খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
অনুসন্ধান

সেন্টমার্টিন সিরিজ · পর্ব ১

সেন্টমার্টিনে চার ঘাতক, তিনটির হিসাব রাখে না কেউ

বিজ্ঞানীদের মতে, দ্বীপের প্রবাল কমে যাওয়ার প্রধান চার কারণ সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, পলি জমা, সমুদ্রের অম্লতা আর দূষণ। সরকারের প্রায় সব পদক্ষেপ শেষটিকে ঘিরে। তাপমাত্রা বৃদ্ধি আর অম্লতার পেছনে মূলত বৈশ্বিক কার্বন নিঃসরণ, অথচ ক্ষতিপূরণ চাওয়ার জন্য যাচাই করা তথ্য নেই বাংলাদেশের হাতে।

সেন্টমার্টিনে চার ঘাতক, তিনটির হিসাব রাখে না কেউ
৯ নভেম্বর ২০২৬, ১৭:৩১

১২ বছর বয়সে প্রথম জাল হাতে সাগরে নেমেছিলেন আমির আলী। এখন বয়স ৫৯। জীবনের প্রায় পুরোটা কেটেছে এই সাগরে।

“অল্প জাল দিয়েও বেশি মাছ পাইতাম,” বলছিলেন সেন্টমার্টিনের পূর্বপাড়ার এই জেলে। আর এখন? “খুবই কমি গিয়ে।”

ট্রলারচালক মোহাম্মদ সালামের মুখেও একই কথা। ১৬-১৭ বছর ধরে মাছধরা ট্রলার চালাচ্ছেন। পাঁচ বছর আগেও এক দিনে ৩০ মণ, মানে প্রায় ১,১২০ কেজি মাছ উঠত। এখন ১০ থেকে ২০ কেজি।

কেন এমন হলো? সালামের উত্তর: “জানি না।”

৩৮ বছর ধরে সাগরে যাওয়া আবুল কাশেমের হিসাব আরও উদ্বেগজনক। তাঁর মতে, মাছ এখন আগের ১০ ভাগের এক ভাগে নেমেছে।

আটত্রিশ বছর ধরে সাগরে যাওয়া জেলে আবুল কাশেমের হিসাবে, মাছ এখন আগের দশ ভাগের এক ভাগে নেমেছে
৩৮ বছর ধরে সাগরে যাওয়া জেলে আবুল কাশেমের হিসাবে, মাছ এখন আগের দশ ভাগের এক ভাগে নেমেছে। ছবি: জসিম উদ্দিন

মাছ কমার পেছনে অনেক কারণ থাকতে পারে; নৌযানের সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়া তার একটি। কিন্তু তিন জেলের কেউই একটি শব্দ উচ্চারণ করেননি, বিজ্ঞানীদের মতে যা তাঁদের সাগরে ঘটে চলা বড় পরিবর্তনগুলোর একটির নাম: অম্লতা। অম্লতা প্রবালের কঙ্কাল গড়ার কাজ কঠিন করে তোলে, আর প্রবালের ফাঁকফোকরই অনেক মাছের আশ্রয় ও প্রজননের জায়গা। বিজ্ঞানীরা দ্বীপের প্রবাল কমে যাওয়ার প্রধান চার কারণের একটি হিসেবে অম্লতাকে ধরেন, যদিও সেন্টমার্টিনে এর প্রভাব এখনো মাপা হয়নি।

দ্বীপের প্রবাল কেন নষ্ট হচ্ছে, এই প্রশ্নের উত্তর দিতে দেরি করেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী। তিনি সাজিয়ে দেন চারটি কারণ।

প্রথম, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি। দ্বিতীয়, পলি জমা। তৃতীয়, সমুদ্রের অম্লতা। আর চতুর্থ, দূষণ। পর্যটনের ক্ষতির দিকটি মূলত চতুর্থ কারণটিকে ঘিরে।

অধ্যাপক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অধ্যাপক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: মোহাম্মদ বেলাল উদ্দিন

সরকারের নিজস্ব গবেষণা প্রতিষ্ঠানও প্রায় একই কথা বলছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানীরা ২০২৩ সালে প্রকাশিত প্রবাল নিয়ে সচিত্র বইয়ে লিখেছেন, বর্ষা ও প্রাক্‌-বর্ষা মৌসুমে দ্বীপের প্রায় ১৫ শতাংশ শক্ত প্রবালে বিবর্ণতা (ব্লিচিং) দেখা গেছে। কারণ হিসেবে তাঁরা চিহ্নিত করেছেন ভারী বৃষ্টি, উজান থেকে আসা বিপুল মিঠাপানি, পলি জমা, বৈশ্বিক উষ্ণায়ন আর সমুদ্রের অম্লতা।

