খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
অনুসন্ধান

সেন্টমার্টিন সিরিজ · পর্ব ২ (শেষ)

যে প্রবাল প্রাচীর নেই, তাকেই রক্ষার পরিকল্পনা

ছয় বছর ধরে একটি পূর্বাভাস ঘুরছে: ২০৪৫ সালের মধ্যে প্রবালশূন্য হবে সেন্টমার্টিন। এর লেখক এখন বলছেন, তিনি এই পূর্বাভাসের পক্ষে নেই। সরকারের খসড়া মহাপরিকল্পনায় ৩০ বারের বেশি দ্বীপের প্রবালকে “কোরাল রিফ” বলা হয়েছে, অথচ দ্বীপের একমাত্র পূর্ণাঙ্গ জরিপকারী বলছেন, সেখানে কোনো প্রবাল প্রাচীর নেই। মাছের মজুত থেকে সংরক্ষিত এলাকার আয়তন, নীতির পেছনের সংখ্যাগুলো টেকে না।

যে প্রবাল প্রাচীর নেই, তাকেই রক্ষার পরিকল্পনা
১০ নভেম্বর ২০২৬, ১৮:২৯

সেন্টমার্টিনের মানুষের কাছে একটি গল্প খুব চেনা।

দ্বীপের চারপাশের প্রবাল আর সামুদ্রিক শৈবাল কেন কমে গেল, জিজ্ঞেস করলে কেউ না কেউ সেই বিদেশি গবেষকের কথা তুলবেন। বছর বিশেক আগে তিনি নাকি এসে সাগরে রাসায়নিক পদার্থ ছিটিয়েছিলেন। তারপর থেকেই প্রবাল মরতে শুরু করে।

বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদও একই গল্প শোনালেন। কেউ কেউ গবেষকের নামও বলেছেন। রশিদ জুড়ে দিলেন, “এক হাজার পার্সেন্ট নিশ্চিত।”

বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিদেশি গবেষকের গল্পটি “এক হাজার পার্সেন্ট নিশ্চিত” বলে দাবি করেন
বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিদেশি গবেষকের গল্পটি “এক হাজার পার্সেন্ট নিশ্চিত” বলে দাবি করেন। ছবি: জসিম উদ্দিন

সেই “বিদেশি” হলেন টমাস টমাসচিক। কানাডীয় এই প্রবাল পরিবেশবিদ ১৯৯৬-৯৭ সালে দ্বীপের একমাত্র পূর্ণাঙ্গ জরিপটি করেছিলেন। দ্বীপটিকে সংরক্ষিত ঘোষণার সুপারিশও করেছিলেন তিনি।

অভিযোগের কথা তিনি প্রথম জানলেন এই প্রতিবেদকের কাছ থেকে। “প্রবাল হারানোর জন্য আমাকে দায়ী করা হচ্ছে, তা আমি জানতাম না,” ইমেইলে জানালেন তিনি।

তারপর নিজে থেকেই একটি ব্যাখ্যা দেন। জরিপের সময় প্রবাল কলোনির ছোট নমুনা থাকার জায়গায় এনে তিনি একটি রেফারেন্স সংগ্রহ গড়েছিলেন। “তারপর শিক্ষা ও রেফারেন্সের কাজে প্রবালের টিস্যু সরিয়ে কঙ্কাল বের করতে ব্লিচ ব্যবহার করেছিলাম।” সংগ্রহটি রেখে গিয়েছিলেন ঢাকায় আইইউসিএন কার্যালয়ে।

অর্থাৎ রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। তবে সাগরে নয়, ডাঙায়, সংগৃহীত নমুনায়। গল্পটি সেখান থেকে জন্মেছে কি না, নিশ্চিত হওয়ার উপায় নেই।

কানাডীয় প্রবাল পরিবেশবিদ টমাস টমাসচিক (বাঁয়ে)। ডানে, ১৯৯৭ সালের প্রতিবেদনে সেন্টমার্টিন রক্ষায় তাঁর হাতে আঁকা মেরিন পার্কের জোনিং পরিকল্পনা
কানাডীয় প্রবাল পরিবেশবিদ টমাস টমাসচিক (বাঁয়ে)। ডানে, ১৯৯৭ সালের প্রতিবেদনে সেন্টমার্টিন রক্ষায় তাঁর হাতে আঁকা মেরিন পার্কের জোনিং পরিকল্পনা। চিত্র: টমাসচিক (১৯৯৭)

