দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৪৩-এর দুর্ভিক্ষ
‘ফ্যান দাও’ বলে পথে পথে মরেছিল চট্টগ্রামের দুই লাখ মানুষ
জাপানি বোমা, ব্রিটিশ সরকারের পোড়ামাটি নীতি আর মজুতদারির চাপে ১৯৪৩ সালের দুর্ভিক্ষে চট্টগ্রামের আঠারো লাখ মানুষের মধ্যে প্রাণ হারান দুই লাখের বেশি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালে। একসময় যুদ্ধের ভয়াবহতা গ্রাস করে চট্টগ্রামকেও। শহরটি পরিণত হয় এক ভীতিকর যুদ্ধনগরীতে। আকাশে শকুনের মতো ঝাঁকে ঝাঁকে উড়ছে যুদ্ধবিমান, প্রচণ্ড গর্জনে কানে তালা লাগার জোগাড়। বিমানগুলো কখনো বিমানবিধ্বংসী কামানের নাগাল এড়াতে উঠে যাচ্ছে অনেক ওপরে, কখনো ছোঁ মারার মতো নেমে আসছে নিচে। জাপানি বিমানগুলো সমুদ্রের ওপর দিয়ে নিচু হয়ে উড়ে এসে হঠাৎই হাজির হচ্ছে দৃষ্টিসীমায়। দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই শোনা যাচ্ছে বোমা ফাটার বিকট শব্দ। কালো, লম্বাটে বোমারু বিমানগুলো বোমা ফেলে চোখের পলকে পালিয়ে যাচ্ছে সীমান্তের ওপারে।
মানুষকে সতর্ক করতে ব্রিটিশ সামরিক ক্যাম্প থেকে বাজানো হচ্ছে সাইরেন। লোকজন ছোটাছুটি করে আশ্রয় নিচ্ছে ট্রেঞ্চে, কেউ কাছের কোনো পাকা বাড়িতে। গর্জে উঠছে ব্রিটিশ বিমানবিধ্বংসী কামান, কিন্তু লক্ষ্যভেদ তো দূরের কথা, তার আগেই উধাও জাপানি বিমান। বিপদমুক্তির সাইরেন বাজলে লোকজন আবার ট্রেঞ্চ থেকে বেরিয়ে আসে।
ব্রিটিশ বাহিনীর এই অক্ষমতা তখন মানুষের হাসির খোরাক হয়ে উঠেছিল। লোকে বলত, জাপানি বিমান হামলা চালিয়ে চলে যাওয়ার পরই সাইরেন বাজে। ব্রিটিশের সামরিক শক্তির ওপর মানুষের কোনো আস্থা ছিল না; প্রথম দিকের অভিজ্ঞতায় সে আস্থা থাকার কথাও নয়।
যুদ্ধের এই ডামাডোলের পথ ধরেই চট্টগ্রামে নেমে আসে ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, ইতিহাসে যা ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত। বাংলা ১৩৫০ সনের সেই দুর্ভিক্ষে শুধু চট্টগ্রামেই মারা যান দুই লাখের বেশি মানুষ।
যুদ্ধের আতঙ্কে জনশূন্য হতে থাকে শহর
নিরাপত্তার আশায় দলে দলে নারী-পুরুষ শহর ছেড়ে গ্রামের দিকে চলে যেতে শুরু করে। শহরে রয়ে গেলেন কেবল তাঁরা, যাঁদের যাওয়ার কোনো উপায় ছিল না। আর ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য ও সমর্থকেরা—মানুষের মন থেকে ভয় দূর করতে তাঁরা শহরে থেকে যান। তবে তাঁদের কাজ করতে হতো আত্মগোপনে থেকে। কারণ, ব্রিটিশ সরকারের চোখে তাঁরা ছিলেন বিপজ্জনক লোক; তাঁদের বিরুদ্ধে ভারতরক্ষা আইনে জারি ছিল গ্রেপ্তারি পরোয়ানা।
সামরিক ঘাঁটি, সৈন্যসমাবেশ ও সামাজিক বিপর্যয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার সীমান্ত জেলা চট্টগ্রামকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছিল ব্রিটিশ সরকার। এখান থেকে বোমারু বিমান উড়ে যেত বার্মার দিকে, রণাঙ্গনে পাঠানো হতো অস্ত্র ও খাদ্য। যুদ্ধবিমান ওঠানামার জরুরি প্রয়োজনে ১৯৪০ সালে পতেঙ্গায় স্থাপন করা হয় চট্টগ্রাম বিমানক্ষেত্র। শহরে ও গ্রামে গড়ে ওঠে একের পর এক সৈন্যশিবির। পথেঘাটে দেখা যেত নানা দেশের সৈন্য, আর্মার্ড কার আর সামরিক ট্রাক। শহরে খাকি পোশাকের লোকই বেশি চোখে পড়ত।
চট্টগ্রামে সমাবেশ ঘটেছিল ব্রিটিশ, নিউজিল্যান্ড ও আফ্রিকান সৈন্যদের; ছিল ভারতীয় দেশীয় রাজ্যগুলোর বাহিনী, গোর্খা ও জাঠ সৈন্যরাও। নানা দেশের এত সৈন্যের ভিড়ে শহরে এবং সৈন্যশিবিরের আশপাশের গ্রামে নারীদের কোনো নিরাপত্তা ছিল না। তাই নারী ও শিশু-কিশোরদের পাঠিয়ে দেওয়া হয়েছিল গ্রামে। না পাঠিয়ে উপায়ও ছিল না—সৈন্যদের হাতে বন্দুক-রিভলভার; কোনো গৃহস্থের বাড়িতে হানা দিলে নারীর সম্ভ্রম রক্ষার শক্তি কোথায়?
সৈন্যরা, বিশেষ করে বিদেশি সৈন্যরা, খোলাখুলিই জানতে চাইত কোথায় মেয়ে পাওয়া যাবে। শহরের যৌনপল্লিতে দিন-রাতের তফাত ছিল না; সারাক্ষণ খাকি পোশাকের লোকদের আনাগোনা। এ দেশে তারা বিদেশি, আর দেশটিও তখন বিদেশি ব্রিটিশের উপনিবেশ—তাই লোকলজ্জার কোনো বালাই ছিল না।
যেখানে যুদ্ধ, সেখানেই নৈতিক অবক্ষয়—দুয়ের সম্পর্ক অঙ্গাঙ্গি। এখানে যুদ্ধ বলতে সাম্রাজ্যবাদী যুদ্ধের কথাই বলছি। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা এই সৈন্যদের অনেকেরই কোনো আদর্শ বা দেশপ্রেম ছিল না; টাকার জন্যই তারা সৈনিকের পেশা বেছে নিয়েছিল। নারীসন্ধানী সৈনিকদের মুখে শোনা যেত নতুন নতুন শব্দ, যার অর্থ এ দেশের মানুষের জানা ছিল না। না বুঝলে তারা অঙ্গভঙ্গি করে বোঝাত।
অশ্লীল ইংরেজি শব্দে তারা পথচারীদের কাছে জানতে চাইত, মেয়ে কোথায় পাওয়া যায়। পথচারীরা অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে থাকত। কী লজ্জা! কিন্তু ওদের কোনো লজ্জা ছিল না। যুদ্ধ মানুষকে জানোয়ার বানিয়ে তোলে।
সেনা কর্মকর্তাদের দিয়ে দ্রুত বিল পাস করিয়ে নিতে ঠিকাদারেরা তাঁদের কাছে নারী সরবরাহ করত। দরিদ্র মেয়েদের ফুসলিয়ে নিয়ে আসা হতো। ততদিনে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে; ক্ষুধার তাড়নায় অনেক মেয়ে এই ফাঁদে পা দিতে বাধ্য হতো। যৌন পশুত্বের আরেক রূপ ছিল বালকদের ওপর লালসা। কিশোর ছেলেদের খুঁজে বেড়াত তারা—ওদের ভাষায় ‘জিকজ্যাক বয়’। অপরাধজগতের এমন অনেক শব্দ যুদ্ধের সময় এ দেশে এসেছে, তৈরি হয়েছে নতুন নতুন সাংকেতিক শব্দ।
বার্মার পতন ও পোড়ামাটি নীতির নির্মম পরিণতি
১৯৪২ সালের মার্চে বার্মার রাজধানী রেঙ্গুন দখল করে নেয় জাপান। মে মাসের মধ্যে বার্মায় ব্রিটিশ ও মিত্রবাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ে; তারা পিছু হটে ভারতীয় সীমান্তের দিকে। এতে আতঙ্ক আরও বেড়ে যায়।
বার্মার পতনের পরপরই ব্রিটিশ ভারত সরকার গ্রহণ করে ‘পোড়ামাটি নীতি’—শত্রু যাতে কিছুই ব্যবহার করতে না পারে, সে জন্য যোগাযোগ ও পরিবহনব্যবস্থা অকেজো করে দেওয়া। বন্ধ করে দেওয়া হলো নৌকা চলাচল। খাল ও নদীর পাড়ে নৌকা তুলে অকেজো করে রাখা হলো। বেকার হয়ে পড়লেন মাঝিরা, বেকার হলেন নৌকার সঙ্গে যুক্ত কর্মী ও কারিগরেরা।
চট্টগ্রামের কর্ণফুলী, শঙ্খ, হালদা ও এদের উপনদীগুলোতে চলত হাজার হাজার দুই দাঁড়ের বার্মিজ নৌকা। সবগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হলো। আরাকান-চট্টগ্রাম ও সন্দ্বীপ-চট্টগ্রাম যোগাযোগ রক্ষা এবং মালামাল বহনকারী বড় নৌকাগুলোও আটকে গেল। ফলে কাজ হারালেন হাজার হাজার শ্রমজীবী মানুষ।
নদী ও সাগরে জেলেদের মাছ ধরাও বন্ধ হয়ে গেল; বেকার হলেন জেলেরাও। থমকে গেল কামার, কুমার আর তাঁতিদের পেশা। দিশেহারা হয়ে এসব পরিবারের পুরুষেরা, পরে ঘরের বউরাও সামরিক বাহিনীর রাস্তা নির্মাণের কাজে নামলেন। রাস্তা বানাতে সেনারা দখল করল কৃষিজমি; মার খেলেন কৃষকেরাও, বেকার হলেন তাঁরাও।
এ অবস্থায় চালের আড়তদারেরা বাজার থেকে চাল কিনে গুদামে মজুত করতে লাগল, পরে বেশি দামে বিক্রি করতে লাগল সেনাবাহিনীর ঠিকাদারদের কাছে। অন্যদিকে সেনাবাহিনীর রসদ সরবরাহকারীরাও বাজারে নেমে চড়া দামে চাল কিনতে শুরু করল। ফলে বাজার থেকে চাল উধাও হতে থাকে।
এ সময়েই বাংলা ভাষায় যুক্ত হয় নতুন দুটি শব্দ—মজুতদার ও চোরাকারবারি। শব্দ দুটি যেন হয়ে উঠল মনুষ্যত্বহীনতা আর লালসার প্রতিশব্দ।
পতেঙ্গা বিমানঘাঁটিতে জাপানি বোমা হামলা
১৯৪২ সালের ৮ মে সকালে চট্টগ্রাম বন্দরের অদূরে সদ্য নির্মিত পতেঙ্গা বিমানঘাঁটিতে উপর্যুপরি বোমা ফেলে জাপানি বিমান। শুধু বোমা নয়, সেদিন বিমান থেকে চালানো হয় মেশিনগানের গুলিও। বোমা আর গুলিতে বিমানঘাঁটিতে নিহত হন ১৫০ জন শ্রমিক।
সেদিন জাপানি জঙ্গিবিমান বারবার হানা দেয় চট্টগ্রামের আকাশে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আরও। সরকারি প্রশাসন প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। অসহায় বোধ করেন জেলা ম্যাজিস্ট্রেট মি. জেমিসন। তিনি নিজে রেলস্টেশনে গিয়ে কর্মচারীদের শহর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান।

প্রাণভয়ে বার্মা থেকে পলায়ন
১৯৪২ সালের মে মাসের মধ্যে বার্মা দখল সম্পন্ন করে জাপান। এ সময় বার্মাপ্রবাসী ভারতীয়দের ওপর নির্যাতন শুরু করে স্থানীয় বর্মিদের একটি অংশ। ধনসম্পদ কেড়ে নেওয়ার পাশাপাশি চালানো হয় ব্যাপক হত্যাযজ্ঞ। ব্রিটিশ সরকার বার্মা ছেড়ে পিছু হটলে দলে দলে ভারতীয়রা দেশে ফিরতে শুরু করেন।
জাহাজের ওপর বোমাবর্ষণের কারণে বন্ধ হয়ে যায় জাহাজ চলাচলও। নিরুপায় হয়ে মানুষ হেঁটে কিংবা নৌকায় রওনা দেয়। সোজা কোনো পথ ছিল না; জঙ্গল কেটে পথ বানিয়ে চট্টগ্রামের দিকে আসতে থাকে লাখ লাখ মানুষ।
পথে অনাহারে, পথশ্রমে মারা গেছেন অনেকে। বৃদ্ধ-বৃদ্ধাদের পথেই ফেলে আসতে বাধ্য হয়েছে পরিবারের লোকজন। শিশুদের বহন করতে না পেরে অনুনয়-বিনয় করে রেখে এসেছে বর্মি পরিবারগুলোর কাছে। এর মধ্যেও পথযাত্রীদের ওপর বোমা ফেলেছে জাপানি বিমান।
চট্টগ্রাম ও কক্সবাজারে একের পর এক বিমান হামলা
আরাকান জাপানিদের দখলে চলে যাওয়ার পর ব্রিটিশরা চট্টগ্রামের হাটহাজারী, চন্দনাইশের দোহাজারী ও চকরিয়ার চিরিঙ্গাসহ বিভিন্ন স্থানে সামরিক বিমানঘাঁটি নির্মাণ করে আরাকান ফ্রন্টে যুদ্ধে নামে। বার্মা ফ্রন্টের প্রয়োজনে কালুরঘাট রেলসেতুকেও তখন বাস-ট্রাক চলাচলের উপযোগী করা হয়।
১৯৪২ সালের ৯ মে চট্টগ্রাম শহর, বন্দর ও গ্রামাঞ্চলে আবার বোমাবর্ষণ করে জাপানি বোমারু বিমান। ১৫ অক্টোবর একই দিনে দুবার বোমা হামলা হয় চট্টগ্রামে, ২৫ অক্টোবর আবারও। এরপর ডিসেম্বরের ৫, ১০, ১৫, ১৬, ২৩ ও ২৭ তারিখে একের পর এক বিমান হামলা চলে।
১৯৪৩ সালেও থামেনি হামলা। চট্টগ্রামে বিমান হামলা হয় ১৭ ও ২৩ জানুয়ারি, ২ ও ২৪ মার্চ এবং ৪ ও ৮ এপ্রিল। ২২ এপ্রিল হামলা হয় কক্সবাজার বিমানঘাঁটিতে; সেদিন ধ্বংস হয় চারটি জাপানি বিমান।
এরপর ১৯ ও ২২ মে এবং ২০ অক্টোবর চট্টগ্রামে, ২৫ অক্টোবর কক্সবাজারে এবং ১৬ ও ২০ ডিসেম্বর আবার চট্টগ্রামে বিমান হামলা হয়। এসব হামলায় হতাহত হন বহু মানুষ। এ সময়ে চট্টগ্রাম ও কক্সবাজারে প্রায় ১৫টি জাপানি জঙ্গিবিমান ধ্বংস হয়।

১৯৪৩ সালের অক্টোবরে চট্টগ্রাম বন্দরের ডকেও হামলা চালায় জাপানি বিমান। ব্রিটিশ যুদ্ধকালীন নথি অনুযায়ী, সেদিনের হামলায় সামরিক ক্ষয়ক্ষতি ছিল সামান্য, হতাহতের সংখ্যাও ছিল কম।
চালের দাম আকাশছোঁয়া, দুর্ভিক্ষের পদধ্বনি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালে দেখা দেয় মানবসৃষ্ট দুর্ভিক্ষ। অথচ ১৯৪১ সালেও চালের দাম ছিল মণপ্রতি ৩ টাকা ৮০ পয়সা। সেকালে জিনিসপত্র বিক্রি হতো মণ-সেরের হিসাবে; ৪০ সেরে এক মণ।
১৯৪২ সালের জানুয়ারি থেকে দাম চড়তে থাকে। মণপ্রতি দাম ফেব্রুয়ারিতে ৬ টাকা, মে মাসে ৮, আগস্টে ১০, অক্টোবরে ১২ আর ডিসেম্বরে ১৮ টাকায় গিয়ে দাঁড়ায়। ১৯৪৩ সালের মার্চে তা হয় ৩৫ টাকা, জুনে ৪০ টাকা, অক্টোবরে ৬০ টাকা।
দেড়-দুই টাকা সের দরে চাল কেনার সামর্থ্য দরিদ্রসীমার নিচের মানুষের থাকার প্রশ্নই ওঠে না; মধ্যবিত্তরাও অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় সরকার অন্য প্রদেশ থেকে সস্তা দরে বাজরা ও গম আমদানি করে।
গম চট্টগ্রামের মানুষের খাদ্যাভ্যাসে ছিল না। তবু রুটি বানিয়ে কিংবা আটা পানিতে গুলে তা খেতে শুরু করল মানুষ। বাজরা গুঁড়া করে বা বাজরার খিচুড়ি রেঁধে খেতে বাধ্য হলো। কিন্তু পেটে সইল না; পেটের অসুখে মারা গেল অসংখ্য মানুষ। নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোতে দিনে একবেলা খাওয়া, তা-ও চাল-গম-বাজরা মিশিয়ে—এটাই হয়ে দাঁড়াল নিয়ম।
কামার, কুমার, মাঝি, দিনমজুর, জেলে—ব্রিটিশ সরকারের পোড়ামাটি নীতির কারণে জীবিকা হারানো লাখ লাখ নারী-পুরুষের তখন চড়া দামে একমুঠো চাল বা বাজরা কেনার সামর্থ্যও ছিল না।
তারা দলে দলে শহরের দিকে আসতে শুরু করল; ভিড় করল সৈন্যছাউনির আশপাশে, উচ্ছিষ্ট খাবার কুড়াতে। হাতে টিনের পাত্র নিয়ে ঘরে ঘরে ভিক্ষা চাইতে লাগল। প্রথমে বলত, ‘ভাত দাও মা।’ ভাত কে দেবে? তারপর শোনা গেল কান্নাভেজা আকুতি, ‘ফ্যান দাও।’ ফ্যানও মেলে না।
ক্ষুধার মিছিলে মৃত্যুর নগরী
নৌকাঘাটে, রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল মৃতদেহ—প্রথমে শিশুদের, তারপর নারীদের, তারপর কঙ্কালসার পুরুষদের। এমনও দেখা গেছে, মৃত মায়ের স্তন চুষছে জীবিত শিশু। মাথার ওপর উড়ছে শকুন।

ক্ষুধার সঙ্গে লড়তে গ্রামের মানুষ জমি বেচল, গরু বেচল, ঘরের জিনিসপত্র বেচল। শেষে বেচল পুত্র-কন্যা, এমনকি স্ত্রীকেও। অন্নের খোঁজে বিচ্ছিন্ন হয়ে গেলেন স্বামী-স্ত্রী। সেনাব্যারাকে খাবার ভিক্ষা করতে গিয়ে সম্ভ্রম হারালেন অনেক নারী; অনেক অবিবাহিত মেয়ের ঠাঁই হলো যৌনপল্লিতে।
পরিত্যক্ত বাড়ির বারান্দায়, রেলস্টেশনের আশপাশে আর প্ল্যাটফর্মে বুভুক্ষু নারী-পুরুষের ভিড়। চেহারা দেখে বোঝার উপায় নেই, এরাই একদিন ছিলেন গ্রামের কৃষক, কারিগর, জেলে। পরনে ছেঁড়া কাপড় কিংবা নেংটি, নারীদের লজ্জা ঢাকার কাপড়টুকুও নেই। বুকের হাড় বেরিয়ে আছে, চোখ কোটরে ঢোকা, কথা জড়িয়ে যাচ্ছে, দৃষ্টি উদাস ও অসহায়।
নদীর ধারে, খালের পাড়ে মৃতদেহ ঘিরে বসেছে শকুন। পৌরসভার কর্মীরা লাশ সরিয়ে পোড়াতে বা মাটিচাপা দিতে আর পেরে উঠছিলেন না। কখনো রাস্তার ধারে, কখনো ডাস্টবিনের পাশে লাশ ফেলে রেখে আসা হতো। মানুষ তখন ভীষণ নিষ্ঠুর, বোধহীন হয়ে পড়েছিল।