বিজ্ঞানের এই তালিকার পাশে এবার রাখা যাক সরকারের পদক্ষেপগুলো।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশবান্ধব পর্যটনের জন্য ২০২৫ সালের ২২ অক্টোবর ১২টি নির্দেশনা জারি করে। গত মৌসুমে এসেছিল ট্রাভেল পাস, দিনে দুই হাজার পর্যটকের সীমা, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকে নিষেধাজ্ঞা, আর ফেব্রুয়ারিতে দ্বীপ পুরো বন্ধ রাখা। এ বছরের ২৫ অক্টোবর মন্ত্রণালয় নতুন মৌসুমের নিয়ম জানিয়েছে। ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে যাওয়া যাবে, দিনে গড়ে সর্বোচ্চ ৩৫০০ পর্যটক। প্রত্যেককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। সৈকতে রাতে আলো, শব্দ ও বারবিকিউ, কেয়াবনে প্রবেশ আর প্লাস্টিক নিষেধাজ্ঞাসহ আগের বিধিনিষেধগুলো বহাল থাকছে।

অর্থ্যাৎ প্রতিটি পদক্ষেপই চতুর্থ ঘাতকের বিরুদ্ধে।

বিজ্ঞানীদের চিহ্নিত চার ঘাতক আর সরকারের পদক্ষেপ
বিজ্ঞানীদের চিহ্নিত চার ঘাতক আর সরকারের পদক্ষেপ। গ্রাফিক: বাংলার পত্রিকা

সেই চতুর্থ ঘাতকের ক্ষতির মাত্রা নিয়েও আছে অস্পষ্টতা। দ্বীপের একমাত্র পূর্ণাঙ্গ প্রবাল জরিপ করা কানাডীয় বিজ্ঞানী টমাস টমাসচিক মনে করিয়ে দেন, কয়েক দশকে সেখানে পর্যটন আর উপকূলীয় অবকাঠামো অনেক বেড়েছে। অথচ পুষ্টি উপাদান, পয়োবর্জ্য আর অন্যান্য দূষক প্রবালের ওপর কী প্রভাব ফেলছে, তা প্রায় অজানা।

যে ঘাতককে ঘিরে সব পদক্ষেপ, তার হিসাবই যদি এমন অসম্পূর্ণ হয়, বাকি তিনটির কী অবস্থা? তাপমাত্রা, পলি আর অম্লতার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছিল সাতটি সরকারি দপ্তরে। জবাবগুলোর সারকথা একই: নিয়মিত পর্যবেক্ষণ নেই, সূচক নেই, বাজেট নেই।

সাত দপ্তরের তথ্য অধিকারের জবাব, বোরির অপ্রকাশিত দুটি নথি আর বিজ্ঞানী, ডুবুরি, জেলে ও কর্মকর্তাদের সাক্ষাৎকার বিশ্লেষণ করে এই অনুসন্ধানে দেখা গেছে, সেন্টমার্টিনের প্রবালের চার ঘাতকের তিনটি, অর্থাৎ তাপমাত্রা, পলি ও অম্লতা, রাষ্ট্র মাঠপর্যায়ে নিয়মিত মাপে না। এই ঘাটতির দাম শুধু দ্বীপ দিচ্ছে না। উষ্ণায়ন আর অম্লতার পেছনে আছে বৈশ্বিক কার্বন নিঃসরণ। মাঠে যাচাই করা দীর্ঘমেয়াদি পরিমাপ না থাকায় সেই নিঃসরণ সেন্টমার্টিনের কী ক্ষতি করেছে, বাংলাদেশ তা প্রমাণ করতে পারছে না। ফলে বিশ্বের কাছে প্রমাণ দিয়ে ক্ষতিপূরণও চাইতে পারছে না।

কোথা থেকে কাজ শুরু করতে হবে, সেই প্রশ্নের উত্তর পাওয়াও কঠিন। কারণ দ্বীপটিকে সবচেয়ে ভালো চেনেন যেসব বিজ্ঞানী, তাঁদের মধ্যেও আছে ভিন্নমত।

একই ঘাতক, ভিন্ন ক্রম

১৯৯৬-৯৭ সালে সেন্টমার্টিনে পানির নিচের প্রবাল-সংক্রান্ত পূর্ণাঙ্গ জরিপটি করেছিলেন টমাসচিক। বোরির ২০২৩ সালের বইয়েরও সহলেখক তিনি। অধ্যাপক শাহ নেওয়াজের তালিকাটি দেখানো হলে তিনি লেখেন, “আপনি সঠিক পথেই আছেন।”

তবে তাঁর প্রস্তাব একটু ভিন্ন। চাপগুলোকে তিনি তীব্রতা দিয়ে সাজাতে চান না, বরং স্থানীয়ভাবে কতটা নিয়ন্ত্রণ করা যায়, সেই মাপকাঠিতে পরিমাপ করতে চান। আর সেটা করলে তালিকার ক্রম উল্টে যায়।

টমাসচিকের তালিকায় প্রথমে আসে অনিয়ন্ত্রিত পর্যটন ও অবকাঠামো। দ্বিতীয় দূষণ ও বর্জ্য। তৃতীয় সামুদ্রিক সম্পদের অতি আহরণ। আর চতুর্থ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যার ভেতরে আছে উষ্ণায়ন, অম্লতা ও পলির ধরনে পরিবর্তন।

