খুঁজুন
, ,
বুধবার, ১১ই নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

টেমসের দেশে কর্ণফুলীর গান, প্রবাসে চাটগাঁইয়াদের মিলনমেলা

টেমসের দেশে কর্ণফুলীর গান, প্রবাসে চাটগাঁইয়াদের মিলনমেলা
জামাল উদ্দিন
১০ নভেম্বর ২০২৬, ২৩:৩৯

রমফোর্ডের মেফেয়ার হলে সেদিন ঢুকলে বোঝা কঠিন ছিল জায়গাটা লন্ডন, নাকি চট্টগ্রাম। মঞ্চে ঢোলের তালে পুঁথির সুর, দর্শকসারিতে চাটগাঁইয়া ভাষার আলাপ, আর একপাশে বসে থাকা প্রবীণদের চোখে কয়েক দশক আগে ফেলে আসা কর্ণফুলীর পাড়। গত ১ নভেম্বর, রবিবার, দিনভর এভাবেই ইংল্যান্ডের মাটিতে এক টুকরো চট্টগ্রাম গড়ে তুলেছিলেন প্রবাসী চট্টগ্রামবাসী।

যুক্তরাজ্যে প্রথমবারের মতো আয়োজিত ‘চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ ছিল নিছক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। চট্টগ্রামভিত্তিক ১৬টি সামাজিক সংগঠন এক মঞ্চে এসে যে প্রশ্নের উত্তর খুঁজেছে, তা প্রায় প্রতিটি প্রবাসী পরিবারের ঘরের প্রশ্ন: বিদেশে জন্ম নেওয়া সন্তানেরা কি জানবে, তাদের শিকড় কোথায়?

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রাম অনেক সময় শুধুই একটি নাম। বাবা-মায়ের গল্পে, দাদা-দাদির স্মৃতিতে থাকা দূরের এক জনপদ। অথচ সেই জনপদের পেছনে রয়েছে কয়েক শতাব্দীর ইতিহাস। পাহাড়, নদী আর সমুদ্রঘেরা এই অঞ্চল প্রাচীনকাল থেকেই সমুদ্রবাণিজ্যের প্রবেশদ্বার। আরব, চীনা ও পর্তুগিজ বণিকদের পদচারণা, ১৬৬৬ সালে মোগলদের চট্টগ্রাম বিজয়, ব্রিটিশ আমলের বন্দর ও শিল্পায়ন, সবকিছুই এই মাটির পরিচয়ে স্তরে স্তরে জমা হয়েছে।

এই জনপদের গল্প শুধু বাণিজ্যের নয়, প্রতিরোধেরও। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদারের মতো বিপ্লবীদের আত্মত্যাগ, আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বন্দর ও শিল্পাঞ্চলকেন্দ্রিক সংগ্রাম চট্টগ্রামকে দিয়েছে আলাদা মর্যাদা। সেই উত্তরাধিকারকে টেমসের দেশে বড় হওয়া প্রজন্মের হাতে তুলে দেওয়ার চেষ্টাই ছিল এই উৎসবের প্রাণ।

মঞ্চে মাটির সুর

চট্টগ্রামের সংস্কৃতিকে শুধু বিনোদন হিসেবে দেখলে ভুল হবে। মাইজভান্ডারী গান, কবিগান, জারি-সারি, পুঁথি কিংবা মেজবানের সঙ্গে জড়িয়ে আছে এই অঞ্চলের মানুষের জীবনবোধ। উৎসবের সাংস্কৃতিক পর্বে সেই বৈচিত্র্যেরই একটি ছোট ছবি দেখা গেছে। গান, নৃত্য, পুঁথিপাঠ, কবিতা আবৃত্তি, মুখাভিনয়, ব্যান্ড সংগীত, তবলা ও ঢোলের পরিবেশনার পাশাপাশি ছিল ফ্যাশন শো।

দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন চট্টগ্রামের সন্তান, জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। তাঁর গানে দর্শকসারিতে সাড়া পড়ে যায়। চট্টগ্রামের মেয়ে এমির পরিচালনায় ফ্যাশন শোও নজর কাড়ে। ব্যান্ড ‘পার্পল নাইট’, নৃত্যদল ‘তাল তরঙ্গ’ এবং ফ্যাশন গ্রুপ ‘আদ্রিকা’র পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।

মঞ্চে নানা বয়স ও পেশার শিল্পীরা ছিলেন। গান, নৃত্য, পুঁথিপাঠ ও আবৃত্তিতে অংশ নেন সৈয়দ মোস্তফা চৌধুরী, পূর্ণিমা দাস, মেগান বড়ুয়া, আসমা কুতুব, পিয়াল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, আনন্দ বড়ুয়া, শ্রেয়সী দাস, লীলা দত্ত, রোচে আনছা, শওকত আকবর, অজন্তা বড়ুয়া, দীপন সাহা, সঞ্জিতা দত্ত, নাবিল, তানভীর, ফজিলান্নেসা, ডা. শাহেদ, ডা. রাশেদ, অনুপম সাহা ও সমঞ্জয় বড়ুয়া। চিকিৎসক থেকে শিক্ষার্থী, প্রবীণ থেকে তরুণ, সবাই যেন একই সুতোয় গাঁথা। সেই সুতোর নাম চট্টগ্রাম।
টেমসের দেশে কর্ণফুলীর গান, প্রবাসে চাটগাঁইয়াদের মিলনমেলা
যাঁরা পথ তৈরি করেছিলেন

উৎসবের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল প্রবীণদের সম্মাননা। কয়েক দশক আগে যাঁরা অচেনা দেশে এসে শূন্য থেকে জীবন শুরু করেছিলেন, যাঁদের শ্রমে প্রবাসে গড়ে উঠেছে চট্টগ্রামবাসীর সামাজিক ভিত্তি, তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সম্মানিত প্রবীণদের মধ্যে ছিলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলমগীর, কামরুন নাহার বেগম, কফিল উদ্দিন, জাগির আলম চৌধুরী, গুলনাহার খান, উদয় শঙ্কর দাস, ইউসুফ মিয়া, সংযুক্তা বড়ুয়া ও লিলি বড়ুয়া।

শিকড়ের সন্ধানে নামা একটি উৎসবের জন্য এর চেয়ে অর্থবহ আয়োজন আর কী হতে পারত। যে প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার কথা, তাদের সামনেই দাঁড়িয়ে ছিলেন সেই ইতিহাসের জীবন্ত সাক্ষীরা।

সমাজ, শিক্ষা, শিল্পোদ্যোগ, সংগীত ও কমিউনিটি উন্নয়নে অবদানের জন্যও সম্মাননা পান কয়েকজন। তাঁরা হলেন দানবীর ও শিল্পোদ্যোক্তা আলহাজ সুফি মিজানুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর নূরুল নবী, শিল্পোদ্যোক্তা মির্জা সালমান ইস্পাহানি, দবিরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব কাজী আবুল হোসেন বাবুল, সংগীতশিল্পী রবি চৌধুরী, যুক্তরাজ্যের শিল্পোদ্যোক্তা মোহাম্মদ আলমগীর এবং কমিউনিটি ব্যক্তিত্ব ওয়াজিদ হাসান সেলিম বিইএম।

মিলনমেলায় যোগ দিয়েছিলেন চট্টগ্রামের চারজন সংসদ সদস্যও। তাঁরা হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এনামুল হক এনাম এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সরোয়ার আলমগীর। বাংলাদেশ হাইকমিশনারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোরশেদুর রহমান তালুকদার।

অতিথিদের মধ্যে আরও ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, আইওয়ান টিভির প্রধান নির্বাহী আতাউল্লাহ ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদের, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর নাছিম আলী ওবিই, যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, অধ্যাপক নাজিম উদ্দিন, কাউন্সিলর ফিরোজ গনি, লিনা চৌধুরী ও ড. শাহীদ চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ। মূল পর্ব যৌথভাবে সঞ্চালনা করেন সুজন বড়ুয়া, মোহাম্মদ আলী রেজা ও মোহাম্মদ মাসুদুর রহমান। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন রীনা দাশ, নূরুন্নবী আলী ও শাহানা মালেক।

আগামী উৎসবে মেজবান আর বলী খেলা

আয়োজকদের পক্ষে মোহাম্মদ আলী রেজা, মোহাম্মদ মাসুদুর রহমান ও সুজন বড়ুয়া জানান, এই উৎসব কোনো একক প্রতিষ্ঠানের নয়, প্রবাসী চট্টগ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ। তাঁদের ভাষ্য, বিশ্বের নানা দেশে চট্টগ্রামের মানুষ ব্যবসা, শিল্প, শিক্ষা, চিকিৎসা, আইন ও প্রযুক্তিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগ জন্মভূমির উন্নয়নে কাজে লাগানোর সুযোগ আছে। এমন উৎসব সেই যোগাযোগের সেতু হতে পারে।

তবে আয়োজকদের ভাবনায় সবচেয়ে বড় জায়গা দখল করে আছে আগামীর পরিকল্পনা। তাঁরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে, খোলা জায়গায় উৎসব আয়োজনের ইচ্ছা আছে। সেখানে গুরুত্ব পাবে চট্টগ্রামের মেজবান, বলী খেলা, আঞ্চলিক খাবার, লোকসংগীত ও লোকজ সংস্কৃতি।

কল্পনা করা যায় সেই দৃশ্য। লন্ডনের কোনো খোলা মাঠে মেজবানের ডেকচি থেকে উঠছে মাংসের ঘ্রাণ, পাশে জব্বারের বলী খেলার আদলে কুস্তির আসর। আর সেই ভিড়ে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে এমন এক শিশু, যে কখনো চট্টগ্রাম দেখেনি, কিন্তু সেদিন প্রথমবার টের পাচ্ছে, তার রক্তে বইছে কর্ণফুলীর জল।

প্রথম আয়োজন সেই পথের সূচনা মাত্র। রমফোর্ডের এক হলঘরে একদিনের জন্য যে চট্টগ্রাম জেগে উঠেছিল, আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, প্রতিবছর তা আরও বড় হবে। কারণ প্রবাসে শিকড় বাঁচিয়ে রাখার লড়াইটা একদিনের নয়, প্রজন্ম থেকে প্রজন্মের।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

আন্তর্জাতিক থেকে আরও