দেশে না থেকেও শারীরিক পরীক্ষা, প্রত্যয়ন দিলেন চিকিৎসক

ফজল করিম শেষ কবে কক্সবাজারের মাটিতে পা রেখেছিলেন, তা মনে করতে তাঁর প্রতিবেশীদের অনেক পেছনে যেতে হয়। প্রায় ১০ বছর ধরে তিনি মালয়েশিয়ায়। অথচ কক্সবাজারের এক চিকিৎসকের সই করা একটি কাগজে লেখা আছে, তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই পরীক্ষার ভিত্তিতে ঠিক করে দেওয়া হয়েছে তাঁর বয়স ৩৩ বছর, জন্মতারিখ ১০ আগস্ট ১৯৯৩।
প্রশ্ন একটাই। যে মানুষ দেশে নেই, চিকিৎসকের সামনে তিনি বসলেন কীভাবে?
এই কাগজটি গেছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদে, ফজল করিমের জন্মনিবন্ধনের জন্মতারিখ সংশোধনের আবেদনের সঙ্গে। প্রত্যয়নপত্রে সই রয়েছে কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রণধীর দেব নাথের। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি ও যথাযথ শারীরিক পরীক্ষা ছাড়াই তিনি বয়স নির্ধারণী এই প্রত্যয়নপত্র দিয়েছেন।
জন্মনিবন্ধন কোনো সাধারণ কাগজ নয়। একজন মানুষের পরিচয়ের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি এটি। এখান থেকেই তৈরি হয় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ জীবনের আরও অনেক নথি। সেই নথির জন্মতারিখ বদলাতে যে কাগজ জমা পড়েছে, তার সত্যতা নিয়েই এখন প্রশ্ন।
খুরুশকুল থেকে মালয়েশিয়া, মাঝখানে একটি প্যাড
ফজল করিমের বাড়ি খুরুশকুল ইউনিয়নের রুহুল্লার ডেইল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক দশক ধরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। সম্প্রতি তাঁর জন্মনিবন্ধনে জন্মতারিখ সংশোধনের আবেদন জমা পড়ে ইউনিয়ন পরিষদে।
আবেদনের সঙ্গে যুক্ত প্রত্যয়নপত্রটি দেওয়া হয়েছে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালের প্যাডে, যেখানে ডা. রণধীর দেব নাথের ব্যক্তিগত চেম্বারের পরিচয় ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সরকারি হাসপাতালের একজন চিকিৎসক কাগজটি দিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্যাডে, নিজের চেম্বারের পরিচয়ে।
কাগজটি হাতে পেয়ে খটকা লাগে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের। তিনি সরাসরি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন।
চেয়ারম্যানের ভাষ্য, শুরুতে ডা. রণধীর দেব নাথ প্রত্যয়নপত্র দেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু প্রবাসে থাকা একজন মানুষের শারীরিক পরীক্ষা কীভাবে করলেন, এই প্রশ্ন করতেই পরিস্থিতি বদলে যায়। চিকিৎসক ক্ষুব্ধ হয়ে তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ চেয়ারম্যানের।
‘জন্মনিবন্ধন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের প্রত্যয়নপত্র কীভাবে দেওয়া হলো, সেটি জানতে চেয়েছিলাম। কিন্তু চিকিৎসক সন্তোষজনক কোনো ব্যাখ্যা না দিয়ে উল্টো খারাপ আচরণ করেছেন,’ বলেন মো. নাছির উদ্দিন।
বিষয়টি খতিয়ে দেখা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত আবেদন করেছেন।
এক প্রশ্নে তিন উত্তর
