ লাখ টাকা), জয়সিব শর্মা (৩ লাখ টাকা), মুরগির দোকানি মো. তৌহিদ (৩ লাখ টাকা), সেলুন ব্যবসায়ী নিউটন শর্মা (২ লাখ টাকা), লন্ড্রি দোকানি মিলন শর্মা (২ লাখ টাকা), কুলিং কর্নার ব্যবসায়ী মো. মন্নান (২ লাখ টাকা) এবং সেলুন ব্যবসায়ী কাজল শর্মা (১ লাখ টাকা)।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাজার সমিতির নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিত্তবানদের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের নির্দেশে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে। তিনি বলেন, আগুনে বাজারের অধিকাংশ দোকান পুড়ে গেছে এবং মালিকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তালিকাটি ইউএনওর কাছে জমা দেওয়া হবে।

আরও পড়ুন: উখিয়ায় এক মাস পর গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে, এবার খনন শুরু

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও