খুঁজুন
, ,
সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬
টপ নিউজ

বাংলার মানুষ ধরে চট্টগ্রাম থেকে বিক্রি করত মগ-পর্তুগিজ জলদস্যুরা

বাংলার মানুষ ধরে চট্টগ্রাম থেকে বিক্রি করত মগ-পর্তুগিজ জলদস্যুরা
যুদ্ধ ও পণ্য পরিবহনে পর্তুগিজদের ব্যবহৃত দ্রুতগামী দাঁড়টানা নৌযান। ষোড়শ শতকের শেষভাগে প্রকাশিত লিনসখোটেনের ভ্রমণগ্রন্থের খোদাইচিত্র
২২ নভেম্বর ২০২৬, ২০:৩১

কামানের গর্জনে কেঁপে উঠত অংগারখালীর ঘাট। মাস্তুলে উড়ত পতাকা, নৌকায় চলত হৈ-হুল্লোড়। দক্ষিণ চট্টগ্রামের এই নদীবন্দরে এভাবেই ফিরত পর্তুগিজ দস্যুবহর, বাংলার ভেতর থেকে লুট করা সম্পদ নিয়ে। আর নিয়ে আসত মানুষ। পরিবার থেকে ছিনিয়ে আনা নারী, পুরুষ, শিশু।

সপ্তদশ শতকের প্রথমার্ধে এই দৃশ্যের বিবরণ লিখে রেখে গেছেন পর্তুগিজ ধর্মযাজক সেবাস্তিয়াও ম্যানরিক। চট্টগ্রাম ও আরাকানে তিনি দীর্ঘ সময় কাটিয়েছিলেন। তাঁর ভ্রমণবৃত্তান্ত অনুযায়ী, দস্যুরা লুটের মাল আর বন্দিদের প্রকাশ্যে প্রদর্শন করত, যাতে তীরের মানুষ জানে অভিযান সফল হয়েছে। একই ঘাটে, একই সময়ে এক পক্ষের উৎসব, আরেক পক্ষের আর্তনাদ।

এটি বাংলার ইতিহাসের এমন এক অধ্যায়, যা আমাদের আলোচনায় প্রায় অনুপস্থিত। দাসপ্রথার কথা উঠলে সাধারণত আফ্রিকা, ইউরোপ বা আমেরিকার কথাই মনে আসে। কিন্তু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেও দাসবাণিজ্যের দীর্ঘ ইতিহাস আছে। সপ্তদশ শতকে বঙ্গোপসাগরে গড়ে উঠেছিল মানুষ কেনাবেচার এক বিস্তৃত নেটওয়ার্ক। আরাকান-সমর্থিত মগ জলদস্যু ও পর্তুগিজ ফ্রিবুটাররা বাংলার উপকূল ও নদীতীরের জনপদ থেকে মানুষ ধরে নিয়ে যেত। সেই নেটওয়ার্কের কেন্দ্রে ছিল চট্টগ্রাম, দিয়াঙ্গা, দেয়াঙ, অংগারখালী ও সন্দ্বীপ।

বন্দিদের কেউ হতো নৌকর্মী, কেউ গৃহদাস, কেউ শ্রমিক। অনেককে বিক্রি করা হতো দূরের বন্দর ও বাণিজ্যকেন্দ্রে। এই ভূগোলকে শুধু বাণিজ্য, দুর্গ, গির্জা কিংবা রাজনৈতিক সংঘাতের ইতিহাস হিসেবে দেখলে তার বড় একটি অংশ আড়ালে থেকে যায়। কারণ এই সমুদ্রপথে একসময় পণ্যের পাশাপাশি মানুষও চলাচল করত। তবে স্বাধীন মানুষ হিসেবে নয়, বন্দি ও দাস হিসেবে।

জীবিকার নদী যেভাবে আতঙ্কের পথ হয়ে উঠেছিল

আজ নদী আমাদের কাছে যোগাযোগ ও জীবিকার পথ। কয়েক শ বছর আগে বাংলার বিস্তৃত নদীনেটওয়ার্ক ছিল সামুদ্রিক শক্তিগুলোর কাছে একই সঙ্গে বাণিজ্যপথ ও সামরিক অভিযানের প্রবেশদ্বার। বঙ্গোপসাগর থেকে মোহনা ধরে দ্রুতগতির নৌযান ঢুকে পড়তে পারত বাংলার গভীরে। নদীর সঙ্গে নদী, মোহনার সঙ্গে খাল, উপকূলের সঙ্গে ভেতরের জনপদ মিলে তৈরি হয়েছিল এক জটিল জলজাল।

এই ভূগোলকে কাজে লাগিয়েছিল আরাকান রাজ্যের নৌবাহিনী, পর্তুগিজ নাবিক ও ফ্রিবুটারদের নানা গোষ্ঠী এবং স্থানীয় সামরিক শক্তি। তাদের সম্পর্ক ছিল জটিল। কখনো তারা প্রতিদ্বন্দ্বী, কখনো সহযোগী। রাজনীতি, বাণিজ্য আর সামরিক প্রয়োজনে সেই সম্পর্ক বারবার বদলেছে। কিন্তু উপকূলে তাদের অনেক অভিযানের পরিণতি ছিল একই: মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া।

সপ্তদশ শতকের বঙ্গোপসাগরীয় দাসবাণিজ্য নিয়ে গবেষণায় চট্টগ্রাম, দিয়াঙ্গা ও সন্দ্বীপকে বন্দি মানুষ সংগ্রহ ও সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরাকানের শাসকেরা পর্তুগিজ স্বাধীন ব্যবসায়ী ও জলদস্যুদের মাধ্যমে বন্দি সংগ্রহ ও বাজারজাত করার সুযোগ পেতেন। নদী ও সমুদ্র তখন শুধু বাণিজ্যের পথ ছিল না, হয়ে উঠেছিল মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার পথও।

এই নেটওয়ার্কের একটি বড় ঘাঁটি ছিল দিয়াঙ্গা। সপ্তদশ শতকের শুরুতে এটি ছিল চট্টগ্রামে পর্তুগিজ উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র। ১৬০৭ সালে আরাকানের রাজা মিন রাজাগ্রি দিয়াঙ্গায় পর্তুগিজদের ওপর আক্রমণ চালান। পরে দুই পক্ষের মধ্যে নতুন রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়। পর্তুগিজ নৌযোদ্ধাদের একটি অংশ আরাকানের সামুদ্রিক শক্তির সঙ্গে মিলে বাংলার উপকূলে অভিযান চালাতে থাকে। দিয়াঙ্গা তখন আর নিছক বসতি বা বাণিজ্যকেন্দ্র থাকেনি। হয়ে উঠেছিল বঙ্গোপসাগরীয় বাণিজ্য, সামরিক অভিযান ও মানবপাচারের এক সংযোগকেন্দ্র।

এই পাচারের বড় ক্রেতাও ছিল। সপ্তদশ শতকে আরাকান থেকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভিওসির (VOC) জন্য দাস সরবরাহে চট্টগ্রাম, দিয়াঙ্গা ও সন্দ্বীপ ছিল গুরুত্বপূর্ণ উৎস। কোনো কোনো বছরে আরাকান থেকে এক হাজারের বেশি দাস ভিওসির কাছে সরবরাহ করা হয়েছিল।

সপ্তদশ শতকের এশীয় উপকূলে ইউরোপীয় বণিক ও নাবিকদের খোদাইচিত্র
ইউরোপীয় বণিক ও নাবিকদের উপস্থিতিতে এশিয়ার এক উপকূলীয় জনপদের দৃশ্য। পুরোনো একটি ডাচ খোদাইচিত্র। প্রতীকী ছবি

দাসশিকার ছিল একটি সংগঠিত কার্যক্রম। আগে বেছে নেওয়া হতো আক্রমণের জনপদ। নদীপথে এগিয়ে যেত নৌকা। অতর্কিত হামলায় ধরা হতো নারী, পুরুষ, শিশু। হাত-পা বেঁধে বা পাহারায় তাদের তোলা হতো নৌযানে। দীর্ঘ পথে অনেকে মারা যেত। যারা বেঁচে থাকত, তাদের বিক্রি বা হস্তান্তর করা হতো নানা জায়গায়। জলদস্যুদের কাছে সোনা, রুপা, চাল কিংবা লবণের মতো মানুষও ছিল লুণ্ঠনের সম্পদ।