“আমার এই ক্রমের মানে এই নয় যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন পরিবেশগতভাবে গুরুত্বহীন,” বলেন টমাসচিক। “বরং কোন চাপ স্থানীয় ব্যবস্থাপনা কতটা সরাসরি প্রভাবিত করতে বা কমাতে পারে, ক্রমটি সেটাই দেখায়। জলবায়ুর মূল চালিকাশক্তি কমানোর ক্ষমতা স্থানীয় ব্যবস্থাপনার প্রায় নেই, কিন্তু বাকি তিনটি চাপ কমানোর যথেষ্ট ক্ষমতা আছে।”

একই সুর শোনা গেছে আরেক মহাসাগরের তীর থেকেও। বিশ্বখ্যাত প্রবাল পরিবেশবিদ, যুক্তরাষ্ট্রের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির জেরেমি জ্যাকসন ১৪ অক্টোবর প্রকাশিত এক পর্যালোচনায় পশ্চিম আটলান্টিকের প্রবাল নিয়ে লিখেছেন, প্রবালের তাপ সহনশীলতা বাড়ার যে লক্ষণ দেখা যাচ্ছে, অতি আহরণ, দূষণ ও উন্নয়নের চাপ দ্রুত না কমালে তা ব্যর্থ হবে।

স্থানীয় চাপ পানির নিচে কেমন দেখায়, তা নিজের চোখে দেখেছেন ডুবুরি মো. আসাদুজ্জামান। ১৯৯৮ সাল থেকে এই পানিতে ডুব দিচ্ছেন তিনি।

গত জানুয়ারিতে ছেঁড়াদিয়ায় তাঁর চোখের সামনেই বাঁক নিতে গিয়ে একটি নৌকার প্রপেলার প্রবাল ভেঙে দেয়। নোঙর আটকে পড়ে প্রবালে, আর তোলার সময় উপড়ে নিয়ে আসে।

২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত কুয়েতে ডাইভিং প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিলেন আসাদুজ্জামান। সেখানে প্রতি সপ্তাহান্তে হাজারো মানুষ ডুব দেন, তবু প্রবাল অক্ষত থাকে। কারণ নৌকা নোঙর করা হয় ১২ মিটার গভীর সাগরে। জায়গাটি ছয় থেকে নয় মিটারে থাকা প্রবাল থেকে বেশ দূরে। আর সেন্টমার্টিনে? “এসব দেখার কেউ নেই।”

ছেঁড়াদিয়ার নৌকাঘাটে ভিড় করা নৌকা, ডিসেম্বর ২০২০
ছেঁড়াদিয়ার নৌকাঘাটে ভিড় করা নৌকা, ডিসেম্বর ২০২০। স্যাটেলাইট চিত্র: Google Earth; সংগ্রহ: টমাস টমাসচিক

দুই বিজ্ঞানীর মতভেদ তাই উপাদানে নয়, প্রশ্নে। একজন জানতে চান, কোন চাপ প্রবালের জন্য সবচেয়ে প্রাণঘাতী। আরেকজন জানতে চান, কোনটির বিরুদ্ধে আজই কিছু করা যায়।

তবু একটি জায়গায় দুজনই একমত: কিছু করতে হলে আগে জানতে হবে। আর জানার পথে সবচেয়ে অন্ধকার জায়গাটির নাম অম্লতা।

কাগজে আছে, কাজে নেই

জীবাশ্ম জ্বালানি পোড়ালে যে কার্বন ডাই-অক্সাইড বের হয়, তার প্রায় এক-তৃতীয়াংশ শুষে নেয় সমুদ্র। পানিতে মিশে তা তৈরি করে কার্বনিক অ্যাসিড। তাতে পিএইচ কমে, কমে কার্বনেট আয়নও।

এই কার্বনেট আয়ন থেকেই প্রবাল, শামুক আর ঝিনুক ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যা দিয়ে গড়ে ওঠে তাদের কঙ্কাল ও খোলস। এমন পরিবেশেও প্রবাল কঙ্কাল গড়তে পারে, তবে প্রায়ই ধীরে।

বিপদটি রাষ্ট্রের অজানা নয়। জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) ২০২৩-২০৫০-এ ১৪টি জলবায়ু বিপদের একটি হিসেবে সমুদ্রের অম্লতার নাম আছে। পরিকল্পনা বলছে, বাংলাদেশ উপকূলের কাছে পিএইচ বছরে ০.০০০২ থেকে ০.০০২৫ একক হারে কমছে।

তবে কাগজের এই স্বীকৃতি প্রতিরোধমূলক কাজে গড়ায়নি। তথ্য অধিকার আইনে আবেদনের জবাবে মন্ত্রণালয় লিখিতভাবে জানিয়েছে, পরিকল্পনায় এ বিষয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য, সূচক বা কর্মপরিকল্পনা নেই। গত দশ বছরে কোনো তহবিল থেকেই সেন্টমার্টিনে প্রবাল সংরক্ষণ বা পুনরুদ্ধারের কোনো প্রকল্প নেওয়া হয়নি।