বিজ্ঞানের কাছেও গল্পটি টেকে না। “এই গল্পের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই,” বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী। “এটা একটা মিথ।”

তবু এমন গল্প টিকে থাকে, কারণ যেখানে বিজ্ঞান নীরব, সেখানে গল্প জায়গা করে নেয়। সেন্টমার্টিনে অবশ্য বিজ্ঞান পুরোপুরি নীরব ছিল না; সমস্যা অন্য জায়গায়। গবেষণাতেও অনেক সময় ভুল হয়েছে, আর সেসব ভুল শোধরানো হয়নি। এর মধ্য দিয়েই জন্ম নিয়েছে ভুলের পাহাড়।

পাহাড়টা কত বড়? অনুসন্ধানে দেখা গেছে, সেন্টমার্টিন নিয়ে গবেষক, গণমাধ্যম ও সরকার যা বলে, তার বড় অংশ দাঁড়িয়ে আছে বিশেষ কিছু সংখ্যা আর পরিভাষার ওপর, যেগুলো হয় গবেষণাপত্রের লেখকেরাই এখন আর সমর্থন করেন না, নয়তো পিয়ার-রিভিউড জার্নালে চ্যালেঞ্জের মুখে পড়েছে। আবার কিছু সংখ্যা নিয়ে সরকারি দপ্তরগুলোর মধ্যেই অমিল।

এর প্রায় কিছুই সংশোধন হয়নি। কিছু ভুল পৌঁছে গেছে দ্বীপের জন্য সরকারের খসড়া মহাপরিকল্পনা পর্যন্ত। ফলে যে দ্বীপ রক্ষার জন্য নীতি তৈরি হচ্ছে, সেই নীতির লক্ষ্য আর মাপকাঠিই দাঁড়িয়ে আছে নড়বড়ে ভিত্তির ওপর।

“না, না, না”

সবচেয়ে বেশি ঘুরেছে যে সংখ্যাটি, শুরু করা যাক সেটি দিয়ে। দ্বীপের প্রবাল নিয়ে দেশের প্রায় সব প্রতিবেদনে একটি গবেষণার উল্লেখ থাকে।

২০২০ সালে Ocean Science Journal-এ প্রকাশিত গাজী ও সহলেখকদের সেই গবেষণায় ল্যান্ডস্যাট স্যাটেলাইটের ছবি দিয়ে একটি হিসাব করা হয়। দাবি করা হয়, ১৯৮০ থেকে ২০১৮ সালের মধ্যে “প্রবাল কলোনির আয়তন” ১.৩২ থেকে কমে ০.৩৯ বর্গকিলোমিটার হয়েছে।

এখান থেকেই আসে সেই সতর্কবার্তা: ২০৪৫ সালের মধ্যে দ্বীপ প্রবালশূন্য হতে পারে। ছয় বছর ধরে জাতীয় দৈনিকগুলো দুটি সংখ্যাই পুনরাবৃত্তি করছে। এর সঙ্গে প্রায়ই থাকে আরেকটি দাবি: প্রবালের প্রজাতি ১৪১ থেকে নেমে এসেছে ৪০ বা ৪১-এ।

অথচ এক বছরের মাথায়ই গবেষণাটি চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০২১ সালে একই জার্নালে টমাসচিক, অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের টম বেলের একটি আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশিত হয়।

তাঁদের প্রথম যুক্তি, দ্বীপ ঘিরে প্রবাল প্রাচীর নেই। আছে বেলেপাথর ও কংগ্লোমারেটের পাথুরে প্রাচীর, যার ওপর প্রবাল জন্মায়। দ্বিতীয়ত, ল্যান্ডস্যাটের ৩০ মিটারের পিক্সেল এত সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারে না; আর স্বচ্ছ সমুদ্রের পানির জন্য তৈরি সংশোধন পদ্ধতি সেন্টমার্টিনের ঘোলা পানিতে খাটে না। তৃতীয়ত, সবচেয়ে বেশি প্রবাল রয়েছে দ্বীপের দক্ষিণ প্রান্তে, গবেষণার মাঠ-যাচাই স্টেশনগুলোর আওতার বাইরে।

মন্তব্যটির সহলেখক অধ্যাপক চৌধুরী বলেন, Ocean Science Journal-এর গবেষণাপত্রটি অনেক প্রচার পেয়েছিল, কিন্তু এর তথ্য পুরোপুরি সঠিক ছিল না। তাই মন্তব্যটি লিখতে তাঁরা রীতিমতো বাধ্য হয়েছিলেন।

