বাঁশখালীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকা ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২) এবং ছাত্রলীগের কর্মী মারুফুল ইসলাম (২১) ও হাসিবুল ইসলাম ওরফে তানভীর (১৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানার কলাতলী এলাকার সি প্যালেস হোটেল থেকে মো. পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঁশখালীর সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকার আনন্দপাড়ার মৃত বদিউল আলমের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি আশকরিয়াপাড়ার ওমর কাজীর বাড়িতে থাকেন।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকা থেকে মো. জিয়াউদ্দিন আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কাথরিয়া ইউনিয়নের কাহারঘোনা এলাকার হোসেন আহমদের ছেলে। একই এলাকায় পৃথক অভিযানে চেচুরিয়া গ্রামের হাবিবের দোকান এলাকার মফিজুল আলমের ছেলে মারুফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বেলা একটার দিকে বৈলছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী পৌরসভার উত্তর জলদি সিন্নিপুকুরপাড় এলাকার মফিজুল আলমের ছেলে শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়। একই দিনের অভিযানে শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের মেহেরজানি বাপের বাড়ির আহমদুল হকের ছেলে হাসিবুল ইসলাম ওরফে তানভীরকেও গ্রেপ্তার করে পুলিশ।
বাঁশখালী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল ও পতাকা মিছিল করেন। এ ছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মিরসরাইয়ে চোরাই কাপড়ভর্তি কাভার্ড ভ্যান জব্দ, চালক গ্রেপ্তার





আপনার মতামত লিখুন