দ্বীপে এখন চলছে ৮ কোটি ৯০ লাখ টাকার একটি অভিযোজন প্রকল্প। টাকা যাচ্ছে বিলবোর্ড, কেয়ার চারা, কচ্ছপের হ্যাচারি, বর্জ্য সংগ্রহ আর সৈকত পরিচ্ছন্নতায়।

এই প্রকল্পে সমুদ্রের পানির পিএইচ মাপা হয় কি? “না, না, না,” বলেন প্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের উপপরিচালক মো. কামরুল হাসান।

প্রবাল সংরক্ষণে তাহলে কী হয়? প্রকল্পের প্রহরীরা দেখেন, কেউ প্রবাল বা ঝিনুক তুলে নিচ্ছে কি না। এটুকুই।

তাঁর গবেষণাগার ২৬ আগস্ট লিখিতভাবে জানায়, “সেন্টমার্টিন বা সংলগ্ন সমুদ্র এলাকায় কোনো নিয়মিত মনিটরিং স্টেশন নেই; তাই এই গবেষণাগার পানির নমুনা সংগ্রহ করে না।” গবেষণাগারটি প্রতি মাসে যে পাঁচটি জায়গা থেকে নমুনা নেয়, তার সবকটিই চট্টগ্রামে।

তথ্য অধিকার আইনে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের লিখিত জবাব, ২৬ আগস্ট ২০২৬
তথ্য অধিকার আইনে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের লিখিত জবাব, ২৬ আগস্ট ২০২৬

কামরুল হাসান নিজেও সংকটটি স্বীকার করেন। “সেন্টমার্টিন এখনো আমাদের মনিটরিং পয়েন্টের মধ্যে নেই। বাংলাদেশে সমুদ্রের অম্লতা মাপার জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান নেই।”

একই অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ছয়টি প্রশ্নের পাঁচটির জবাবে একই বাক্য লিখেছে: “এ কার্যালয়ে কোনো রেকর্ড সংরক্ষিত নেই।” কক্সবাজার জেলা কার্যালয়ের কাছেও পানির মান, অম্লতা, প্রবাল পর্যবেক্ষণ বা বর্জ্য ব্যবস্থাপনার কোনো রেকর্ড নেই।

“নেই” শব্দটি পেতেও কম কাঠখড় পোড়াতে হয়নি। লেগেছে ছয় সপ্তাহ, ইলেকট্রনিক কপির জন্য দুই টাকার ট্রেজারি চালান, আর তিনটি দপ্তরের বিরুদ্ধে আপিল।

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় আইনের ৭(চ) ধারা দেখিয়ে দ্বীপে অবৈধ স্থাপনা উচ্ছেদের রেকর্ড দেয়নি; সেই আপিল এখনো নিষ্পত্তি হয়নি। অথচ একই ধরনের তথ্য পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় তাদের ষষ্ঠ প্রশ্নের জবাবেই দিয়েছে: ২০২২ সাল থেকে ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ, আর ১৪টি মামলা।

এলাকাভিত্তিক দায়িত্বের ভাগাভাগিও জট পাকিয়েছে। দ্বীপের স্থলভাগ পরিবেশ অধিদপ্তরের অধীনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। সংলগ্ন সমুদ্র বন্যপ্রাণী আইনে সামুদ্রিক সংরক্ষিত এলাকা। আবার মৎস্য আইনে দ্বীপসংলগ্ন সমুদ্রে আলাদা করে ঘোষণা করা হয়েছে মাছের অভয়াশ্রম।

তিন আইন, তিন কর্তৃপক্ষ (পরিবেশ অধিদপ্তর, মন্ত্রণালয়ের বন শাখা ও মৎস্য অধিদপ্তর)। অথচ নিয়মিত পানি মাপার কেউ নেই।

তিন লাখ টাকায় সমুদ্র মাপা

একটি প্রতিষ্ঠান অবশ্য চেষ্টা করেছে। তথ্য অধিকার আইনে পাওয়া বোরির অপ্রকাশিত দুটি নথি বলছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মে পর্যন্ত চার মৌসুমে দ্বীপের চারপাশের পানির নমুনা নেওয়া হয়েছে।

ফলাফলে পিএইচ ছিল ৭.৮৬ থেকে ৮.০৬। অ্যারাগোনাইট সম্পৃক্তি মাত্রা, অর্থাৎ খোলস গড়ার উপাদান পানিতে কতটা সহজলভ্য, তা ছিল ১.৫৮ থেকে ৩.৪৯। এই মাত্রা ২-এর নিচে নামলে খোলস গঠন ধীর হয়ে যায়। সবচেয়ে কম মাত্রাটি, ১.৫৮, এই সীমার নিচে। তবে সংখ্যাটি কতটা ভরসাযোগ্য, সেই প্রশ্ন নির্ভর করে কোন যন্ত্রে, কত খরচে মাপা হয়েছে তার ওপর।

