ফটিকছড়িতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, অভিযুক্ত দুজনের নাম প্রকাশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে দোকানে ঢুকে মো. আবছার চৌধুরী (৩২) নামের এক ব্যবসায়ীকে চার রাউন্ড গুলি করেছে অস্ত্রধারীরা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তেমুহনী বাজারের পূর্ব পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে। পেশায় তিনি স্থানীয় ব্যবসায়ী হলেও এলাকায় থানা-পুলিশের সোর্স হিসেবে পরিচিত। তবে পুলিশ তাঁকে পেশাদার সোর্স নয় বলে দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আবছার তাঁর দোকানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী সেখানে আসে। মুহূর্তের মধ্যেই তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশে চার থেকে পাঁচটি জখম হয়।
আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আবছার চৌধুরী হামলায় জড়িত হিসেবে মো. কাদের ও মো. হারেছ নামের দুজনের কথা গণমাধ্যমকর্মীদের কাছে উল্লেখ করেন। তবে হামলার কারণ কিংবা অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর কোনো পূর্ববিরোধ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. মো. রাশেদুল ইসলাম জানান, আবছারের হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, দোকানে এসে কয়েকজন অস্ত্রধারী গুলি ছুড়ে পালিয়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আবছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আবছার পুলিশের পেশাদার সোর্স নন দাবি করে ওসি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২





আপনার মতামত লিখুন