খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
শিক্ষা

টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ২০:০৮

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। শনিবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি।

প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অর্ণব মিত্র। বিজয়ী দলের অন্য সদস্য হলেন সানজিদা মেহেনাজ তাসনিম। রানারআপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। সারা দেশের ৩২টি বিতর্ক দল তিন দিনব্যাপী এই আবাসিক প্রতিযোগিতায় অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

সবাইকে অভিনন্দন জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, বিতর্কের মূল্যবোধ ও টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। প্রতিযোগিতার পুরো সময় বিতার্কিকেরা যেভাবে বিতর্কের মূল্যবোধ ধারণ করেছেন, বাস্তব জীবনেও তাঁরা একইভাবে দুর্নীতিবিরোধী চেতনা ধারণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রসংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম উল্লেখ করে দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।

অংশগ্রহণকারী বিতার্কিক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যৌক্তিক বোধের যে চর্চা বিতার্কিকেরা করেছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

নারীর সম-অধিকার চর্চার অংশ হিসেবে প্রতিযোগিতার প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক ছিল। ২৬ থেকে ২৮ নভেম্বর চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানারআপ দলকে ৩০ হাজার এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এবারের সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

আরও পড়ুন: সমালোচক মানেই প্রতিপক্ষ নয়, বিতর্কের মূল্যবোধ জাতীয় জীবনেও জরুরি: টিআইবি

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

শিক্ষা থেকে আরও