বোরির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, ২০২৩ থেকে ২০২৬ সালের তথ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সূচক ১৪.৩.১-এর পোর্টালে জমা দেওয়া হয়েছে।

কিন্তু কত টাকায় এই কাজ? কর্ণফুলী থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১১টি স্টেশন ও ২৪টি পয়েন্টের পুরো প্রকল্পের বাজেট ছিল ৩ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যেই ট্রলারের জ্বালানি, যাতায়াত, যন্ত্রপাতি আর বিশ্লেষণের খরচ।

গবেষণা পদ্ধতি নিয়েও প্রশ্ন আছে। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী সমুদ্রের পিএইচ মাপতে হয় স্পেকট্রোফটোমেট্রিক পদ্ধতিতে। এ পদ্ধতিতে পানিতে বিশেষ রং মিশিয়ে আলো দিয়ে খুব সূক্ষ্মভাবে পিএইচ মাপা হয়। কারণ, সমুদ্রের পিএইচ এক দশকে কমে মাত্র ০.০১ থেকে ০.০২ একক।

অথচ বোরি ব্যবহার করেছে বহনযোগ্য মাল্টিমিটার। এর কাচের ইলেকট্রোডে লোনা পানিতে ০.০৫ থেকে ০.১০ পর্যন্ত ভুল হতে পারে, যা পুরো এক দশকের পরিবর্তনের চেয়েও বেশি। বোরির নিজের প্রতিবেদনেই অবশ্য স্পেকট্রোফটোমেট্রিক পিএইচ বিশ্লেষক বসানোর সুপারিশ আছে।

বোরির পরিমাপ ও যন্ত্রের সম্ভাব্য ভুল
বোরির পরিমাপ ও যন্ত্রের সম্ভাব্য ভুল। গ্রাফিক: বাংলার পত্রিকা

নথিতে অসংগতিও আছে। গবেষণাপত্র বলছে, ক্ষারত্ব মাপা হয়েছে অ্যাকুরিয়ামে ব্যবহৃত ফোঁটা-গোনা কিট দিয়ে; মন্ত্রণালয়ের প্রতিবেদনে লেখা স্বয়ংক্রিয় টাইট্রেশন যন্ত্রের কথা। নমুনার গভীরতা লেখা আছে তিন রকম। গবেষণাপত্রের শিরোনামে অমেরুদণ্ডী প্রাণীর ওপর প্রভাবের কথা থাকলেও কোনো প্রাণী মাপা হয়নি। এসব বিষয়ে ২০ সেপ্টেম্বর বোরির কাছে বিস্তারিত বক্তব্য চাওয়া হয়, কিন্তু জবাব আসেনি।

মূল সমস্যা অবশ্য ধারাবাহিকতার। “১০ বছর, ১৫ বছর, ৫ বছরের ডেটাসেট যদি আমাদের থাকত, তাহলে বিষয়টা বুঝতে সহজ হতো,” বলেন অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরী। “সেরকম একটা ফ্যাসিলিটি আমাদের দরকার, যেটা এখন নেই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ইউসুফ গাজীর কণ্ঠেও একই দাবি: “আমাদের মনিটরিং স্টেশন বসাতেই হবে। স্থায়ী স্টেশন।”

দায় বিশ্বের, ক্ষতি দ্বীপের

প্লাস্টিক, অবৈধ রিসোর্ট আর পর্যটকের ভিড় দ্বীপের নিজের সমস্যা, কিন্তু উষ্ণায়ন আর অম্লতা তা নয়। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অংশ এক শতাংশেরও অনেক কম। অথচ তার খেসারত দিচ্ছে সেন্টমার্টিনের প্রবাল, আর সেই প্রবালের ওপর নির্ভরশীল মানুষ।

এমন ক্ষতি পূরণ করার জন্যই গঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, কিন্তু সেখানে দাবি তুলতে প্রমাণ লাগে। জানাতে হবে, কত বছরে পিএইচ কতটা কমেছে? প্রবাল আর মাছের ওপর তার কী প্রভাব পড়েছে?