মূল লেখকেরা কখনো সেই মন্তব্যের জবাব দেননি।

পাঁচ বছর পর প্রথমবারের মতো নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ইউসুফ গাজী। জানালেন, গবেষণাটি ছিল তাঁর এক শিক্ষার্থীর মাস্টার্সের প্রকল্প। এর বিরোধিতা করা মন্তব্যের জবাব দিতে একটি খসড়া তৈরি হয়েছিল, কিন্তু প্রকাশ হয়নি। কারণ “পেছনে প্রমাণ দরকার ছিল।”

২০৪৫ সালের পূর্বাভাসে কি তিনি এখনো অটল?

“না, না, না।”

তাঁর ব্যাখ্যায়, এটি ছিল “শর্তসাপেক্ষ পূর্বাভাস, যাচাইভিত্তিক নয়।” কোনো মডেল চালানো হয়নি। ২০৩০ সালের মধ্যে প্রজাতি ৪১-এ নামবে, অন্য এক গবেষণার অনুমানের ওপর ভর করে দাঁড়িয়েছিল পূর্বাভাসটি। “আমরা সম্ভাবনাসূচক শব্দ ব্যবহার করেছিলাম, ‘হতে পারে’।”

২০৪৫ সালের পূর্বাভাস থেকে সরে এসেছেন গবেষণাপত্রের লেখক
২০৪৫ সালের পূর্বাভাস থেকে সরে এসেছেন গবেষণাপত্রের লেখক। গ্রাফিক: বাংলার পত্রিকা

আয়তনের সংখ্যাটিও তাঁর কাছে “একেবারেই নির্ভুল নয়। এটা স্বীকার করতে হবে। যেভাবে বলা হচ্ছে ‘এটাই’, সেটা নয়। এটা এই সংখ্যার কাছাকাছি।”

সমালোচকদের দ্বিতীয় আপত্তি ছিল ল্যান্ডস্যাটের মোটা পিক্সেল নিয়ে। তাহলে ল্যান্ডস্যাট কেন? কারণ ছবিগুলো বিনা মূল্যে পাওয়া যায়। “আমাদের টাকা ছিল না,” বলেন গাজী। সংখ্যাগুলো এত ছড়াল কীভাবে, তারও একটি ব্যাখ্যা দেন তিনি: একটি প্রধান জাতীয় দৈনিক তাঁর সঙ্গে যোগাযোগ না করেই গবেষণাটি নিয়ে প্রতিবেদন ছেপেছিল।

সমালোচকদের প্রথম আপত্তিটিও মেনে নেন তিনি। “সংজ্ঞা ধরলে বৈজ্ঞানিকভাবে সেন্টমার্টিনকে প্রবাল দ্বীপ বলা যায় না।” তাঁর ভাষায়, এই নামটি “আমাদের জন্য একটা আবেগের বিষয়।”

ভুল নাম পৌঁছে গেছে নীতিতে

গাজীর এই স্বীকারোক্তি মিলে যায় টমাসচিকের ১৯৯৭ সালের প্রতিবেদনের সঙ্গে। সেখানে উপসংহার ছিল, সেন্টমার্টিন প্রবাল দ্বীপ নয়, পাললিক মহাদেশীয় দ্বীপ।

দ্বীপের মানুষও কথাটা জানেন, তবে নিজেদের ভাষায়। চতুর্থ প্রজন্মের বাসিন্দা তৈয়ব উল্লাহ বলেন, “দ্বীপের চারপাশে যা দেখি, তা প্রবাল নয়, পাথর।” অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরী তাই বলতে চান “প্রবালসমৃদ্ধ দ্বীপ।”

ছেঁড়াদিয়ার চারপাশে পাথুরে প্রাচীর। এর ওপরেই জন্মায় প্রবাল
ছেঁড়াদিয়ার চারপাশে পাথুরে প্রাচীর। এর ওপরেই জন্মায় প্রবাল। স্যাটেলাইট চিত্র: Google Earth / Airbus

