ফটিকছড়িতে প্রকাশ্যে গুলির পর ফেসবুকে ‘শুটার’ রায়হানের সাফাই

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানকে ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে বা তাঁর সহযোগীদের এখনো গ্রেপ্তার করা যায়নি।
এর মধ্যেই মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গুলিবর্ষণের ঘটনাকে ‘আত্মরক্ষা’ বলে দাবি করেছেন রায়হান। একই সঙ্গে আহত ব্যক্তিদের মধ্যে কেউ অসচ্ছল থাকলে তাঁকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে রায়হান সুয়াবিল এলাকায় নিজের উপস্থিতির কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে যাওয়ার সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী তাঁকে আওয়ামী লীগের লোক মনে করে গাড়ি থামানোর চেষ্টা করেন। তখন তিনি আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হন।
আহত ব্যক্তিদের সঙ্গে কোনো পূর্ববিরোধ ছিল না উল্লেখ করে তিনি লেখেন, আহতদের মধ্যে কেউ আর্থিকভাবে অসহায় হলে তিনি সহযোগিতা করবেন। এ ছাড়া ভবিষ্যতে কারও গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা যাচাই করার হুমকিও দেন তিনি।
এদিকে রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের কাছে তথ্য রয়েছে, ঘটনার পর থেকে রায়হান দলবলসহ আশপাশের এলাকাতেই আত্মগোপনে রয়েছেন। তাঁদের ধরিয়ে দিতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাইতে এলাকায় মাইকিং করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে হ্যান্ডমাইকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি বলেন, সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার করা সম্ভব হলে পুরো এলাকার অপরাধ পরিস্থিতি শান্ত হয়ে আসবে। রায়হানকে খুঁজে বের করতে তিনি স্থানীয় লোকজনের তথ্য ও সহযোগিতা কামনা করেন।
এর আগে সোমবার রাত আটটার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে একটি অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ অন্তত ছয়জন আহত হন। ঘটনার পরপরই অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।
আটক চালক জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাঁর অটোরিকশাটি ভাড়া করেছিলেন। চুঁরখারহাট বাজারে পৌঁছামাত্র তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে গাড়ি চালাতে বাধ্য করেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬





আপনার মতামত লিখুন