ফটিকছড়িতে বর্গাচাষির কাটা ধানে আগুন দিল দুর্বৃত্তরা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রাতের অন্ধকারে এক বর্গাচাষির কেটে রাখা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৬০ শতক জমির কাটা ধান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি সুয়াবিল ইউনিয়নের লালমাটিয়া গ্রামের বাসিন্দা। ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে তিনি আমন ধানের চাষ করেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকের সূত্রে জানা গেছে, হাড়ভাঙা পরিশ্রমে ফলানো ধান সোমবার কেটে সড়কের পাশে স্তূপ করে রেখেছিলেন জাহাঙ্গীর। ধান মাড়াই করে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু গভীর রাতে কে বা কারা ওই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্তূপটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
মঙ্গলবার সকালে পোড়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায় কৃষক জাহাঙ্গীরকে। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘এলাকায় কারও সঙ্গে আমার কোনো বিরোধ বা শত্রুতা নেই। কে বা কারা আমার এমন সর্বনাশ করল, বুঝতে পারছি না। ঋণ নিয়ে বর্গা জমিতে চাষ করেছিলাম। এখন সংসার কীভাবে চলবে আর ঋণের টাকাই বা কীভাবে শোধ করব, কোনো কূলকিনারা পাচ্ছি না।’
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক ও বেদনাদায়ক। একজন কৃষক অনেক ঘাম ঝরিয়ে ফসল ফলান। তাঁর এমন পরিশ্রমে আগুন দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগের পক্ষ থেকে পুনর্বাসন ও প্রণোদনা সহায়তার ব্যবস্থা করা হবে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ফটিকছড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬





আপনার মতামত লিখুন