ভুল নামটি শুধু পুরোনো গবেষণাপত্রে আটকে থাকেনি। টমাসচিকের গণনায়, ২০২৬ সালে জনমতের জন্য উন্মুক্ত করা সেন্টমার্টিন দ্বীপের খসড়া মহাপরিকল্পনা ২০২৫-এ দ্বীপের বর্ণনায় “কোরাল রিফ” এসেছে ৩৩ বার। এই প্রতিবেদকের গণনাও কাছাকাছি। পরিকল্পনার ইংরেজি সংস্করণে শব্দটি আছে মোট ৪৪ বার: লেখায় ৪৩ বার, আর হুমকি ও সমস্যার একটি চিত্রের (চিত্র ৩.৩) ভেতরে লেবেল হিসেবে একবার। এর মধ্যে অন্তত ৩২ বার সরাসরি সেন্টমার্টিনের প্রবালকেই “কোরাল রিফ” বলা হয়েছে, যেমন “the island’s coral reefs” কিংবা “the nation’s only coral reef”। বাকিগুলো প্রবাল প্রাচীর নিয়ে সাধারণ আলোচনায়।

“আমার আগের গবেষণা দেখিয়েছে, দ্বীপে কোনো প্রবাল প্রাচীর নেই,” লেখেন টমাসচিক।

ভুলটা ছড়াল কীভাবে? টমাসচিক এই প্রতিবেদককে ১৯টি প্রকাশিত গবেষণাপত্র দিয়েছেন, যেগুলো তাঁর দাবি অনুযায়ী এই ভুল ধারণা ছড়িয়েছে। “দুঃখজনক যে ওই গবেষণাপত্রগুলোর কোনো লেখকই পরে জার্নালে সংশোধনী (ইরাটা) জমা দেননি।”

সংশোধনের চেষ্টা তিনি নিজে করেছেন। Journal of the Indian Society of Remote Sensing আরা ও সহলেখকদের (২০২১) গবেষণার বিরুদ্ধে তাঁর খণ্ডন ছাপেনি, কারণ সমালোচনামূলক মন্তব্য নেওয়ার কোনো নীতি তাদের ছিল না। নীতি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল জার্নালটি, “কিন্তু দুর্ভাগ্যবশত ২০২১ সাল থেকে আসলে কিছুই বদলায়নি।”

এই প্রতিবেদকও চেষ্টা করেছেন। ১৯টি গবেষণাপত্রের মধ্যে ১০টির সঙ্গে যুক্ত ১৪ জন গবেষককে ইমেইলে যোগাযোগ করে জানতে চাওয়া হয়, তাঁরা রেকর্ড সংশোধন করবেন কি না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ সাড়া দেননি।

খসড়া মহাপরিকল্পনায় “coral reef” এসেছে মোট ৪৪ বার, এর ৩২টি দ্বীপের প্রবাল বোঝাতে; টমাসচিকের গণনায় ৩৩
খসড়া মহাপরিকল্পনায় “coral reef” এসেছে মোট ৪৪ বার, এর ৩২টি দ্বীপের প্রবাল বোঝাতে; টমাসচিকের গণনায় ৩৩। গ্রাফিক: বাংলার পত্রিকা

সরকারও নীরব। দুই মাস ধরে পরিবেশ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকে ইমেইল, হোয়াটসঅ্যাপ ও ফোনে প্রশ্ন পাঠানো হয়। চূড়ান্ত মহাপরিকল্পনায় এই ভুল সংশোধন করা হবে কি না, পরিবেশ সচিবের কাছে হোয়াটসঅ্যাপে লিখিতভাবেও জানতে চাওয়া হয়। কেউ জবাব দেননি। পরিবেশ মন্ত্রণালয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, তাঁরা এ বিষয়ে বক্তব্য দিতে চান না।

নামে কী আসে যায়? অনেক কিছু। প্রবাল প্রাচীর আর পাথুরে প্রাচীরের ওপর জন্মানো প্রবাল সম্প্রদায় ভিন্নভাবে সেরে ওঠে, তাদের ব্যবস্থাপনাও ভিন্ন। ভুল বাস্তুতন্ত্রের ধারণায় তৈরি পরিকল্পনা ভুল লক্ষ্য ঠিক করে, ভুল সূচক মাপে।

ভুল নাম টাকার হিসাবও বিকৃত করে। রানি ও সহলেখকদের ২০২০ সালের বহুল উদ্ধৃত হিসাবে দ্বীপের প্রবাল বাস্তুতন্ত্রের মূল্য বছরে ৩ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার। টমাসচিকের প্রকাশিত মন্তব্য বলছে, ইন্দোনেশিয়ার প্রবাল প্রাচীরের তথ্য এনে এমন এক প্রাচীরের মূল্য ধরা হয়েছে, যার অস্তিত্বই সেন্টমার্টিনে নেই। এ ব্যাপারে বক্তব্য চাওয়া হলেও গবেষণাপত্রের লেখকেরা সাড়া দেননি।

