ড. ইউনূসের বাড়িতে আগুন, নাছিরের বাসায় তল্লাশি

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
একই রাতে নগরীর আন্দরকিল্লায় সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ড. ইউনূসের বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায় এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না এবং গাড়ি রাখার গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিওতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়।
তবে আগুন কীভাবে লেগেছে, ভিডিওটি কখন ধারণ করা হয়েছে বা এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।
হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, আ জ ম নাছিরের আন্দরকিল্লার বাসায় এই তল্লাশি চালানো হয়।
তবে অভিযানের সময় তাঁকে বাসায় পাওয়া যায়নি বলে ওসি নিশ্চিত করেন।
আরও পড়ুন: রাউজান আদালতে আগুন: বিচারকাজ বন্ধ, নাশকতা নাকি দুর্ঘটনা?





আপনার মতামত লিখুন