বিদেশে পড়ার জটিল পথ সহজ করে দিচ্ছে যে প্রতিষ্ঠান

রাত জেগে ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাঁটা, আইইএলটিএস স্কোর নিয়ে দুশ্চিন্তা, ভিসা ইন্টারভিউয়ের আগের রাতের নির্ঘুমতা- বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখা প্রতিটি শিক্ষার্থীর জীবনে এই দৃশ্যগুলো অপরিচিত নয়। কাগজপত্রের জটিলতা, কোন দেশে কোন বিশ্ববিদ্যালয় ভালো, খরচ কেমন হবে- এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অনেকেই হারিয়ে ফেলেন দিকনির্দেশনা। ঠিক এমন এক বাস্তবতা থেকেই ২০১২ সালে যাত্রা শুরু হয়েছিল বিডি এক্সপার্ট এডুকেশনের।
এক যুগ পেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এই দীর্ঘ পথচলায় কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়াসহ ইউরোপের নানা দেশে পাড়ি জমানো হাজারো শিক্ষার্থীর গল্পের সঙ্গে জড়িয়ে আছে তাদের নাম। আর এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই তারা জানে যে, বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ কথা নয়। কোন দেশে যাবেন, কোন কোর্স নেবেন, বাজেটের সঙ্গে স্বপ্নের ভারসাম্য কীভাবে রাখবেন—এসব প্রশ্ন ঘিরে ধরে প্রতিটি শিক্ষার্থী ও তাঁর পরিবারকে। বিডি এক্সপার্ট এডুকেশনের কাজ শুরু হয় ঠিক এই জায়গা থেকেই, যেখানে শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, আর্থিক সামর্থ্য আর ভবিষ্যৎ পরিকল্পনা মিলিয়ে তারা সাজিয়ে দেয় একটি বাস্তবসম্মত রোডম্যাপ।
প্রাথমিক এই রোডম্যাপ তৈরির পর শুরু হয় আসল চ্যালেঞ্জ- বিশ্ববিদ্যালয়ে আবেদন, একের পর এক ডকুমেন্ট জোগাড়, ভিসা আবেদনের ফরমালিটি এবং সবশেষে ভিসা ইন্টারভিউয়ের মুখোমুখি হওয়া। এই পুরো যাত্রায় শিক্ষার্থীর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে প্রতিষ্ঠানটি। ফাউন্ডেশন কোর্স থেকে শুরু করে স্নাতক, প্রি-মাস্টার্স কিংবা পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা- শিক্ষাজীবনের যে স্তরেই কেউ থাকুন না কেন, প্রয়োজনীয় পরামর্শ মেলে সবার জন্যই।
শুধু পরামর্শই নয়, আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটির আরেকটি বড় সুবিধা হলো, এটি ব্রিটিশ কাউন্সিলের অফিশিয়াল আইইএলটিএস রেজিস্ট্রেশন বুথ হিসেবে কাজ করে, যা অনেকের জন্যই প্রথম ধাপের ঝক্কি অনেকটাই কমিয়ে দেয়। এ ছাড়া সময়ে সময়ে আয়োজিত শিক্ষামূলক অনুষ্ঠান ও সেমিনারে সরাসরি কথা বলার সুযোগ মেলে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। ফলে বইয়ের পাতায় পড়া তথ্যের বাইরে সরাসরি অভিজ্ঞতা থেকে প্রকৃত চিত্রটি জানা যায়।
শিক্ষার্থীদের প্রতি এই নিরলস সেবার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শিমুলের কথায় উঠে আসে এক ধরনের গভীর দায়িত্ববোধ। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিদেশে পড়তে সহায়তা করা নয়, বরং সঠিক তথ্য, স্বচ্ছ পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাঁদের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তকে সহজ করা।’
তাঁর এই উপলব্ধি মূলত তৈরি হয়েছে এই বিশ্বাস থেকে যে, একটি সঠিক সিদ্ধান্ত একজন তরুণের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এমন প্রতিশ্রুতি ও এক যুগের অভিজ্ঞতা সম্বল করে আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করার দিকেই এগোচ্ছে প্রতিষ্ঠানটি, যাতে আগামী দিনের স্বপ্নবাজ শিক্ষার্থীরাও নিশ্চিন্তে খুঁজে পান তাঁদের কাঙ্ক্ষিত পথ।





আপনার মতামত লিখুন