তবে টমাসচিক জোর দিয়ে বলেন, তাঁর সংশোধন দ্বীপের গুরুত্ব কমায় না। বরং উল্টো। ঘোলা, পলিভরা, মৌসুমি বায়ুতাড়িত পানিতে যে প্রবাল টিকে আছে, উষ্ণ হতে থাকা পৃথিবীতে প্রবাল কীভাবে বাঁচবে, তার সূত্র লুকিয়ে থাকতে পারে সেখানেই। এতে সেন্টমার্টিন বৈজ্ঞানিকভাবে “আরও মূল্যবান” হয়ে ওঠে।

তাঁর মতে আসল প্রশ্ন তাই এটা নয় যে বাংলাদেশে প্রবাল প্রাচীর আছে কি না। আসল প্রশ্ন হলো, এত প্রতিকূলতার মধ্যেও এখানে প্রবাল টিকে আছে কেন।

নাফ নদীর মোহনা থেকে আসা পলি আর ঢেউয়ে আবার ভেসে ওঠা পলিতে ঘোলা সেন্টমার্টিনের চারপাশের পানি
নাফ নদীর মোহনা থেকে আসা পলি আর ঢেউয়ে আবার ভেসে ওঠা পলিতে ঘোলা সেন্টমার্টিনের চারপাশের পানি। স্যাটেলাইট চিত্র: Copernicus Browser; সংগ্রহ: টমাস টমাসচিক

বেসলাইন ছাড়া গণনা

শুধু নাম নয়, দ্বীপে কী আছে, সেই তালিকাও খুব একটা পোক্ত নয়। প্রবাল প্রজাতির সংখ্যা নিয়েই আছে গরমিল।

১৯৯৭ সালে টমাসচিক ৬৬টি প্রাচীর গঠনকারী প্রজাতি নথিভুক্ত করেছিলেন। সংখ্যাটি তাঁর ভাষায় অস্থায়ী; এতে জীবিত ও জীবাশ্ম নমুনা আলাদা করা হয়নি। ২০১০ সালে পরিবেশ অধিদপ্তরের একটি প্রকাশনায় জীবিত প্রজাতি বলা হয়েছে ৩৯টি।

অন্য গবেষণাগুলোয় সংখ্যা ঘুরেছে নানা দিকে: ৪০ (২০০৮), ৪৩ (২০১৫), ৯৮ (২০২১), ৪৬ (২০২৩)। আর ২০২১ সালের এক গবেষণাপত্র বলছে, সংখ্যাটি ১৪১ থেকে নেমে এসেছে ৪১-এ।

প্রবাল প্রজাতির সংখ্যা নিয়ে গবেষণাগুলোর গরমিল
প্রবাল প্রজাতির সংখ্যা নিয়ে গবেষণাগুলোর গরমিল। গ্রাফিক: বাংলার পত্রিকা

এসব গণনা হয়েছে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন এলাকায়, ভিন্ন গভীরতায়। গণমাধ্যম প্রায়ই একটিকে আরেকটির তুলনায় “হ্রাস” দেখায়, যা বৈজ্ঞানিকভাবে ভুল। দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপের কোনো সর্বজনস্বীকৃত, হালনাগাদ বেসলাইন নেই।

বেসলাইনের এই ঘাটতি টমাসচিক নিজেও স্বীকার করেন। তাঁর মতে, তাঁর নিজের ১৯৯৭ সালের জরিপও যথেষ্ট নয়। তাতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল, কিন্তু প্রবালের জন্ম, বৃদ্ধি বা মৃত্যুহার মাপার মতো দীর্ঘমেয়াদি বেসলাইন ছিল না। ফলে “স্থানীয় প্রবাল স্থিতিশীল আছে, না কমছে, তা এখনো অস্পষ্ট।”

অর্থাৎ যে প্রশ্নের উত্তর সবাই জানেন বলে ধরে নিয়েছেন, তার উত্তর নিশ্চিত করে কেউ জানেন না।

অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরী অবশ্য মানেন, প্রবালের বৈচিত্র্য কমেছে। তবে যোগ করেন, কিছু প্রজাতি খারাপ পরিস্থিতিতেও টিকে থাকার সক্ষমতা অর্জন করছে। ১৯৯৮ সাল থেকে সেন্টমার্টিনে ডুব দেওয়া ডুবুরি মো. আসাদুজ্জামানও আশা ছাড়েননি: “প্রবাল আছে। আরও অনেক কিছু করা সম্ভব।”