স্যাটেলাইটের সেন্সর থেকে বঙ্গোপসাগরের তাপমাত্রা ও পিএইচের আনুমানিক হিসাব পাওয়া যায়; অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরীর দল সেগুলো বিশ্লেষণও করে। “কিন্তু দূর থেকে নেওয়া এই ডেটার জন্য গ্রাউন্ড ভ্যালিডেশনের দরকার আছে,” বলেন তিনি। অর্থাৎ মাঠে গিয়ে পানি মেপে স্যাটেলাইটের হিসাব মিলিয়ে দেখা দরকার। আর মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে যাচাই করার সুযোগ কম।

সেই যাচাই ছাড়া বাংলাদেশ নির্ভরযোগ্য কোনো দাবি উত্থাপন করতে পারে না।

কিছু ক্ষতি আবার কোনো সংখ্যায় পরিমাপ করা যায় না।

১৯৯৮ সালের ডিসেম্বরে সেন্টমার্টিনে প্রথম ডুব দিয়েছিলেন আসাদুজ্জামান। সেই দৃশ্য এখনো তাঁর স্মৃতিতে “স্বপ্নের চেয়েও সুন্দর।” আর এখন? “রঙিন মাছগুলো নেই। লবস্টারগুলো নেই।”

চার প্রজন্ম ধরে দ্বীপে বাস করছে তৈয়ব উল্লাহর পরিবার। তাঁর কণ্ঠে শঙ্কা: “আমরাও এখন অনুভব করি, ভবিষ্যতে এখানে থাকতে পারব না। পারলেও আমাদের সন্তানেরা হয়তো পারবে না।”

আন্তর্জাতিক কাঠামো এমন অ-অর্থনৈতিক ক্ষতিকেও স্বীকৃতি দেয়, যেমন স্মৃতি, সংস্কৃতি বা জন্মভূমি হারানোর বেদনা। শর্ত একটাই: তা নথিভুক্ত থাকতে হবে।

অথচ যাঁদের ক্ষতি নথিভুক্ত হওয়ার কথা, তাঁদের অনেকের কথাই কোনো খাতায় নেই। বিশেষ করে নারীদের। পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ৮ আগস্ট দ্বীপে গিয়েছিলেন। সেদিন ঊনসত্তর বছরের ফাতেমা বেগম পানি ভেঙে এসেছিলেন নিজের কথা শোনাতে।

“ভাত কোথায় পাব? আমাদের আয় নেই। মানুষ দিলে খাই, না দিলে খাই না।”

সত্তর বছরের আমেনা খাতুনের ঝড়ের রাত কাটে ত্রিপলের নিচে। কথা বলা চার নারীর কেউই কোনো সরকারি কর্মসূচির নাম বলতে পারেননি।

সেন্টমার্টিনের নারীরা নিজেদের দুর্দশার কথা বলছেন
সেন্টমার্টিনের নারীরা নিজেদের দুর্দশার কথা বলছেন।

মাছ কমার প্রভাব পৌঁছে গেছে দেশের মূল ভূখণ্ডেও। কক্সবাজারের নাজিরারটেকের শুঁটকিপল্লিতে বারো ঘণ্টা কাজ করে ছেনুয়ারা বেগম পেতেন ৪৫০ টাকা। একই মাচায় পুরুষেরা পেতেন ৭০০ থেকে ১,০০০ টাকা। ছেনুয়ারা জানান, কাঁচা মাছের সংকটে সেই কাজও এখন বন্ধ।

কক্সবাজারের নাজিরারটেক শুঁটকিপল্লিতে মাছ শুকানোর কাজে নারী শ্রমিকেরা
কক্সবাজারের নাজিরারটেক শুঁটকিপল্লিতে মাছ শুকানোর কাজে নারী শ্রমিকেরা। ছবি: আজিম নিহাদ

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের জবাব মাত্র এক বাক্যের: গত পাঁচ বছরে সেন্টমার্টিনসহ টেকনাফে বিকল্প জীবিকার জন্য কোনো বরাদ্দ হয়নি।

অথচ রাষ্ট্র চাইলে ঠিকই গুনতে পারে। গত অর্থবছরে সেন্টমার্টিন ইউনিয়নে ভিজিএফ বরাদ্দ হয়েছে ১০১.৯৯০৭৫ মেট্রিক টন, উপকারভোগী ২,৩৯২ জন। বরাদ্দের হিসাব দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত নিখুঁত।

হিসাব নেই শুধু সমুদ্রের তাপমাত্রা আর অম্লতার।

ভিজিএফ বরাদ্দের হিসাব দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত, বিকল্প জীবিকায় বরাদ্দ শূন্য
ভিজিএফ বরাদ্দের হিসাব দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত, বিকল্প জীবিকায় বরাদ্দ শূন্য। গ্রাফিক: বাংলার পত্রিকা

উনত্রিশ বছর আগেই বলা হয়েছিল

সতর্কবার্তা এসেছিল অনেক আগেই। টমাসচিকের ১৯৯৭ সালের প্রতিবেদনে সুপারিশ ছিল যত দ্রুত সম্ভব পরিবেশগত বেসলাইন জরিপ, যেকোনো বড় উন্নয়ন শুরুর আগে এক বছরের পর্যবেক্ষণ কর্মসূচি, সব বড় প্রকল্পে বাধ্যতামূলক পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) আর বাইরের স্বার্থান্বেষী মহল থেকে সুরক্ষার আইনি কাঠামো।