এই ব্যবস্থার সঙ্গে শুধু জলদস্যুরাই জড়িত ছিল না। স্থানীয় শাসক, ব্যবসায়ী, নৌযানের মালিক এবং আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানও বিভিন্ন সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এতে যুক্ত ছিল। বন্দি হওয়ার মুহূর্ত থেকে একজন মানুষের গায়ে দাম বসানো হতো। সে হয়ে উঠত শ্রমের উৎস, বিক্রিযোগ্য সম্পদ, অন্যের মালিকানাধীন বস্তু। এই অর্থনৈতিক বাস্তবতাই দাসশিকারকে দীর্ঘস্থায়ী করেছিল।

বঙ্গোপসাগরের বিভিন্ন বন্দর, আরাকান, চট্টগ্রাম, দিয়াঙ্গা, সন্দ্বীপ, করোমণ্ডল উপকূল আর দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বিস্তৃত সামুদ্রিক নেটওয়ার্ক দিয়েই এক অঞ্চলের বন্দি পৌঁছে যেত আরেক অঞ্চলে। তাই একে শুধু ‘জলদস্যুদের দস্যুতা’ বললে পুরো চিত্র পাওয়া যায় না। এর পেছনে ছিল চাহিদা, বাজার, শ্রমের প্রয়োজন আর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বড় কাঠামো।

সমুদ্রের মাঝখানে আরেকটি কেন্দ্র ছিল সন্দ্বীপ। বঙ্গোপসাগরের উত্তর-পূর্বে দ্বীপটির অবস্থান ঘিরে ষোড়শ ও সপ্তদশ শতকে পর্তুগিজ, আরাকান, মুঘল ও স্থানীয় শক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলেছে। ষোড়শ শতকের শেষভাগ থেকে সেখানে পর্তুগিজ উপস্থিতি গড়ে ওঠে। পরে সেবাস্তিয়াও গনসালভেসের মতো পর্তুগিজ সামরিক অভিযাত্রী সেখানে শক্ত ঘাঁটি গড়েন। ১৬১৭ সালে আরাকান বাহিনীর হাতে তাঁর পরাজয়ের পর পরিস্থিতি বদলে যায়। দ্বীপটি থেকে বঙ্গোপসাগরের নানা বন্দর, করোমণ্ডল উপকূল ও আরাকানমুখী পথে যাতায়াত করা যেত। ফলে সন্দ্বীপের দুর্গ আর যুদ্ধের ইতিহাসের ভেতরেও লুকিয়ে আছে মানুষের স্বাধীনতা হারানোর এক নির্মম অধ্যায়।

দক্ষিণ চট্টগ্রামের উপকূলের দিকে তাকালে ছবিটা আরও স্পষ্ট হয়। দেয়াঙের দক্ষিণে জুঁইদণ্ডী, খুরসকুল ও সরেঙ্গার মতো জনপদ ছিল নদী ও উপকূলীয় জলপথের সঙ্গে যুক্ত। স্থানীয় লোকস্মৃতিতে এসব এলাকায় পর্তুগিজ ও মগ জলদস্যুদের আনাগোনার কথা আছে। কোথাও কোথাও এগুলোকে দস্যুদের আশ্রয় বা নৌযান রাখার জায়গা হিসেবে চিহ্নিত করার চেষ্টাও হয়েছে। দস্যুদের জন্য বড় বন্দরই একমাত্র ভরসা ছিল না। ছোট নদী, খাল, মোহনা, চর ও আড়ালঘেরা উপকূল নৌযান লুকানো, বন্দি আটকে রাখা কিংবা দ্রুত সরে পড়ার কাজে লাগত।

এ কারণে এই জনপদগুলোর ইতিহাস নতুন করে খোঁজা দরকার। প্রবীণদের স্মৃতি, পুরোনো খাল ও নদীর নাম, জমির নথি, পর্তুগিজ ও আরাকানি বিবরণ এবং পুরোনো মানচিত্র মিলিয়ে দেখলে হারিয়ে যাওয়া জলদস্যু নেটওয়ার্কের আরও স্পষ্ট ছবি মিলতে পারে।

একই ঘাটে গির্জা, পাশেই দস্যুদের বন্দর

এই নেটওয়ার্ক বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর একটি অংগারখালী। কারণ এখানে শুধু লোকস্মৃতি নয়, আছে প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ। ম্যানরিক ১৬৩০ সালে দিয়াঙ্গা থেকে আরাকানের রাজদরবারে যান। পরে আরাকান রাজার অনুমতি নিয়ে দিয়াঙ্গার কাছাকাছি একটি গির্জা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাঁর বিবরণে জায়গাটির নাম অংগারকাল। ঐতিহাসিক সূত্রে একে দিয়াঙ্গার নিকটবর্তী একটি জেলেপল্লি বলা হয়েছে।

আজকের দেয়াঙের মরিয়ম আশ্রমকে স্থানীয়ভাবে অংগারখালীর সেই পর্তুগিজ গির্জার উত্তরসূরি মনে করা হয়। এই ধারাবাহিকতা প্রমাণে আরও প্রত্নতাত্ত্বিক ও দলিলভিত্তিক গবেষণা প্রয়োজন। তবে অংগারখালী যে পর্তুগিজ ক্যাথলিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল, ম্যানরিকের বিবরণে তার স্পষ্ট ইঙ্গিত আছে।

ম্যানরিকের বর্ণনা অনুযায়ী, সেখানকার খ্রিস্টানদের বড় অংশ ছিল দরিদ্র। কেউ স্থানীয় জেলে, নদী আর সমুদ্রে মাছ ধরাই তাদের জীবিকা। কেউ এসেছে ভারতের নানা অঞ্চল বা অন্য পর্তুগিজ বসতি থেকে। আবার কাউকে পর্তুগিজ জলদস্যুরা বিভিন্ন জায়গা থেকে বন্দি করে এনেছিল। তাদের কেউ কেউ জোর করে খ্রিস্টধর্ম গ্রহণে বাধ্য হয়েছিল। পরে স্থানীয় নারীদের বিয়ে করে তারা অংগারখালী ও আশপাশে থিতু হয়। কেউ কেউ স্থানীয় প্রভাবশালীদের অধীনে লাঠিয়াল বা সশস্ত্র কর্মী হিসেবেও কাজ করত।

ম্যানরিক এই দেশীয় খ্রিস্টানদের গির্জার আশপাশে বসবাসের জন্য সংগঠিত করার চেষ্টা করেন। তাঁর বর্ণনায় ৯৭ জন দেশীয় খ্রিস্টানের সঙ্গে সাক্ষাতের কথা আছে। তারা জানিয়েছিল, তাদের জমিজমা নেই। স্থানীয় নারীদের বিয়ে করে সংসার পেতেছে, সন্তান আছে। স্ত্রীদের ধর্মান্তরিত করে গির্জায় আনাও সহজ নয়। ম্যানরিক তাদের জন্য গির্জার কাছে ঘর, পোশাক ও এক মাসের খাবারের প্রতিশ্রুতি দেন। পর্তুগিজদের কাছ থেকে অর্থ তুলে বাঁশ ও খড়ের ঘর তৈরির ব্যবস্থাও করেন।

এই বিবরণ শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের ইতিহাস নয়। এটি অংগারখালীর জনবসতির চরিত্রও তুলে ধরে। সেখানে কেউ স্থানীয়, কেউ বহিরাগত, কেউ জীবিকার খোঁজে আসা, কেউ বন্দি হয়ে আনা। অংগারখালীর জনজীবনের সঙ্গে তাই জড়িয়ে ছিল পর্তুগিজ সামুদ্রিক শক্তি আর মানুষের জোরপূর্বক স্থানান্তরের ইতিহাস।

অংগারখালীর সবচেয়ে অন্ধকার দিকটি ছিল এর বন্দর। ম্যানরিকের বিবরণে গির্জার পাশের এই বন্দরের সঙ্গে পর্তুগিজ জলদস্যুদের ঘনিষ্ঠ যোগের কথা পাওয়া যায়। এখান থেকেই দস্যুরা বাংলার নদী ও উপকূলে অভিযানে বের হতো, ফিরত লুটের মাল আর বন্দি মানুষ নিয়ে। একদিকে গির্জায় প্রার্থনা আর ধর্মপ্রচারের উদ্যোগ। অন্যদিকে ঘাটে দস্যুদের নৌবহর, আর সেই একই সামুদ্রিক নেটওয়ার্কে মানুষের বন্দিত্ব ও কেনাবেচা। সপ্তদশ শতকের চট্টগ্রাম উপকূলের এই বৈপরীত্য মনে রাখা জরুরি।

ঢাকার কাছ থেকে তুলে আনা এক মুঘল নারী

ম্যানরিকের বৃত্তান্তের সবচেয়ে মর্মস্পর্শী অংশ বাংলার ভেতরে চালানো একটি দস্যু অভিযানের বিবরণ। তাঁর বর্ণনা অনুযায়ী, ক্যাপ্টেন দিয়াগো দ্য সুজার নেতৃত্বে একটি পর্তুগিজ দস্যুবহর ঢাকার কাছাকাছি একটি সমৃদ্ধ জনপদে হামলা চালায়। সেখানে আগে কখনো দস্যুরা আসেনি, মানুষ ছিল তুলনামূলক নিশ্চিন্ত। সেই নিশ্চিন্ততা ভাঙে হঠাৎ। দস্যুরা বিপুল সম্পদ লুট করে, ধরে নিয়ে যায় কয়েকজন মানুষকে।

বন্দিদের মধ্যে ছিলেন এক সম্ভ্রান্ত মুঘল নারী। কন্যা ও শাশুড়িকে নিয়ে গরুর গাড়িতে পালানোর চেষ্টা করছিলেন তিনি, সঙ্গে ছিলেন একজন পাহারাদার। দস্যুরা তাঁদের ধরে ফেলে। ঢাকার মুঘল কর্তৃপক্ষ কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তোলার আগেই বহরটি বন্দি ও লুটের মাল নিয়ে অংগারখালীর পথে ফিরে যায়। এই একটি ঘটনাই বলে দেয়, অংগারখালী ছোট কোনো স্থানীয় ঘাট ছিল না। এখান থেকে চালানো নৌ-অভিযান পৌঁছে যেত ঢাকার আশপাশ পর্যন্ত।

ম্যানরিক নারীটির পরিচয়ও লিখে রেখেছেন। তিনি ছিলেন এক হাজারি মনসবদারের কন্যা, দুই হাজারি মনসবদারের স্ত্রী। স্বামী ছিলেন একজন মীর্জা। যে এলাকায় তাঁরা বন্দি হন, সেটি ছিল মীর্জার জাগিরের অংশ। পরিবারটি থাকত ঢাকায়। সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহ মীর্জাকে দিল্লিতে ডেকে পাঠান। তার আগে স্ত্রী, কন্যা ও বৃদ্ধা শাশুড়িকে কিছুদিনের জন্য জাগিরে পাঠানো হয়েছিল। সেখানেই ঘটে দস্যুদের আক্রমণ। ঘটনাটি দেখায়, জলদস্যুদের শিকার শুধু কৃষক বা জেলেরা ছিলেন না। সুযোগ পেলে তারা অভিজাত পরিবারকেও ছাড়ত না।

অংগারখালীতে আনার পর এক পর্তুগিজ ক্যাপ্টেন নিরাপত্তার আশ্বাস দিয়ে নারীটিকে নিজের ঘরে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। নারীটি আত্মসমর্পণ করেননি। ম্যানরিকের বর্ণনা অনুযায়ী, তিনি লোকটির জিহ্বায় এত জোরে কামড় দেন যে প্রচণ্ড রক্তক্ষরণে তার প্রাণ নিয়েই শঙ্কা দেখা দেয়। খবর পেয়ে ম্যানরিক যখন পৌঁছান, তখন শাস্তি দিতে নারীটিকে নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ম্যানরিক হস্তক্ষেপ করে তাঁকে রক্ষা করেন। জলদস্যুদের হাতে বন্দি নারীদের অসহায়ত্বের ভেতরেও প্রতিরোধের এমন চিত্র বিরল।

এরপর ম্যানরিক পরিবারটিকে এক ক্যাথলিক গৃহস্থের বাড়িতে আশ্রয় দেন। তখনই আসে আরেক আঘাত। নারীটির ছোট মেয়ে অসুস্থ হয়ে মারা যায়। শোকে বিপর্যস্ত মা ও বৃদ্ধা শাশুড়িকে এই পরিস্থিতিতে খ্রিস্টধর্ম গ্রহণে রাজি করান ম্যানরিক।

অংশটি ম্যানরিকের বৃত্তান্তের একটি বৈশিষ্ট্যও সামনে আনে। তিনি নিজেকে শুধু ধর্মযাজক হিসেবে দেখেননি। বন্দি মানুষকে ধর্মান্তরিত করাও ছিল তাঁর মিশনের অংশ। অংগারখালীর ইতিহাসে তাই ধর্মপ্রচার, বন্দিত্ব আর দাসশিকার একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।

হুগলি থেকে চট্টগ্রাম, একটি যুগের অবসান

পর্তুগিজ জলদস্যুদের প্রভাব চট্টগ্রাম বা অংগারখালীতে সীমাবদ্ধ ছিল না। বাংলার নানা নদীবন্দর ও পর্তুগিজ বসতির সঙ্গে তাদের যোগাযোগ ছিল। হুগলির পর্তুগিজ বসতি তখন মুঘল প্রশাসনের সঙ্গে ক্রমেই সংঘাতে জড়াচ্ছিল। জলদস্যুতা, বন্দি বিক্রি, অবৈধ বাণিজ্য আর রাজনৈতিক বিরোধে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ১৬৩২ সালে মুঘল বাহিনী হুগলিতে অভিযান চালায়। দীর্ঘ অবরোধের পর হুগলি মুঘলদের নিয়ন্ত্রণে আসে, বহু পর্তুগিজ নিহত বা বন্দি হন।

তবে অংগারখালী বা দিয়াঙ্গার দস্যুশক্তি আর হুগলির পর্তুগিজ বাণিজ্যিক বসতিকে একই সংগঠন ভাবা ঠিক হবে না। তাদের রাজনৈতিক অবস্থান ও কার্যক্রমে পার্থক্য ছিল। কিন্তু জলদস্যুতা, দাসশিকার আর পর্তুগিজ সামুদ্রিক নেটওয়ার্কের কারণে মুঘল প্রশাসনের চোখে তারা হয়ে উঠেছিল একটি বৃহত্তর নিরাপত্তা ও রাজনৈতিক সমস্যা।

চূড়ান্ত আঘাত আসে ১৬৬৬ সালে। শায়েস্তা খানের নেতৃত্বাধীন মুঘল অভিযানে চট্টগ্রাম মুঘল নিয়ন্ত্রণে আসে। অবসান ঘটে চট্টগ্রামে আরাকানের দীর্ঘ নিয়ন্ত্রণের, ভেঙে পড়ে বাংলার দক্ষিণ-পূর্ব উপকূলের পুরোনো রাজনৈতিক ও সামুদ্রিক ভারসাম্য।

জলদস্যুতা এক দিনে শেষ হয়নি। কিন্তু যে আরাকান-পর্তুগিজ সামুদ্রিক শক্তি সপ্তদশ শতকের প্রথমার্ধে বাংলার উপকূলে আতঙ্ক ছড়িয়েছিল, তার পতনের পথ তৈরি হয়। চট্টগ্রামের মুঘল বিজয় তাই শুধু একটি ভূখণ্ড দখলের ঘটনা নয়। এটি বঙ্গোপসাগরের রাজনৈতিক ও বাণিজ্যিক ইতিহাসের এক বড় বাঁক।

আজ অংগারখালী বন্দরের আগের চেহারা আর নেই। শঙ্খ নদীর গতিপথ বদল, পলি জমা আর ভাঙা-গড়ার দীর্ঘ প্রক্রিয়ায় পুরোনো নদীপথের বড় অংশ ভরাট হয়ে গেছে। একসময়ের নদী ও বন্দর এলাকা ধীরে ধীরে স্থলভূমিতে পরিণত হয়েছে। সেখানে গড়ে উঠেছে জনবসতি, পরিচিতি পেয়েছে বরুমচড়া নামের বড় গ্রাম। বরুমচড়ার পশ্চিমে এখনো আছে খুরসকুল, সরেঙ্গা ও জুঁইদণ্ডী।

আর আছে একটি খাল। স্থানীয় মানুষের মুখে তার নাম অঁয়ড়খালী।

সময়ের সঙ্গে উচ্চারণ বদলেছে। অংগারখালী হয়ে গেছে অঁয়ড়খালী। বন্দর হারিয়েছে তার নদী, দস্যুরা হারিয়েছে তাদের ঘাঁটি। কিন্তু নামটি রয়ে গেছে।

লেখক: ইতিহাসবিদ, গবেষক ও সাংবাদিক

আরও পড়ুন: ‘ফ্যান দাও’ বলে পথে পথে মরেছিল চট্টগ্রামের দুই লাখ মানুষ

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

টপ নিউজ থেকে আরও