৮০ শতাংশ নয়

প্রবাল থেকে এবার মাছে। সেখানেও একই চিত্র। বছরের পর বছর গণমাধ্যমে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে মাছের মজুত ৭৮ থেকে ৮০ শতাংশ কমেছে।

সংখ্যাটি কোথা থেকে এল? তথ্য অধিকার আইনে জানতে চাইলে সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট জানায়, উৎস এফএও-সমর্থিত ইএএফ-নানসেন জরিপ ২০২৫।

সেই হিসাব কেবল ছোট পেলাজিক (সাগরের ওপরের স্তরে ঝাঁক বেঁধে চলা) মাছের, যেমন সার্ডিন, চাপিলা, ফাইস্যা। ২০১৮ সালে মজুত ছিল ১ লাখ ৫৮ হাজার ১০০ টন, ২০২৫ সালে ৩৮ হাজার ৬১১ টন। হ্রাস ৭৫.৬ শতাংশ, একটি গোষ্ঠীর, সাত বছরে।

৮০ শতাংশ নয়, ৭৫.৬ শতাংশ, এবং শুধু ছোট পেলাজিক মাছের
৮০ শতাংশ নয়, ৭৫.৬ শতাংশ, এবং শুধু ছোট পেলাজিক মাছের। গ্রাফিক: বাংলার পত্রিকা

তবু এক গোষ্ঠীর মাছের এই পতনও উদ্বেগজনক। কিন্তু এর বাইরে সরকারি রেকর্ড আত্মবিশ্বাসের সঙ্গে খুব বেশি কিছু বলতে পারে না।

কেন পারে না, তা লেখা আছে সরকারি নথিতেই। এফএও ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে তৈরি মৎস্য অধিদপ্তরের ২০১৯ সালের মজুত মূল্যায়নে সতর্ক করা হয়েছে: “বিশ্লেষণের ফলাফল মজুতের ‘প্রকৃত’ পরিবর্তন, নাকি কেবল রেকর্ড রাখার পদ্ধতির পরিবর্তন, তা নির্ধারণ করা যায় না।”

প্রতিবেদনটি বলছে, ২০১১ সালে ট্রলারের তথ্য জমার নিয়ম কড়া হওয়ায় আহরণে অবাস্তব বৃদ্ধি দেখা গেছে। তাই “আহরণ হারে সাম্প্রতিক যে পতন দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে তা আরও অনেক খারাপ।” অর্থাৎ ২০১১ সালের পর কাগজে আহরণ হঠাৎ বেড়ে যাওয়ায় পরের পতনটা কম দেখায়।

চার বছর পর মৎস্য অধিদপ্তরের নথিতে উল্লেখ করা ২০২৩ সালের মূল্যায়ন এসেছে উল্টো সিদ্ধান্ত নিয়ে: “বেশির ভাগ মাছের প্রজাতি সম্ভবত অতি আহরিত নয়, তবে চিংড়ি হতে পারে।” এই সিদ্ধান্ত দাঁড়িয়ে আছে ২০১২ থেকে ২০১৮ সালের তথ্যের ওপর।

নিজের মৎস্য খাত নিয়ে রাষ্ট্রের রায় চার বছরের মধ্যে উল্টে গেছে।

তাহলে জেলেরা কেন বলছেন মাছ নেই? কারণ মোট আহরণ কমেনি, বেড়েছে। ১৯৮৩-৮৪ থেকে ২০২৩-২৪ অর্থবছরে মোট সামুদ্রিক আহরণ প্রায় চার গুণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৯ হাজার টনে। কারণ নৌযান বেড়েছে বহুগুণ: ২৩৭টি শিল্প ট্রলার আর ২৮ হাজার ৫৭৫টির বেশি ছোট নৌযান।

তাই প্রথম পর্বের জেলেরা যে পতনের কথা বলছেন, তা মোট উৎপাদনের নয়, প্রতি যাত্রায় আহরণের। ২০১৯ সালের প্রতিবেদন নৌবহরের বৃদ্ধি থামানোর সুপারিশ করেছিল। সেই সুপারিশ বাস্তবায়নের কোনো অগ্রগতি প্রতিবেদন প্রকাশ্যে নেই।