২০০২ সালে প্রথম রিসোর্ট দিয়ে উন্নয়ন শুরু হয়েছে। পর্যবেক্ষণ এখনো শুরু হয়নি।

টমাস টমাসচিকের ১৯৯৭ সালের প্রতিবেদন ‘ম্যানেজমেন্ট প্ল্যান ফর কোরাল রিসোর্সেস অব নারিকেল জিঞ্জিরা (সেন্টমার্টিনস আইল্যান্ড)’-এর প্রচ্ছদ। প্রতিবেদনটি তৈরি হয়েছিল তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জন্য।
টমাস টমাসচিকের ১৯৯৭ সালের প্রতিবেদন ‘ম্যানেজমেন্ট প্ল্যান ফর কোরাল রিসোর্সেস অব নারিকেল জিঞ্জিরা (সেন্টমার্টিনস আইল্যান্ড)’-এর প্রচ্ছদ। প্রতিবেদনটি তৈরি হয়েছিল তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জন্য।

সব সমস্যার সমাধান অবশ্য দ্বীপে বসে হবে না। টমাসচিকের মতে, নাফ নদী দিয়ে আসা পলির বড় অংশের উৎস উজানের অববাহিকার দুর্বল ব্যবস্থাপনা; সঙ্গে যোগ হয় গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার মৌসুমি প্রবাহ। এই সমস্যা সামলাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা লাগবে। তবে সব পলি নদী থেকে আসে না। দ্বীপটি অগভীর মহীসোপানের ওপর, যেখানে পানির সর্বোচ্চ গভীরতা মাত্র ১৫ মিটারের মতো। জোরালো স্রোত আর ঝোড়ো বাতাসের ঢেউ সেখানে বারবার সাগরতলের পলি তুলে আনে। “এটা ঠেকাতে পারে, এমন কোনো ব্যবস্থাপনা পদক্ষেপ আমার জানা নেই,” লিখেছেন টমাসচিক।

গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পলিভরা পানি ছড়িয়ে পড়ছে বঙ্গোপসাগরে, ১৯ ডিসেম্বর ২০২০
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার পলিভরা পানি ছড়িয়ে পড়ছে বঙ্গোপসাগরে, ১৯ ডিসেম্বর ২০২০। স্যাটেলাইট চিত্র: NASA Worldview (Terra/MODIS); সংগ্রহ: টমাস টমাসচিক

বহুমুখী সংকট সমাধানের প্রাতিষ্ঠানিক পদক্ষেপে জোর দিচ্ছেন টমাসচিক। তাঁর প্রস্তাব, আরেকটি মূল্যায়ন বা ব্যবস্থাপনা পরিকল্পনার আগে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ একটি একক, স্বাধীনভাবে জবাবদিহিমূলক সেন্টমার্টিন মেরিন পার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন ও তাতে অর্থায়নের কথা বিবেচনা করতে পারে। এর নির্দিষ্ট দায়িত্ব হবে জোনিং পরিকল্পনা চালু ও কার্যকর করা, আর স্থায়ী দীর্ঘমেয়াদি পরিবেশ পর্যবেক্ষণ কর্মসূচি গড়ে তোলা।

“পর্যবেক্ষণ ছাড়া জোনিং বৈজ্ঞানিকভাবে অর্থহীন,” বলেন তিনি।

এসব কাজে খরচ কত? অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরীর হিসাবে, দশজন বিজ্ঞানী নিয়ে একটি স্থায়ী সমুদ্র পর্যবেক্ষণ ব্যবস্থা (ওশান অবজারভেশন সিস্টেম) গড়তে লাগবে কমপক্ষে ১০ কোটি টাকা। চলমান ৮ কোটি ৯০ লাখ টাকার প্রকল্পের চেয়ে তা সামান্যই বেশি।

চলমান প্রকল্প আর স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থার খরচ
চলমান প্রকল্প আর স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থার খরচ। গ্রাফিক: বাংলার পত্রিকা

দ্বীপ পুরোপুরি বন্ধ রাখাকে তিনি দীর্ঘমেয়াদি সমাধান মনে করেন না। তাঁর প্রস্তাব, সমুদ্রের জন্যও একটি পরিকল্পনা, যাকে বলা হয় মেরিন স্পেশাল প্ল্যানিং। যেখানে প্রবাল টিকে আছে, সেখানে কঠোর সংরক্ষণ। যেখানে হারিয়ে গেছে, সেখানে পুনরুদ্ধার। জেলেদের মাছ ধরার এলাকা নির্ধারণ করা, আর জেটির মতো প্রয়োজনীয় ব্যবহারের জায়গা নির্দিষ্ট করা।

এখানেই খসড়া মহাপরিকল্পনার বড় ফাঁক দেখেন তিনি। পরিকল্পনাটি সাজিয়েছে কেবল স্থলভাগ। দ্বীপ ঘিরে যে সংরক্ষিত সমুদ্র, সরকারি নথিভেদে যার আয়তন ১,৭৩৮ থেকে ১,৭৪৩ বর্গকিলোমিটার, তার কোনো পরিকল্পনা তাতে নেই।

