রাঙ্গামাটিতে নির্মিত হচ্ছে সৌরচালিত ‘কুলবট’ হিমাগার

পার্বত্য অঞ্চলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় রোধে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সৌরশক্তিচালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় এই হিমাগার স্থাপন করা হচ্ছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের প্রতিনিধি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা এবং প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক এই সৌরশক্তিচালিত প্রযুক্তি ব্যবহারের ফলে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষক ও গ্রামবাসীরা উৎপাদিত ফলমূল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা পাবেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার জানান, পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণে দীর্ঘদিনের দাবির প্রথম ধাপ হিসেবে এটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এই প্রকল্পের সুফল পাওয়া গেলে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় কুলবট কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, হিমাগারটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় কমবে এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে বাজারজাতকরণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের পর সচল সেন্টমার্টিন রুট, কাটল তিন দিনের অনিশ্চয়তা





আপনার মতামত লিখুন