অভিযোগের বিষয়ে জানতে এই প্রতিবেদক যোগাযোগ করেন ডা. রণধীর দেব নাথের সঙ্গে। কথোপকথনের অল্প সময়ের মধ্যে তাঁর বক্তব্য বদলেছে তিনবার।
প্রথমে তিনি অভিযোগ নাকচ করে দেন। এরপর বলেন, নিয়ম অনুসারে এ ধরনের প্রত্যয়নপত্র দেওয়া যায়। আর শেষে জানান, এই প্রত্যয়নপত্রটি তিনি দেননি।
চেয়ারম্যানের কাছে স্বীকার, প্রতিবেদকের কাছে প্রথমে অস্বীকার, তারপর বৈধতার দাবি, শেষে প্রত্যয়নপত্রের দায় পুরোপুরি অস্বীকার। কাগজটি তিনি না দিয়ে থাকলে তাঁর সই ও পরিচয় ব্যবহার করে কে দিল, সেই প্রশ্নও এখন সামনে এসেছে। দুটি সম্ভাবনার যেকোনোটিই গুরুতর।
বয়স ঠিক করার নিয়ম কী
কারও বয়স নির্ধারণের কাজটি একজন চিকিৎসক একা চেম্বারে বসে করতে পারেন কি না, জানতে চাওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালের একজন ফরেনসিক বিশেষজ্ঞের কাছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন।
‘কারও বয়স নির্ধারণ করতে হলে বিজ্ঞ আদালতের আদেশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনির্দিষ্ট আবেদন প্রয়োজন হয়। সিভিল সার্জনের অনুমতি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মতামতের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হয়ে থাকে,’ বলেন তিনি।
তাঁর মতে, ‘ডা. রণধীর দেব নাথ যদি নিজ দায়িত্বে এ ধরনের প্রত্যয়নপত্র দিয়ে থাকেন, তবে তিনি সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ করেছেন। এটি গুরুতর অপরাধ।’
অর্থাৎ যে কাজে আদালতের আদেশ, সিভিল সার্জনের অনুমতি আর একটি মেডিকেল বোর্ড লাগার কথা, সেই কাজ এখানে হয়েছে একটি প্যাডে, একটি সইয়ে। আর যাঁর বয়স ঠিক করা হলো, তিনি ছিলেন কয়েক হাজার কিলোমিটার দূরে।
জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে কথা বলা হয় কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সঙ্গে। তিনি বিষয়টিতে খুব একটা আগ্রহ দেখাননি। শুধু বলেছেন, ‘ডা. রণধীর দেবনাথ আসলে কী ধরনের কাজ করেছে, বুঝতে পারছি না।’
একটি কাগজের পেছনে কত প্রশ্ন
ঘটনাটি জানাজানি হওয়ার পর খুরুশকুলে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন বাসিন্দারা বলছেন, এটি একটি কাগজের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। দেশে না থাকা মানুষের নামে যদি ‘শারীরিক পরীক্ষা’র প্রত্যয়ন পাওয়া যায়, তাহলে এমন কাগজ আর কতজনের হাতে গেছে, এর পেছনে কোনো চক্র বা টাকার লেনদেন আছে কি না, তা খুঁজে দেখার দাবি তুলেছেন তাঁরা।
একটি জন্মতারিখ বদলে গেলে বদলে যায় একজন মানুষের সরকারি বয়স। তার প্রভাব পড়ে চাকরি, অবসর, বিদেশযাত্রা, এমনকি আইনি দায়ের হিসাবেও। সেই বদলের দরজা যদি খোলে এমন একটি প্যাডে, যার পেছনে কোনো পরীক্ষা নেই, তাহলে প্রশ্নটা আর একজন চিকিৎসক বা একজন প্রবাসীর থাকে না। প্রশ্ন ওঠে পুরো ব্যবস্থার পাহারা নিয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা পড়া চেয়ারম্যানের আবেদন এখন সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। আর ফজল করিম এখনও মালয়েশিয়াতেই, যেখানে বসে কেউ তাঁর নাড়ি দেখেনি, হাড়ের এক্স-রে করেনি, তবু কাগজে লেখা হয়ে গেছে তাঁর বয়স।





আপনার মতামত লিখুন