স্থায়ী পর্যবেক্ষণ, প্রবাল সংরক্ষণ আর মহাপরিকল্পনার ভুল: এসব প্রশ্নে সরকারের অবস্থান জানতে দুই মাস ধরে চেষ্টা করা হয়েছে। পরিবেশ মন্ত্রী, পরিবেশ প্রতিমন্ত্রী ও পরিবেশ সচিবকে ইমেইল ও হোয়াটসঅ্যাপে লিখিত প্রশ্ন পাঠানো হয়। মুঠোফোনে বার্তা পাঠানো হয়, বারবার ফোনও করা হয়। তাঁরা কেউ সাড়া দেননি। ৩০ আগস্ট প্রশ্ন পাঠানো হয়েছিল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমানের কাছেও; তিনিও জবাব দেননি।

পরিবেশ সচিবকে ১৭ অক্টোবর ফোনে পাওয়া যায়। কিন্তু প্রসঙ্গ শোনার পর তিনি বারবার বলতে থাকেন, “শুনতে পাচ্ছি না।” কল কেটে যাওয়ার পর আবার ফোন করা হলে তিনি আর ধরেননি।

এরপর তাঁকে হোয়াটসঅ্যাপে তিনটি প্রশ্ন লিখে পাঠানো হয়। সেন্টমার্টিনে স্থায়ী পর্যবেক্ষণ স্টেশন বসানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। প্রবাল সংরক্ষণে এখন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না। আর খসড়া মহাপরিকল্পনায় “কোরাল রিফ” লেখার ভুল চূড়ান্ত সংস্করণে সংশোধন হবে কি না। (দ্বীপে আসলে প্রবাল প্রাচীর নেই, আছে পাথুরে প্রাচীরে জন্মানো প্রবাল; বিস্তারিত এই সিরিজের পরের পর্বে।) এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তিনি জবাব দেননি।

পরিবেশ বিটের একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও  পরিবেশ মন্ত্রণালয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এ বিষয়ে বক্তব্য দিতে চান না; সে কারণেই তাঁরা ফোন ধরছেন না।

তারপরেও আশার কিছু দিক আছে। ডুবুরি আসাদুজ্জামানের তথ্যমতে, কয়েক বছর আগে কোস্টগার্ড ঘাঁটির সামনের পানিতে ছোট পরিসরে প্রবাল প্রতিস্থাপন করা হয়েছিল। সেগুলো এখনো বেঁচে আছে, কারণ সেখানে নৌকা আর মানুষ যায় না।

দেখা যাচ্ছে, পুনরুদ্ধার সম্ভব, কিন্তু তার জন্য দ্বীপের মানুষকেও পাশে পেতে হবে।

“স্থানীয় মানুষ পরিবেশের বিরুদ্ধে নয়,” বলেন অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরী। “তারা রক্ষা করতে চায়। কিন্তু তারা দুই বেলা খাবারের নিশ্চয়তা চায়।” তিনি যোগ করেন, সেই নিশ্চয়তা আসতে হবে পরিবেশের ক্ষতি না করে, বিকল্প জীবিকার মাধ্যমে।

“বঙ্গোপসাগরের উষ্ণায়ন বা অম্লতা বৃদ্ধি সরকার স্পষ্টতই ঠেকাতে পারবে না,” লিখেছেন টমাসচিক, “কিন্তু স্থানীয় চাপগুলো সামলাতে পারে। প্রবাল কতটা বাড়তি চাপ সইবে, আর জলবায়ুজনিত বিপর্যয়ের পর কতটা সেরে উঠবে, তা ঠিক করে এই চাপগুলোই।”

প্রবাল সেরে উঠছে কি না, জানতে হলে কাউকে পরিমাপ করতে হবে। আপাতত চার ঘাতকের তিনটির ক্ষেত্রে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে মাপার কেউ নেই।

মাছ কেন কমল, জানতে চাইলে সালাম বলেছিলেন, “জানি না।” উত্তরটা আসলে শুধু তাঁর নয়। যত দিন সমুদ্রের তাপমাত্রা, পলি আর অম্লতা মাঠে বসে কেউ মাপবে না, তত দিন একই উত্তর দিতে হবে রাষ্ট্রকেও। দ্বীপের মানুষের সামনে, আর ক্ষতিপূরণের দাবি নিয়ে বিশ্বের দরবারে দাঁড়ালেও।

আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ২: যে প্রবাল প্রাচীর নেই, তাকেই রক্ষার পরিকল্পনা


This story was produced as part of the Earth Journalism Network (EJN) fellowship on non-economic loss and damage (NELD).

আপনার মতামত লিখুন

১টি মন্তব্য

  1. shahed mizan ৯ নভেম্বর ২০২৬, ২৩:৫০

    এই প্রতিবেদনটি পড়ে আমি অবাক হয়েছি! এত গভীর তথ্যবহুল অসাধারণ প্রতিবেদন করা যায়!

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

অনুসন্ধান থেকে আরও