খুঁজুন
, ,
বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

পটিয়ায় জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়াম হবে স্পোর্টস কমপ্লেক্স

সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করলেন সাংসদ এনামুল হক

পটিয়ায় জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়াম হবে স্পোর্টস কমপ্লেক্স
নিজস্ব প্রতিবেদক
পটিয়া · ২৪ নভেম্বর ২০২৬, ১৮:১৭

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়ামটিকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর সদরের ক্লাব রোডে অবস্থিত জিমনেশিয়ামটির সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালের ৯ জুন ‘যুব গোষ্ঠী ভবন ও ব্যায়ামাগার’ নামে এই জিমনেশিয়াম ভবনের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় তিনি প্রতিষ্ঠানটির জন্য স্থায়ী জমিও বরাদ্দ দেন। তবে পরবর্তী সময়ে জিমনেশিয়ামের মূল্যবান জায়গাটি দীর্ঘদিন বেহাত ও অবৈধ দখলে ছিল। সম্প্রতি পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রায় ৯ শতক জায়গা দখলমুক্ত করা হয়।

সংসদ সদস্য এনামুল হক বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই জিমনেশিয়ামটিকে আধুনিক ক্রীড়াচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এটিকে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তর করতে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরির কাজ চলছে। সেটি চূড়ান্ত হলে অনুমোদনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও জানান, সরকার খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে এবং তারই অংশ হিসেবে সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীও জিমনেশিয়ামটি পরিদর্শন করেছেন।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, জিমনেশিয়ামটির জমি দীর্ঘদিন বেহাত অবস্থায় ছিল। উপজেলা ক্রীড়া সংস্থার প্রচেষ্টায় প্রায় ৯ শতক জায়গা দখলমুক্ত করার পর এবার সেখানে স্থায়ী সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আবু তাহের এবং স্থানীয় সাবেক ফুটবলার ও বিভিন্ন স্তরের ক্রীড়া সংগঠকেরা।

আরও পড়ুন: ফটিকছড়িতে বর্গাচাষির কাটা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও