খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৩

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই সম্মিলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তাঁর মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।

শিক্ষা খাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে, তবে সেগুলোর বাস্তবায়নে অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে। আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি ইংরেজির সঙ্গে আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ, ক্যারিয়ার কাউন্সেলিং ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

কলেজভিত্তিক শিক্ষকসংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এ ছাড়া কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ এবং আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শীর্ষক একটি অ্যাপের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অ্যাপটিতে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি সতর্কতা, নিত্যপণ্যের দর, যাতায়াত ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তার তথ্য তুলে ধরা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হোসাইন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সমালোচক মানেই প্রতিপক্ষ নয়, বিতর্কের মূল্যবোধ জাতীয় জীবনেও জরুরি: টিআইবি

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

জাতীয় থেকে আরও