পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়তে মিরসরাইয়ে চীনা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ

মাটিতে লবণাক্ততার কারণে গাছ রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জিং হলেও পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়তে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ ধাপে ধাপে এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে চীনা প্রতিষ্ঠান খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেড।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব।
অনুষ্ঠানে আব্দুল্লাহ আল মাহবুব বলেন, খাইশি লিনজেরির এই উদ্যোগ সময়োপযোগী। সরকারিভাবেও সেখানে কিছু গাছ রোপণ করা হয়েছে। তবে মাটিতে লবণাক্ততার কারণে গাছ রক্ষণাবেক্ষণ কিছুটা চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে স্বাগত জানান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কারখানার কর্মপরিবেশ আরও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিয়াও হংশি বলেন, তাঁদের বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ একটি। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স মাহমুদ আলম সিদ্দীকি বলেন, খাইশি লিনজেরি বাংলাদেশ কেবল উৎপাদনশীলতায় নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা পালনেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে তাঁরা ধাপে ধাপে এক হাজার গাছ রোপণ করবেন।
কর্মসূচিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়সার রহমান, কাউন্সিলর কালাচাঁদ সমাদ্দার ও জামান উল্ল্যাহসহ বেপজা এবং খাইশি লিনজেরি বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩





আপনার মতামত লিখুন