‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে এনসিপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ছেলেকে বাঁচাতে গিয়ে আহত বাবাও; এক ছাত্রলীগ কর্মীকে বাঁচানোর অভিযোগে মারধর করার কথা স্বীকার অভিযুক্ত নেতার

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্য বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ‘ছাত্রলীগের কর্মী’ আখ্যা দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন তাঁর বাবাও। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহারিয়ার নাফিজ শুভ (২১) বাগানবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হলুদিয়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে। তিনি ‘ফটিকছড়ি উত্তর’ সাংগঠনিক উপজেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব।
অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. ফয়জুল হক সাকিব (২২)। তিনি বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গার্ডের দোকান এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে সাকিবের নেতৃত্বে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কথিত ‘লকডাউন’বিরোধী মিছিল করছিলেন। মিছিলটি বড়বিল বাজারে পৌঁছালে সেখানে থাকা এনসিপি নেতা শাহারিয়ার নাফিজ শুভকে ‘ফ্যাসিস্টের দল ছাত্রলীগের কর্মী’ আখ্যা দিয়ে মারধর শুরু করা হয়। এ সময় আতঙ্কিত লোকজন দিগ্বিদিক ছুটে যান।
মারধরে শুভ গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে বাবা মো. হানিফ মিয়াও কিছুটা আহত হন। পরে স্থানীয় লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা নেন।
আহত এনসিপি নেতা শাহারিয়ার নাফিজ শুভ বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী ছাত্রদলের মিছিলকে আমরা স্বাগত জানাই। কিন্তু এভাবে প্রকাশ্যে বাজারে আমাকে ও আমার বাবাকে মারধর করবে, তা কখনো ভাবিনি। অথচ আমার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি কোনো দিন ছাত্রলীগ বা দোসরের রাজনীতি করিনি। জুলাই আন্দোলনে এলাকার রাজপথে আমার ভূমিকা সবাই দেখেছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা মো. ফয়জুল হক সাকিব মারধরের কথা স্বীকার করে বলেন, ‘ছেলেটি এর আগে ছাত্রলীগের এক কর্মীকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচিয়েছে। এ কারণে তাকে মারধর করেছি।’
তিনি আরও দাবি করেন, ‘সে নিজেও ছাত্রলীগ করত এবং দোসরের রাজনীতি করত। আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান সাজুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একসময় আমাকেও সবাই মিলে মেরেছে।’
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রদল নেতাকে পঙ্গু করার অভিযোগ তদন্তের নির্দেশ





আপনার মতামত লিখুন