গ্রামের দরিদ্র পাড়াগুলোর ঘরবাড়ি একেবারে ভেঙে পড়ল। এক বছরের মধ্যে সেসব ভিটায় ঘাস গজিয়ে উঠল। মাত্র এক বছর আগেও যে সেখানে মানুষের বসতি ছিল, তা চেনার উপায় রইল না।
১৯৪৩ সালের দুর্ভিক্ষ ও মহামারি: মৃত্যু দুই লাখের বেশি
অনাহারের এই পর্বের পর দেখা দিল মহামারি। একধরনের শোথরোগ, যা এ অঞ্চলের মানুষ আগে কখনো দেখেনি। চিকিৎসকেরাও এমন রোগীর কথা জানতেন না; ফলে হাসপাতালে পাঠিয়েও মিলত না উপযুক্ত ওষুধ।
প্রথমে পা, তারপর সারা শরীর ফুলে ঢোল হয়ে যেত; শরীরজুড়ে জমত পানি। এরপর চামড়া ফেটে ঘা, সেই ঘা থেকে ঝরত পানি, ছড়াত দুর্গন্ধ—কাছে যাওয়ার উপায় থাকত না। চলার শক্তি হারিয়ে রোগী শুয়ে থাকত, একসময় নিথর হয়ে যেত।
ভয়াবহ এই দুর্ভিক্ষে চট্টগ্রামের শহর, বন্দর ও গ্রাম মিলিয়ে আঠারো লাখ মানুষের মধ্যে মারা যান দুই লাখের বেশি নারী-পুরুষ। বহু গবেষণা অনুযায়ী, ১৯৪৩-৪৪ সালের দুর্ভিক্ষে সমগ্র বাংলায় প্রাণ হারিয়েছিলেন আনুমানিক ৩০ লাখ মানুষ।
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি: যুদ্ধের নীরব সাক্ষী
নগরের সার্সন রোড ও চট্টেশ্বরী রোডের সংযোগস্থলের কাছে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে নিহত ব্রিটিশ, অস্ট্রেলীয়, কানাডীয়, নিউজিল্যান্ডসহ নানা দেশের সাত শতাধিক সৈনিক এখানে সমাহিত। ১৯৪৫ সালে এটি চট্টগ্রাম ওয়ার সিমেট্রি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে এখানে মোট ৭৫৫টি সমাধি রয়েছে। এর মধ্যে ৭৩১টি কমনওয়েলথভুক্ত দেশের সৈনিকদের, যাঁদের ১৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া রয়েছে ১৯ জন জাপানি সৈনিক, নেদারল্যান্ডসের নৌবাহিনীর একজন সদস্য এবং যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় এমন চারজন ব্রিটিশ সামরিক সদস্যের সমাধি।
রমেশ শীলের গানে দুর্ভিক্ষের আর্তনাদ
দুর্ভিক্ষে সাধারণ মানুষের অসহায়ত্ব উঠে এসেছিল কবিয়াল রমেশ শীলের গানেও। ‘দেশ জ্বলে যায় দুর্ভিক্ষের আগুনে’—এই গানে তিনি প্রশ্ন তুলেছিলেন, দেশ যখন পুড়ছে, তখনো মানুষ কেন জাগছে না। গানে উঠে এসেছে আগের বছরেই মরে যাওয়া দিনমজুরদের কথা, অনাহার আর রোগে ধুঁকতে থাকা জীবিতদের কথা; মায়ের বুকে দুধ শুকিয়ে যাওয়ায় মারা যাওয়া শিশু, সন্তান বিক্রি করে দেওয়া বাবা আর পেটের দায়ে সম্ভ্রম হারানো নারীর কথা। মানুষের মন থেকে দয়ামায়া উবে যাওয়া সেই সময়ের এক জীবন্ত দলিল এই গান।
জামাল উদ্দিন: ইতিহাস গবেষক, লেখক ও সাংবাদিক
আপনার মতামত লিখুন
১টি মন্তব্য




অনেক অজানারে….