কেইপিজেডে ব্যানার টানিয়ে নিয়োগের ডাক, তবু থামছে না প্রশ্ন

ধানখেতের কিনারে দুটি খুঁটির মাঝে টানটান করে বাঁধা একটি সাদা ব্যানার। ওপরে বড় হরফে লেখা “নিয়োগ বিজ্ঞপ্তি”। নিচে নয়টি পদের নাম, কারখানা ব্যবস্থাপক থেকে শুরু করে নারী সুইং অপারেটর পর্যন্ত। একেবারে নিচে একটি ই-মেইল ঠিকানা আর কোরিয়ান ইপিজেডের ভেতরে কেএসআই গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের ঠিকানা।
চট্টগ্রামের কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) উত্তর ও দক্ষিণ দুই প্রবেশপথেই এমন ব্যানার দেখা গেছে। ব্যানারগুলো চোখে পড়ে বাংলার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশের পরদিন। “ইয়াংওয়ানের নিয়োগে স্থানীয়রা উপেক্ষিত, ‘ছাড় নয়’ বললেন এমপি” শিরোনামের ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে আনোয়ারা ও আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
কেইপিজেড গড়ে তুলেছে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান গোষ্ঠী। তাই এখানকার কারখানায় কারা কাজ পাচ্ছেন, সেই প্রশ্ন শুধু একটি প্রতিষ্ঠানের নিয়োগনীতির বিষয় নয়। এটি একটি বিশাল শিল্পাঞ্চল আর তার চারপাশের গ্রামগুলোর সম্পর্কেরও প্রশ্ন। গ্রামের মানুষ জমি আর পরিবেশ দিয়ে এই শিল্পাঞ্চলের পাশে থাকছেন, আর তাঁদের প্রত্যাশা ছিল এর বিনিময়ে কাজ পাবেন।
ইয়াংওয়ান কর্পোরেশন (বাংলাদেশ) অবশ্য স্থানীয়দের উপেক্ষার অভিযোগ পুরোপুরি নাকচ করছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার এম. মোক্তার হোসেন এসব অভিযোগকে “অপপ্রচার” বলে দাবি করেন।
“আমরা এখন নতুন করে ব্যানার টানাইনি, বরং গত তিন মাস ধরেই নিয়োগের প্রচারণা চালাচ্ছি,” বলেন তিনি। তাঁর দাবি, স্থানীয়দের আগ্রহী করতে প্রায় আড়াই হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। “কিন্তু দুঃখজনকভাবে স্থানীয়দের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। কারখানার উৎপাদন সচল রাখতে আমাদের জরুরি ভিত্তিতে শ্রমিক প্রয়োজন, তাই বাধ্য হয়ে সারাদেশে প্রচারণা চালাতে হচ্ছে।”
মোক্তার হোসেন জানান, কেইপিজেডের কারখানাগুলোতে কর্মরত মোট শ্রমিকের ৯২ শতাংশই স্থানীয়। তাঁদের বেশির ভাগ আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, পটিয়া ও চন্দনাইশ উপজেলার বাসিন্দা। এই পরিসংখ্যান প্রতিষ্ঠানটির নিজস্ব হিসাব।
তিনি বলেন, সেলাই বা সুইং সেকশনে মূলত নারী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়, তবে প্রয়োজনে পুরুষও নেওয়া হচ্ছে। অভিজ্ঞদের সরাসরি চাকরি দেওয়া হবে। আর যাঁদের অভিজ্ঞতা নেই, তাঁদের প্রতিষ্ঠানের নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে দক্ষ করে নিয়োগ দেওয়া হবে।
ফটকের ব্যানার অবশ্য ভিন্ন কথা বলে। সেখানে তালিকাভুক্ত নয়টি পদের প্রতিটির জন্যই পোশাক কারখানায় কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কারখানা ব্যবস্থাপকের জন্য কমপক্ষে ১৫ বছর, প্রোডাকশন ম্যানেজারের জন্য ১০ বছর। সবচেয়ে নিচের ধাপের পদ নারী সুইং অপারেটরের জন্যও শর্ত কমপক্ষে দুই বছরের “বাস্তব অভিজ্ঞতা”। অভিজ্ঞতাহীন প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগের কোনো উল্লেখ ব্যানারে নেই।
সমালোচকদের প্রসঙ্গে মোক্তার হোসেন বলেন, “কে কী বলছে তা নিয়ে আমরা বিচলিত নই, কারও সাথে ঝগড়াও করতে যাব না। যোগ্য ও আগ্রহী স্থানীয়রা যোগাযোগ করলে আমরা সবসময়ই তাদের স্বাগত জানাব।”
স্থানীয় চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতা অবশ্য অন্য রকম। তাঁদের একজন পারভেজ আদনান। তিনি বলেন, কেইপিজেডে কখন নিয়োগ চলে, গ্রামের সাধারণ তরুণেরা অনেক সময় তা ঠিকমতো জানতে পারেন না। যোগ্যতা থাকার পরও অনেকে সুযোগ পাচ্ছেন না বলে তাঁর অভিযোগ।
তাঁর প্রস্তাব, ইউনিয়ন পর্যায়ে মাইকিং আর অনলাইনে নিয়োগের খবর প্রচার করা হোক। স্থানীয়দের জন্য বিশেষ কোটা বা সহজ শর্তে সাক্ষাৎকারের ব্যবস্থাও চান তিনি।
“শুধু গেটে ব্যানার বা কিছু লিফলেট দিলে, সবার কাছে খবর পৌঁছায় না” বলেন পারভেজ।
আপনার মতামত লিখুন
২টি মন্তব্য





কোপিজেটে, চাকরি জন্য আমি ৪ বার আমার জীবনবৃত্তা জমা দিসি, কিন্তু কোনো কল বা কোনো মেসেজ আসে নাই, এইখানে চলে যে চাকরি বাণিজ্য , টাকা দিলে চাকরি মিলে, স্থানীয় কোনো লোকজন কে নিয়োগ দেয় না,
সুপারিশ ছাড়া চাকরি হয় না এখানে