চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি, সবাই উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে মাদার ভেসেল থেকে শিল্পের কাঁচামাল বোঝাইয়ের সময় কাত হয়ে ‘এমভি বালাসুর-১’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় রাতে।
দুর্ঘটনার পরপরই জাহাজটিতে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে ওই সময় জাহাজটিতে ঠিক কতজন ছিলেন, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারেনি সংস্থাটি।
বন্দর সূত্রে জানা গেছে, রোববার সকালে আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত একটি মাদার ভেসেল থেকে এমভি বালাসুর-১ জাহাজে শিল্পের কাঁচামাল বোঝাই করা হচ্ছিল। এ সময় হঠাৎ জাহাজটি কাত হয়ে সাগরে ডুবে যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সকাল সাতটার দিকে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সেখানে বয়া বসানো হয়েছে। এ ছাড়া সব নৌযানকে ওই এলাকা এড়িয়ে চলাচল ও নোঙর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, লাইটার জাহাজটিতে থাকা লোকজনকে তখনই উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটিতে মোট কতজন ছিলেন, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারেননি তিনি।





আপনার মতামত লিখুন