ট্রলারচালক মোহাম্মদ সালাম। পাঁচ বছর আগে দিনে ৩০ মণ মাছ উঠত, এখন ১০-২০ কেজি
ট্রলারচালক মোহাম্মদ সালাম। পাঁচ বছর আগে দিনে ৩০ মণ মাছ উঠত, এখন ১০-২০ কেজি। ছবি: জসিম উদ্দিন

রাষ্ট্র যখন নিজের সঙ্গেই একমত নয়

মাছের হিসাবে রাষ্ট্রের এই দোলাচল ব্যতিক্রম নয়। গবেষকদের সংখ্যা নড়বড়ে হলেও অন্তত রাষ্ট্রের নিজের সংখ্যাগুলো মিলবে, এমনটা আশা করা যায়। অথচ মেলে না।

দ্বীপসংলগ্ন সামুদ্রিক সংরক্ষিত এলাকার আয়তনই সরকারি নথিতে এক নয়। পরিবেশ অধিদপ্তরের ২০২৫ সালের ১৫ জুলাইয়ের নির্দেশনায় এটি ১,৭৪৩ বর্গকিলোমিটার, মৎস্য অধিদপ্তরের বর্ষগ্রন্থে ১,৭৩৮।

ফারাক পাঁচ বর্গকিলোমিটার, সংখ্যায় সামান্য। কিন্তু একটি ঘোষিত সংরক্ষিত এলাকার আয়তন দুই দপ্তর দুই রকম লিখলে প্রশ্ন ওঠে, পাহারা আর পর্যবেক্ষণ চলবে কোন সীমানা ধরে।

সীমানা জানতে গিয়েও মেলে আরেক বিভ্রান্তি। এলাকা ঘোষণার প্রজ্ঞাপন চাইলে পরিবেশ অধিদপ্তর জানায়, তারা “সংশ্লিষ্ট নয়”, যদিও ১,৭৪৩ বর্গকিলোমিটারের হিসাবটি এসেছে তাদেরই নির্দেশনা থেকে। পরে জানা যায়, প্রজ্ঞাপনটি ২০২২ সালের ৪ জানুয়ারি জারি করেছিল মন্ত্রণালয়ের বন শাখা-২।

জট এখানেই শেষ নয়। দ্বীপসংলগ্ন সমুদ্রে মৎস্য আইনে আলাদা করে ঘোষণা করা হয়েছে মাছের অভয়াশ্রম। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৮ মের গেজেটে সেই অভয়াশ্রমের আয়তন ৭৩৪.১৭ বর্গকিলোমিটার। অর্থাৎ একই সমুদ্রে দুই আইনে দুটি ঘোষণা আছে, আয়তনও আলাদা, কর্তৃপক্ষও আলাদা।

একই সমুদ্রে দুই ঘোষণা: সামুদ্রিক সংরক্ষিত এলাকা ও মাছের অভয়াশ্রম
একই সমুদ্রে দুই ঘোষণা: সামুদ্রিক সংরক্ষিত এলাকা ও মাছের অভয়াশ্রম। গ্রাফিক: বাংলার পত্রিকা

সমুদ্র ছেড়ে উপকূলে এলেও হিসাব মেলে না। শুঁটকি খাতেও একই ফারাক। সরকারি হিসাবে কক্সবাজার জেলায় শুঁটকি মহাল ৩১৪টি, শ্রমিক ৩,০৯৩ জন। ব্যবসায়ীদের হিসাবে মহাল ৬০০টির বেশি, আর শুধু নাজিরারটেকেই শ্রমিক প্রায় ২০ হাজার, যাঁদের বেশির ভাগ নারী।

সরকারি তালিকায় হয়তো কেবল লাইসেন্সধারী মহাল আর স্থায়ী শ্রমিক গোনা হয়েছে। কিন্তু যে শ্রমশক্তি রাষ্ট্রের খাতায় নেই, তার জন্য মজুরির কোনো নীতিও নেই।

ওপর থেকে নাজিরারটেক শুঁটকিপল্লি। ব্যবসায়ীদের হিসাবে এখানে শ্রমিক প্রায় ২০ হাজার
ওপর থেকে নাজিরারটেক শুঁটকিপল্লি। ব্যবসায়ীদের হিসাবে এখানে শ্রমিক প্রায় ২০ হাজার। ছবি: আজিম নিহাদ

সমুদ্রে ফিরলে দেখা যায় একই চিত্র। অম্লতার মাত্রা সংক্রান্ত তথ্য নিয়েও রাষ্ট্রের দুই কণ্ঠ। জাতিসংঘের এসডিজি ১৪.৩.১ সূচকে অম্লতার তথ্য জমা দেওয়া প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান বলেছেন, “বাংলাদেশ এখনো সেটা জমা দেয়নি।” অথচ বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে, তারা জাতিসংঘের এসডিজি ১৪.৩.১ পোর্টালে তথ্য জমা দিয়েছে; যদিও তা এমন যন্ত্রে মাপা, যেগুলো উন্নত করা দরকার বলে তাদের নিজের প্রতিবেদনেই লেখা।

নিখুঁত তথ্যের অপেক্ষা

এত ভুল আর গরমিলের পেছনে কি বিজ্ঞানের ঘাটতি? টমাসচিক তা মনে করেন না।

“সমস্যা বৈজ্ঞানিক গবেষণা, দক্ষতা বা এমনকি তথ্যের অভাব নয়,” লেখেন তিনি। “সমস্যা হলো চলমান গবেষণাকে পুঞ্জীভূত করার জন্য সময়, স্থান ও পদ্ধতির ধারাবাহিকতা বজায় রাখতে না পারা।”

আবার নিখুঁত সংখ্যার জন্য নীতি থেমে থাকুক, তা-ও তিনি চান না। তাঁর পরামর্শ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়, এনজিও আর দ্বীপবাসীদের সঙ্গে মিলে “এখনই সবচেয়ে যুক্তিসংগত বেসলাইন তৈরি করবে এবং ক্রমাগত তা উন্নত করবে।”

সেই বেসলাইনের প্রথম পাঠ হয়তো দ্বীপেই আছে। দ্বীপের মানুষ পরিকল্পনার পাতা উল্টে প্রবাল চেনেন না। তৈয়ব উল্লাহ জানেন, চারপাশে যা দেখেন, তা পাথর। ডুবুরি আসাদুজ্জামান জানেন, সেই পাথরের গায়েই এখনো প্রবাল আছে। দুজনের কথাই সত্য। এই দুই সত্য মিলিয়েই দাঁড়াতে পারত দ্বীপ রক্ষার পরিকল্পনা।

কিন্তু সরকারের খসড়ায় দাঁড়িয়েছে তৃতীয় এক গল্প: এমন এক প্রবাল প্রাচীর, যা দ্বীপের একমাত্র পূর্ণাঙ্গ জরিপে মেলেনি। সেই কাগুজে প্রাচীরের নাম পরিকল্পনায় এসেছে ৩০ বারের বেশি। পাথরের গায়ে টিকে থাকা আসল প্রবালের কোনো হালনাগাদ হিসাব সেখানে নেই। জেলেদের আহরণের হিসাবেও ভরসা ২০০১ সালের এক সরকারি নথি।

টমাসচিকের প্রশ্নটি তাই এখনো ঝুলে আছে: এত প্রতিকূলতার মধ্যেও এখানে প্রবাল টিকে আছে কেন? উত্তর খোঁজার আগেই যদি ভুল নামের পরিকল্পনা চূড়ান্ত হয়ে যায়, তবে প্রশ্নটি করারও আর সুযোগ থাকবে না।

আর যিনি উনত্রিশ বছর আগে দ্বীপটিকে রক্ষার সুপারিশ নিয়ে এসেছিলেন, দ্বীপের মানুষ এখনো তাঁকেই দোষ দিচ্ছেন।

তবু দ্বীপটিকে ভোলেননি টমাসচিক। কানাডায় বসে এখনো তিনি সেন্টমার্টিন নিয়ে প্রকাশিত প্রায় সব গবেষণা পড়েন, প্রশ্ন করলে জবাব দেন, কোনো পারিশ্রমিক ছাড়াই। তাঁর সতর্কবার্তা এখন সময় নিয়ে।

“নিখুঁত তথ্যের জন্য অপেক্ষা করাও একটি ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত,” মন্তব্য করেছেন টমাসচিক। “আর সেন্টমার্টিনে, প্রায় তিন দশক পর, সেটিই ক্রমশ বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হয়ে উঠছে।”

আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ১: সেন্টমার্টিনে চার ঘাতক, তিনটির হিসাব রাখে না কেউ


This story was produced as part of the Earth Journalism Network (EJN) fellowship on non-economic loss and damage (NELD).

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

অনুসন্ধান থেকে আরও