খুঁজুন
, ,
শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

দুপুর থেকে সন্ধ্যার মধ্যে প্রাণ গেল তিনজনের; আহত আরও দুজন; নিহত তুষার প্রবাসফেরত ও দুই সন্তানের বাবা

দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাইসহ তিনজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ২১:৫৭

চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বেলা আড়াইটা থেকে সন্ধ্যার মধ্যে একে একে তিনজনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তিনজন হলেন উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের দুই ছেলে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮) এবং মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব মেখল এলাকার মৌলভী আবদুল হামিদ বাড়ির প্রবাসী শফিউল আজমের ছেলে সিয়াম (১৭)।

এ ঘটনায় আহত দুজনের মধ্যে ফাহিম নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তবে আহত অপর ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহীই গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইফতেখার মাহমুদ তুষারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত ইরাত, অপর মোটরসাইকেলের আরোহী সিয়াম ও ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে চমেক হাসপাতালে নেওয়ার পথেই ইরাতের মৃত্যু হয়। আর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় সিয়াম।

জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ইফতেখার মাহমুদ তুষার প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তিনি দুই সন্তানের বাবা। একসঙ্গে দুই সহোদরকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। অন্যদিকে, কিশোর সিয়ামের অকালমৃত্যুতে মেখল এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আজম ও মেখল ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. সবুজ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: স্ত্রীর ওয়ারেন্টে স্বামীকে হাতকড়া, পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও