টিফিন না খেয়ে নবজাতকের জন্য গাছ কেনে ওরা

ঘরের ভেতরে তখনো নবজাতকের প্রথম কান্না।
উঠানের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে দশ বছরের রাশেক আহমেদ রাহিদ। এক হাতে সদ্য কেনা একটি নারিকেলের চারা, অন্য হাতে দুই কেজি মিষ্টির সাদা প্যাকেট। পেছনে স্কুলের পোশাক পরা আরও কয়েকটি খুদে মুখ।
ওরা এই পরিবারের আত্মীয় নয়। কোনো সংগঠনের কর্মী নয়, বিত্তবান কারও প্রতিনিধিও নয়।
ওরা এসেছে পৃথিবীতে সদ্য আসা একটি শিশুকে স্বাগত জানাতে।
খানিক পরে উঠানে কোদাল পড়ে। মাটিতে বসানো হয় চারাটি। প্রসূতি মায়ের মুখে মিষ্টি তুলে দিয়ে ছোট গলায় ওরা শোনায় তাদের আশার কথা: এই গাছ বড় হবে, ছায়া দেবে। আর এই ছোট্ট ভাই বা বোনটিও একদিন এই গাছের মতো বুক পেতে আগলে রাখবে সমাজটাকে।
ওরা রূপগঞ্জের নগরপাড়া ব্রাইট শিশু কানন স্কুলের শিক্ষার্থী। নিজেদের দলের নাম দিয়েছে “জোনাকী”।
চারাগাছ, মিষ্টি, সবকিছুর খরচ আসে একটি জায়গা থেকে। সেটা টিফিনের জমানো পাঁচ টাকা।
শীতলক্ষ্যার তীরঘেঁষা কায়েতপাড়া ইউনিয়নের প্রান্তিক গ্রাম নগরপাড়া। এখন এ গ্রামে কান পাতলেই শোনা যায় জোনাকীদের গল্প।
দলে আছে স্কুলের ২০ জন শিক্ষার্থী। মা-বাবা টিফিনের জন্য যে টাকা দেন, তা থেকে প্রতিদিন পাঁচ টাকা করে বাঁচায় তারা। সেই খুচরা কয়েন জমেই একটু একটু করে গড়ে উঠেছে তাদের ছোট্ট তহবিল।
কোনো গ্রামে নতুন শিশুর জন্মের খবর পেলেই ওরা আর দেরি করে না। চারা আর মিষ্টি নিয়ে সোজা চলে যায় সেই বাড়িতে।
গত এক বছরে নগরপাড়া, কায়েতপাড়া, বাগবাড়ী, দেইলপাড়া, খামারপাড়া ও তালাশকুর গ্রামে এভাবে ৩৫ নবজাতকের বাড়িতে গেছে জোনাকীরা। সেখানে রোপণ করা হয়েছে নারিকেল, সফেদাসহ ৩৫টি ফলদ ও বনজ গাছের চারা।
প্রতিটি শিশুর প্রথম হাসির সঙ্গে এখন জড়িয়ে আছে একটি করে গাছের শিকড়।
দলনেতা রাহিদের চোখে স্বপ্ন। সে বলে, “আমাদের বড় কোনো পুঁজি নেই, কোনো অনুদানও নেই। আমরা ভাবি, এই শিশুটি যখন বড় হবে, তখন তার জন্মের স্মৃতি হয়ে গাছটিও বেঁচে থাকবে। কোনো দিন সে বিপদে পড়লে বা একা হয়ে গেলে এই গাছই তাকে সাহস দেবে। ঘরে ঘরে গাছ লাগানোর এই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাই।”
একই স্বপ্ন দেখে দলের তাওহিদ ইসলাম, সৃজন চক্রবর্তী, মেহনাজ আক্তার রাত্রি ও নেহা আক্তার। তারা জানায়, এই কাজ থামবে না। তালিকায় আরও ১১ নবজাতকের নাম আছে। আগামী সপ্তাহেই তাদের বাড়িতে চারা পৌঁছে দেবে তারা।
জোনাকীদের পথচলা নতুন নয়। স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম জানান, দলটির যাত্রা শুরু ২০১৬ সালে। নবজাতকের জন্য গাছ দেওয়ার কাজ শুরু হয় ২০২৫ সালে।
এর আগেও বাল্যবিয়ে ঠেকানো, তালগাছ রোপণ, ডেঙ্গু সচেতনতা আর হাত ধোয়ার কর্মসূচিতে মাঠে নেমেছিল এই শিশুরা।
দলের প্রতিটি কাজে অভিভাবকের মতো পাশে থাকেন আশরাফুল ইসলাম। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “ওদের কেউ জোর করে এই কাজ শেখায়নি। ভেতরের টান থেকেই ওরা করছে। ওদের দেখে আমরা বড়রা মাঝেমধ্যে নিজেদের নিয়ে ভাবতে বসি। টিফিনের ওই পাঁচ টাকার কয়েনগুলোই আসলে আমাদের সমাজের সবচেয়ে দামি মুদ্রা।”
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ভাষায়, “চারদিকে যখন স্বার্থপরতার জয়জয়কার, তখন এই শিশুরা দেখিয়ে দিয়েছে মানুষের মন কতটা উর্বর হতে পারে। ওরা শুধু চারা লাগাচ্ছে না, মানুষের মনে আশার বীজও বুনে দিচ্ছে।”
স্কুলের পরিচালক রায়হানা সুলতানা বলেন, “চার দেয়ালের ভেতরে সিলেবাস পড়ানো হয়। কিন্তু জীবন আর মানবতার পাঠ শিখতে হয় মাঠে। এই শিক্ষার্থীরা প্রমাণ করেছে, বড় কিছু করতে টাকা লাগে না, লাগে বড় একটি মন।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার মনে করেন, প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে এমন মানবিকতা আর পরিবেশচেতনা সত্যিই বিরল। তাঁর মতে, টিফিনের টাকা বাঁচিয়ে সমাজের জন্য কাজ করার এই উদ্যোগ সারা দেশের প্রাথমিক শিক্ষার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
তবে এই গল্পের আসল সাক্ষী সেই পরিবারগুলো, যাদের উঠানে এখন জোনাকীদের দেওয়া চারা বড় হচ্ছে।
বাগবাড়ীর নবজাতক সায়মন ইসলামের বাবা জুয়েল মিয়া বলেন, “একটা স্কুলের বাচ্চারা টিফিনের টাকা জমিয়ে নবজাতকের জন্য গাছ দেয়, এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ ওদের বড় করুক।”
কায়েতপাড়ার নবজাতক কৃষ্ণ সরকারের বাবা অসীম সরকার হাসতে হাসতে বলেন, “জীবনে প্রথম দেখলাম, নতুন পোলাপান অইলে বাড়িতে আইসা নারকেল গাছ, ফল গাছ দিয়া যায়। এইটা আসলেই মহৎ গুণ।”
দেইলপাড়ার নবজাতক জোয়ামনির মা শারমিন বেগম আর বাবা জহির মিয়ার কণ্ঠে তখন আবেগ। তাঁরা বলেন, “সমাজে কত টাকাওয়ালা মানুষ আছে, তারা তো কোনো দিন এমন চিন্তা করেনি। অথচ এই বাচ্চারা টিফিনের টাকায় এত বড় কাজ করছে।”
উঠানের কোণে বেড়ে ওঠা চারার দিকে তাকিয়ে জহির মিয়া বলেন, “গাছ দুটো যত্ন করে রাখছি। এই গাছই আমার সন্তানের ভবিষ্যৎ।”





আপনার মতামত লিখুন