৩৩ বছর এক বিদ্যালয়েই শিক্ষকতা, অশ্রুসিক্ত বিদায় রমা ভট্টাচার্যের

চট্টগ্রামের পটিয়ায় একই বিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে অবসরে গেছেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রমা ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে তাঁর অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
আরও পড়ুন: পটিয়ায় চক্রশালা কৃষি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রাক্তনদের মতবিনিময়
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রমা ভট্টাচার্য।
এ সময় তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শাহ ইলিয়াছ চৌধুরী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এবং চক্রশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্র জানায়, এমএ ও বিএড ডিগ্রিধারী রমা ভট্টাচার্য ১৯৯৪ সালের ১ জানুয়ারি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেন।
যোগদানের প্রথম দিন থেকে অবসরের দিন পর্যন্ত দীর্ঘ ৩৩ বছর তিনি একই প্রতিষ্ঠানে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক নাছির উদ্দীন উল্লেখ করেন, রমা ভট্টাচার্য তাঁর জীবনের পুরো যৌবন এই বিদ্যালয়ের জন্য উৎসর্গ করেছেন।
তাঁর হাতে অসংখ্য শিক্ষার্থী গড়ে উঠেছেন জানিয়ে তিনি এই শিক্ষিকার পরবর্তী সুন্দর ও সুখময় জীবন প্রত্যাশা করেন।
সিনিয়র শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস স্মৃতিচারণ করে জানান, তাঁর শিক্ষকতা জীবনের ২৯ বছরই রমা ভট্টাচার্যের সঙ্গে কেটেছে এবং তাঁদের মধ্যে কোনোদিন মনোমালিন্য হয়নি।
পারিবারিক জীবনেও রমা ভট্টাচার্য একজন সফল মা।
তাঁর স্বামী ঝুলন চক্রবর্তী পেশায় একজন ব্যবসায়ী ও ফার্মাসিস্ট।
তাঁদের ছেলে অম্লান চক্রবর্তী আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
এ ছাড়া মেয়ে কল্পিতা চক্রবর্তী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছেন।





আপনার মতামত লিখুন