সীতাকুণ্ডে বিএম ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় শহিদুল আজম চৌধুরী (৫৫) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল আজম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার মৃত মফজল আহমদ চৌধুরী ও লুৎফুন্নেসার ছেলে। তিনি বিএম কনটেইনার ডিপোতে স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডিপোর ভেতরে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটার সময় একটি ট্রেইলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে শহিদুল আজমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ১৩ কর্মীসহ অন্তত ৫১ জন নিহত হয়েছিলেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ





আপনার মতামত লিখুন