‘এখন আর পড়াশোনা ছাড়া পাস করার সুযোগ নেই’
পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

‘এখন আর পড়াশোনা না করে পাস করার সুযোগ নেই, পড়াশোনা করেই উত্তীর্ণ হতে হবে’—শিক্ষার্থীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিগত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এখন ধীরে ধীরে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। তাই শিক্ষার্থীদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই; ক্লাসে ও বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভালো ফলের পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে, সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানজিদা আক্তার নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আশিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা দে।
সভাপতির বক্তব্যে সানজিদা আক্তার শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, বর্তমান সময়ে নানা অপতৎপরতায় শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার ঝুঁকি থাকে। তাই পড়াশোনার পাশাপাশি সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে—সে বিষয়ে অভিভাবকদের প্রতিনিয়ত সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী, আশিয়া উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও উৎসাহ প্রদানের অংশ হিসেবে পরীক্ষার ফাইল, কলম ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: পটিয়ায় জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়াম হবে স্পোর্টস কমপ্লেক্স





আপনার মতামত লিখুন